২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জিম্বাবুয়ে ও কেনিয়ার মেলে ধরার ম্যাচ

যদিও শুধু নিয়ম রক্ষার ম্যাচ। তারপরও জিম্বাবুয়ে ও কেনিয়া, উভয় দলের কাছে এটি তা নয়। বরং নিজেদের মেলে ধরতে মাঠে নামবে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2011, 10:37 AM

Updated : 24 Aug 2022, 02:43 PM

ঢাকা, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - যদিও শুধু নিয়ম রক্ষার ম্যাচ। তারপরও জিম্বাবুয়ে ও কেনিয়া, উভয় দলের কাছে এটি তা নয়। বরং নিজেদের মেলে ধরতে মাঠে নামবে তারা। কলকাতার ইডেন গার্ডেনে রোববার খেলা শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১০ টায়। বিশ্বকাপ ক্রিকেটের 'এ' গ্র"পে জিম্বাবুয়ে প্রথম খেলায় অস্ট্রেলিয়ার কাছে হারে ৯১ রানে। পরের খেলায় কানাডার বিপক্ষে জেতে ১৭৫ রানে। তৃতীয় খেলায় নিউজিল্যান্ডের কাছে ১০ উইকেটে, পরের খেলায় শ্রীলঙ্কার কাছে ১৩৯ রানে ও পঞ্চম খেলায় পাকিস্তানের কাছে হারে ৭ উইকেটে। প্রতিপক্ষ কেনিয়া নিজেদের প্রথম খেলায় নিউজিল্যান্ডের কাছে হারে ১০ উইকেটে। পরের খেলায় পাকিস্তানের কাছে ২০৫ রানে, তৃতীয় খেলায় শ্রীলঙ্কার কাছে ৯ উইকেটে, পরের খেলায় কানাডার কাছে ৫ উইকেটে ও পঞ্চম খেলায় অস্ট্রেলিয়ার কাছে হার মানে ৬০ রানে। এ পর্যন্ত মোট ৩১ বার খেলেছে জিম্বাবুয়ে ও কেনিয়া। এর মধ্যে ২৪ বার জিতেছে জিম্বাবুয়ে। কেনিয়ার ৫ বার। ফল আসেনি ২ খেলায়। ৫ খেলায় ২ পয়েন্ট নিয়ে জিম্বাবুয়ে আছে তালিকার পঞ্চমে। ৫ খেলায় পয়েন্ট শূন্য কেনিয়া রয়েছে ৭ নম্বরে। এ পর্যন্ত সামর্থ্য অনুযায়ী, খেলতে পারেননি কেনিয়ার ক্রিকেটাররা। তবে অনুজ্জ্বল ব্যাটিংয়েও আলো ছড়িয়েছেন কলিন্স ওবুয়া (২৪২) ও তন্ময় মিশ্র (১২৯)। এছাড়া আর কেউ বিশ্ব্কাপে সব মিলিয়ে এক শ' রানও করতে পারেননি। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে যেভাবে উপরের সারির ব্যাটসম্যানরা ব্যাট করেছেন তাতে জিম্বাবুয়ের বিপক্ষে লড়াইয়ের আভাস মিলেছে। অস্ট্রেলিয়ার কাছে ৬০ রানে হারলেও লড়াই করেছে দলটি। নেমিয়াহ ওদিয়াম্বো কেনিয়ার সবচেয়ে সফল বোলার। ৫ খেলায় উইকেট নেন ৫টি। এছাড়া ৩টি করে উইকেট নেন টমাস ওদোয়ো, এলিজাহ ওদিয়াম্বো ও জিমি কামান্দে। অন্যদিকে জিম্বাবুয়ের স্পিনাররা বেশ ভালো বল করছেন। রে প্রাইস (৭ উইকেট), প্রসপার উৎসেয়া (৫ উইকেট) ও গ্রায়েম ক্রিমার (৪ উইকেট) কেনিয়াকে চেপে ধরতে সক্ষম। উইকেট নিচ্ছেন পেসার ক্রিস্টোফার এমপোফুও (৬ উইকেট)। ব্যাটসম্যানরাও বিশ্বকাপে দ্বিতীয় জয়ের স্বপ্ন দেখাচ্ছেন অধিনায়ক এলটন চিগুম্বুরাকে। ক্রেগ ইরভিন (১৬৫), ব্রেন্ডন টেলর (১৪৪), তাতেন্দা তাইবু (১৩৬) ও প্রসপার উৎসেয়া (১০৪) রানের মধ্যেই আছেন। ব্যাটসম্যানরা যেদিন রান পাচ্ছেন না সেদিন দাঁড়িয়ে যাচ্ছেন বোলাররা। জিম্বাবুয়ের কাছে কেনিয়ার হারানোর কিছু নেই। তাই গ্র"পে নিজেদের শেষ খেলায় জেতার জন্য মরিয়া হয়ে মাঠে নামবে কেনিয়া। তবে প্রস্তুত জিম্বাবুয়েও। চেনা প্রতিপক্ষকে হারানোর পথ তাদের ভালোভাবেই জানা আছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/১৬২০ ঘ.