ঢাকা, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দক্ষিণ আফ্রিকার কাছে অসহায় আত্মসমর্পণ করেছে বাংলাদেশ। হার মেনেছে ২০৬ রানের বড় ব্যবধানে। তাই কোয়ার্টার ফাইনালে ওঠার সম্ভাবনা এখন অসম্ভব স্বপ্ন হয়ে দাঁড়িয়েছে।
দক্ষিণ আফ্রিকা জেতায় ভারত ও ইংল্যান্ড কোয়ার্টার ফাইনালে উঠে গেছে। চতুর্থ দল হিসেবে ওয়েস্ট ইন্ডিজেরও কোয়ার্টার ফাইনাল প্রায় নিশ্চিত। ৫ খেলায় বাংলাদেশের সমান ৬ পয়েন্ট হলেও নিট রান রেটে অনেক এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ।
এ অবস্থায় শেষ আটে বাংলাদেশকে দেখতে চাইলে ভারতের কাছে ওয়েস্ট ইন্ডিজকে হারতে হবে এতটাই বিশাল ব্যবধানে, যা প্রায় অসম্ভব।
ওয়েস্ট ইন্ডিজের নিট রান রেট ১.৬৫০। বাংলাদেশের -১.৩৬১।
দক্ষিণ আফ্রিকা ৬ খেলায় ১০ পয়েন্ট নিয়ে উঠে গেল 'বি' গ্র"পের শীর্ষে। সমান খেলায় ৬ পয়েন্ট নিয়ে বাংলাদেশ রয়েছে পঞ্চমে। এর আগে গ্র"পের প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে দক্ষিণ আফ্রিকা।
শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে জ্যাক ক্যলিস, হাশিম আমলা ও ফাফ প্লেসিসের অর্ধশতকের সুবাদে ৮ উইকেটে ২৮৪ রান করে দক্ষিণ আফ্রিকা। রান তাড়া করতে গিয়ে ২৮ ওভারে ৭৮ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ।
এটি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের সর্বনিু রান। এর আগে ২০০৪ সালে বার্মিংহামে দলটির বিপক্ষে ৯৩ রান করে বাংলাদেশ।
এটি বিশ্বকাপে বাংলাদেশের দ্বিতীয় সর্বনিু রান। এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫৮ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।
রানের দিক থেকে এটাই বিশ্বকাপে বাংলাদেশের সবচেয়ে বড় হার। ২০০৭ সালের বিশ্বকাপে শ্রীলঙ্কার কাছে ১৯৮ রানে হারে বাংলাদেশ।
দক্ষিণ আফ্রিকার ব্যাটিংয়ে ছিল পেশাদারিত্বের ছাপ। তারা তাদের ইনিংস গড়ে তুলেছে ক্রিকেটের মৌলিক কৌশল মেনে। ৪২ ওভার পর্যন্ত দলটি খেলে উইকেট বাঁচিয়ে রেখে। সেই সঙ্গে ৩ উইকেটে ২০১ রান তুলে বড় ইনিংস গড়ে তোলার পথ সুগম করে। এরই হাত ধরে পরের ৮ ওভারে দক্ষিণ আফ্রিকা ৫ উইকেটে করে ৮৩ রান।
পক্ষান্তরে ইনিংস গড়ে তোলা তো দূরের কথা, বাংলাদেশের ব্যাটসম্যানদের খেলায় ক্রিকেটের মৌলিক কলা-কৌশলের অভাব স্পষ্ট হয়ে ওঠে। পায়ের কাজ (ফুট-ওয়ার্ক) কিংবা বলের লাইনে না গিয়ে খেলা এবং যথার্থ ব্যাটের সুইংয়ের অভাব ফুটে ওঠে দৃষ্টিকটুভাবে। ফলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও খেসারত দিতে হলো বাংলাদেশকে। এর আগে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।
তাই যা হবার তাই হলো। রান তাড়া করতে মাঠে নেমেই শুরু হলো ব্যাটসম্যানদের উইকেটে যাওয়া ও আসার পালা।
দলীয় ১৪ রানের মাথায় প্রথমেই সাজঘরে ফিরে যান তামিম ইকবাল। এরপর ৭৮ রানের মধ্যে সবাই। দুই অঙ্কের ঘরে পা রাখতে পারেননি কোনো ব্যাটসম্যান। কেবল অধিনায়ক সাকিব আল হাসান ছাড়া। ক্রিকেটের ব্যকরণ মেনে খেলেছেন শুধু তিনিই। তাই রানও পেয়েছেন। ৪৯ বলে চারটি চারের সাহায্যে করেন ৩০। এর মধ্যে তার 'স্ট্রেইট ড্রাইভ'টা ছিল সত্যিই দেখার মতো।
দক্ষিণ আফ্রিকার পক্ষে রবিন পিটারসন ৪ উইকেট নেন ১২ রানে। ম্যাচ সেরা লনওয়াবো সোটসোবে ৩ উইকেট নেন ১৪ রানে।
প্রথমে ব্যাট করতে নেমে ৯৮ রানের চমৎকার একটি ভিত্তি গড়ে দেন দুই উদ্বোধনী ব্যাটসম্যান আমলা ও অধিনায়ক গ্রায়েম স্মিথ। ২১তম ওভারে মাহমুদুল্লাহ রিয়াদের বলে উইকেটের পেছনে মুশফিকুর রহীমের হাতে ধরা পড়ার আগে স্মিথ করেন ৪৫। তিনি তার ৬৮ বলের ইনিংসটি সাজান ৪টি চার দিয়ে।
অর্ধশতকে (৫১) পৌঁছেই অধিনায়কের পথ ধরেন আমলা (৫১)। দলের রান তখন ১০৭। বিশ্বকাপে এটি আমলার দ্বিতীয় অর্ধশতক। একদিনের ক্রিকেটে ১৪তম। তার ৬৯ বলের ইনিংসে চার রয়েছে ৬টি।
এরপর দলকে টেনে নিয়ে যেতে থাকেন ক্যালিস ও প্লেসিস। চতুর্থ উইকেট জুটিতে দলের সঙ্গে যোগ করেন তারা ৮২। ব্যাটিং 'পাওয়ার প্লে'র প্রথম ওভারে (৪৪ ওভার ৩ বলে) সাকিবের হাতে ফিরতি ক্যাচ দিয়ে বিদায় নেন ক্যালিস। ৭৬ বলে ৬৯ রান করেন তিনি। চার মারেন ৫টি ও ছক্কা একটি। এটি বিশ্বকাপে তার নবম অর্ধশতক। একদিনের ক্রিকেটে ৮২তম।
ক্যালিস বিদায় নিলেও থেমে যায়নি দক্ষিণ আফ্রিকার পথ চলা। বরং রানের যে ঝড় তোলা তারা শুরু করেছিলেন তার মাত্রা আরো বাড়িয়ে দেন বাকি ব্যাটসম্যানরা। যদিও নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দক্ষিণ আফ্রিকা।
দলীয় ২৪৯ রানের মাথায় ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে বিদায় নেয়ার আগে প্লেসিস করেন ৫২। তার ৫২ বলের ইনিংসে চারটি চার ও একটি ছক্কা রয়েছে। এটি বিশ্বকাপে তার প্রথম অর্ধশতক। একদিনের ক্রিকেটে দ্বিতীয়।
শেষ পর্যন্ত ২২ রানে অপরাজিত থাকেন পিটারসন।
বাংলাদেশের বোলারদের মধ্যে রুবেল হোসেন ৩ উইকেট নেন ৫৬ রানে। ৪৬ রানে ২ উইকেট নেন সাকিব।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/২০০৫ ঘ.
bdnews24