ঢাকা, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শ্রীলঙ্কার স্পিন আক্রমণ যে খুবই শক্তিশালী তা হাড়ে হাড়ে টের পেয়েছে নিউজিল্যান্ড ব্যাটসম্যানরা। মুত্তিয়া মুরালিধরন ও অজন্তা মেন্ডিসকে সামলাতে খুবই বেগ পেতে হয়েছে তাদের। তাইতো শুকনো পাতার মতো ঝরে পড়েছে তাদের উইকেটগুলো।
মুরালিধরন একাই ঝড় বইয়ে দিয়েছেন নিউজিল্যান্ড ব্যাটিংয়ের ওপর দিয়ে। তিনি ৪ উইকেট নিয়েছেন। মেন্ডিসও কম যাননি, তিনি নিয়েছেন ২ উইকেট।
তাই শ্রীলঙ্কার ২৬৫ রানও এক সময় পাহাড়সম স্কোর হয়ে যায়। আসলে শ্রীলঙ্কার বোলিং আক্রমণের বিপক্ষে যে কোনো টপ ফেভারিট দলের পক্ষেই খেলা কঠিন। নিউজিল্যান্ড ব্যাটসম্যানরাও পারেনি তা।
শ্রীলঙ্কার ব্যাটিং লাইনও খুবই শক্তিশালী। তার প্রমাণ কুমার সঙ্গাকারার সেঞ্চুরি গড়া। দলের চরম ব্যাটিং বিপর্যয়ের মুহূর্তে তিনি যেভাবে দলকে সম্মানজনক স্কোরের পথে নিয়ে গেছেন তা এক কথায় অসাধারণ। মাহেলা জয়াবর্ধনে ও অ্যাঞ্জেলো ম্যাথিউস তাকে যোগ্য সহায়তা দিয়েছেন।
তবে শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা এদিন পুরোপুরিভাবে সফল হননি। অধিকাংশ ব্যাটসম্যান সাঝঘরে ফিরে গেছেন দু'অঙ্কের কোটায় পৌঁছার আগে।
তাই সব মিলিয়ে বলা যায় বোলারদের কল্যাণেই শ্রীলঙ্কা এ ম্যাচে জয় পেয়েছে। বোলাররা যদি সফল না হতেন, তাহলে অসম্ভবই হতো জয় পাওয়া।
আয়ারল্যান্ড-নেদারল্যান্ডস ম্যাচ
বোলিংয়ে খুব একটা ভালো করতে না পারলেও ব্যাটসম্যানরা বুঝিয়ে দিয়েছে আয়ারল্যান্ড এবারের বিশ্বকাপে চমক দেখাতেই এসেছে। ইংল্যান্ডের পর এবার নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচেও তিন শতকের বেশি স্কোর টপকে তারা নিজেদের শক্তিমত্তাটাও ভালোভাবে জানান দিয়েছে।
আমার আগে থেকেই বিশ্বাস ছিল নেদারল্যান্ডসের বিপক্ষে আয়ারল্যান্ড এগিয়ে থাকবে। তারা এখন পর্যন্ত প্রতিটি ম্যাচেই লড়াকু ক্রিকেট খেলেছে। এদিনও তার প্রমাণ দিয়েছে তারা।
পল স্টারলিং ও নিল ও'ব্রায়ান, উইলিয়াম পর্টারফিল্ড প্রত্যেকে কিভাবে ঠাণ্ডা মাথায় ব্যাট করে দলকে জয়ের লক্ষ্যে পৌঁঁছে দিয়েছেন তা এক কথায় অসাধারণ। আসলে এদিন আয়ারর্যান্ডের প্রত্যেক ব্যাটসম্যানই ভালো খেলেছেন।
তাই বলে নেদারল্যান্ডসকে পিছিয়ে রাখা যাবে না। রায়ান টেন ডয়েশ্চের শতরান ও অধিনায়ক পিটার বোরেনের ব্যাটিং দৃঢ়তায় প্রতিপক্ষকে যে তিন শতকের টার্গেট ছুড়ে দিয়েছে তাই বা কম কিসে।
তাই ছোট দু'দলের ম্যাচ হলেও ম্যাচটি মোটামুটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/ডিডি/এইচএ/২৩৩২ ঘ.
bdnews24