২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের সামনে শক্ত প্রতিপক্ষ

কোয়ার্টার ফাইনালে ওঠার জন্য দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জিততেই হবে বাংলাদেশকে। তবে তা সহজ হবে না। নিঃসন্দেহে দক্ষিণ আফ্রিকা অত্যন্ত শক্ত প্রতিপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2011, 10:32 AM

Updated : 24 Aug 2022, 02:42 PM

ঢাকা, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কোয়ার্টার ফাইনালে ওঠার জন্য দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জিততেই হবে বাংলাদেশকে। তবে তা সহজ হবে না। নিঃসন্দেহে দক্ষিণ আফ্রিকা অত্যন্ত শক্ত প্রতিপক্ষ। অবশ্য হারলেও একটি সুযোগ আছে। ভারতের কাছে ওয়েস্ট ইন্ডিজকে হারতে হবে বিশাল ব্যবধানে, যাতে নিট রান রেটে এগিয়ে যায় বাংলাদেশ। বর্তমানে ওয়েস্ট ইন্ডিজের ১.৬৫০ রান রেটের বিপরীতে বাংলাদেশের রান রেট -০.৭৬৫। বিশ্বকাপ ক্রিকেটের ৩৯ তম খেলাটি শুরু হবে রাজধানীর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯ টায়। প্রতিযোগিতায় নিজেদের প্রথম খেলায় বাংলাদেশ ভারতের কাছে হারে ৮৭ রানে। পরের খেলায় আয়ারল্যান্ডের বিপক্ষে জেতে ২৭ রানে। তৃতীয় খেলায় ওয়েস্ট ইন্ডিজের কাছে হারে ৯ উইকেটে। পরের খেলায় ইংল্যান্ডের বিপক্ষে জেতে ২ উইকেটে। পঞ্চম খেলায় নেদারল্যান্ডসকে হারায় ৬ উইকেটে। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা নিজেদের প্রথম খেলায় ৭ উইকেটে জেতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। পরের খেলায় নেদারল্যান্ডসকে হারায় ২৩১ রানে। তৃতীয় খেলায় ইংল্যান্ডের কাছে হারে ৬ রানে। পরের খেলায় ভারতকে হারায় ৩ উইকেটে। পঞ্চম খেলায় আয়ারল্যান্ডকে হারায় ১৩১ রানে। ৫ খেলায় ৮ পয়েন্ট নিয়ে 'বি' গ্র"পের শীর্ষ দল দক্ষিণ আফ্রিকা এরই মধ্যে উঠে গেছে কোয়ার্টার ফাইনালে। সমান খেলায় ৬ পয়েন্ট নিয়ে বাংলাদেশ আছে পঞ্চমে। এ পর্যন্ত মোট ১৩ বার খেলেছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। এর মধ্যে দক্ষিণ আফ্রিকা জিতেছে ১২ বার। বাংলাদেশ ১ বার। কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে নামার আগে বাংলাদেশ দলকে আত্মবিশ্বাসী করে তুলতে পারে ২০০৭ সালের বিশ্বকাপের খেলাটি, যে খেলায় জিতেছিল বাংলাদেশ। সুপার এইটের ওই খেলায় মোহাম্মদ আশরাফুলের ৮৭ রানের সুবাদে ৮ উইকেটে ২৫১ রান করে বাংলাদেশ। রান তাড়া করতে গিয়ে তিন স্পিনার আব্দুর রাজ্জাক, মোহাম্মদ রফিক ও সাকিব আল হাসানের বোলিংয়ের মুখে ১৮৪ রানে থেমে যায় দক্ষিণ আফ্রিকার পালা। ৬৭ রানের ওই জয়ের অন্যতম নায়ক রাজ্জাক এখনো বাংলাদেশ দলের প্রধান অস্ত্র। আর সাকিব তো দলের অধিনায়ক। সেই সঙ্গে আরো অনেক পরিণত হয়ে উঠেছেন তিনি। দু'জনই বিশ্বকাপে দারুণ খেলছেন। ৬টি করে উইকেট নিয়ে দলের তিন জয়ে রেখেছেন গুরুত্বপূর্ণ আবদান। ভালো বল করছেন শফিউল ইসলামও। তিনিও নিয়েছেন ৬টি উইকেট। এছাড়া মাহমুদুল্লাহ রিয়াদ, নাঈম ইসলাম, সোহরাওয়ার্দী শুভ ও রুবেল হোসেনও ভালো বল করছেন । বাংলাদেশের বোলিংয়ের মতো আলো ছড়াতে পারেনি ব্যাটিং। উদ্বোধনী দুই ব্যাটসম্যানই কেবল বলার মতো রান করেছেন। ইমরুল কায়েস ধারাবাহিকভাবেই রান পাচ্ছেন। এ পর্যন্ত রান করেছে ১৮৪। শেষ দুই খেলায় হন ম্যাচ সেরা। রান পাচ্ছেন তামিম ইকবালও (১৫২)। যদিও শেষ তিন খেলার দু'টিতেই ফিরেছেন শূন্য রানে। এছাড়া আর কোনো ব্যাটসম্যান সেভাবে রানের মধ্যে নেই। জুনায়েদ শুরু করেও নিজের ইনিংস বড় করতে পারছেন না। রান নেই সাকিব আল হাসান ও মুশফিকুর রহীমের ব্যাটেও। দলের অধিকাংশ ব্যাটসম্যান রান না পাওয়ায় বোলারদের জন্য কাজটা অনেক কঠিন হয়ে পড়ছে। বাংলাদেশের দুর্বলতার এই জায়গাতেই অনেক এগিয়ে দক্ষিণ আফ্রিকা। শুধু তাই নয়, বলা চলে দলটির সবচেয়ে বড় শক্তিও এখানে। রানে আছে দলের প্রায় সব ব্যাটসম্যান। হাশিম আমলা, গ্রায়েম স্মিথ ও জ্যাক ক্যালিস বড় ইনিংস না খেললেও প্রতি খেলায় কম-বেশি রান করছেন। যে কোন সময় বড় ইনিংস খেলতে পারেন তারা। 'ফর্ম'র যেন তুঙ্গে আছেন এবি ডি ভিলিয়ার্স। এ পর্যন্ত রান করেছেন ৩১৮। ভালো খেলছেন জেপি ডুমিনিও। দলের ব্যাটসম্যানদের মতো ছন্দে আছেন বোলাররাও। ইমরান তাহির (১১ উইকেট) ও রবিন পিটারসন (১০ উইকেট) খুবই ভালো বল করছেন। স্পিন-সহায়ক উইকেট হলেও পিছিয়ে নেই ডেল স্টেইনও। এ পর্যন্ত নিয়েছেন ১০ উইকেট। প্রতিপক্ষের শক্তি ও দুর্বলতা অনুযায়ী, প্রতি খেলাতেই বদলে যাচ্ছে দক্ষিণ আফ্রিকার কৌশল। দলটির পরিকল্পনা এ পর্যন্ত বলা চলে সফলই হয়েছে। দক্ষিণ আফ্রিকার ওই পরিকল্পনা ভাঙতে বাংলাদেশকে খেলতে হবে নিজের খেলাটিই। বিশ্বকাপ শুরুর আগে বাংলাদেশের অধিনায়ক সাকিব বলেছিলেন, তাদের লক্ষ্য ভারত ও দক্ষিণ আফ্রিকা। ভারত ফস্কে গেছে। তবে দক্ষিণ আফ্রিকাকে ধরে ফেলার সুযোগ এখনো আছে। স্বপ্ন পূরণের ওই লক্ষ্যে পৌঁছাতে সামর্থ্যরে সবটুকু দিয়ে লড়াই করার প্রতিশ্র"তি দিচ্ছে বাংলাদেশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/১৫৫৩ ঘ.