২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্টারলিংয়ের শতকে আয়ারল্যান্ডের সহজ জয়

পল স্টারলিংয়ের শতকের সুবাদে নেদারল্যান্ডসকে ৬ উইকেটে হারিয়েছে আয়ারল্যান্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2011, 04:21 AM

Updated : 24 Aug 2022, 02:43 PM

ঢাকা, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পল স্টারলিংয়ের শতকের সুবাদে নেদারল্যান্ডসকে ৬ উইকেটে হারিয়েছে আয়ারল্যান্ড। কলকাতার ইডেন গার্ডেনে টস জিতে নেদারল্যান্ডসকে ব্যাট করতে পাঠান আয়ারল্যান্ডের অধিনায়ক উইলিয়াম পর্টারফিল্ড। ব্যাট করতে নেমে রায়ান ডয়েসকেটের শতকের সুবাদে ৩০৬ রান করে নেদারল্যান্ডস। জবাবে ব্যাট করতে নেমে ৪৭ ওভার ৪ বলে ৪ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্য রানে ৩০৭ পৌঁছে যায় আয়ারল্যান্ড। বিশ্বকাপে এটি আয়ারল্যান্ডের দ্বিতীয় জয়। এর আগে ইংল্যান্ডকে ৩ উইকেটে হারায় তারা। অন্যদিকে নেদারল্যান্ডস হেরেছে বিশ্বকাপের ৬ খেলার সবকটিতেই। ৩০৭ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে পর্টারফিল্ড ও স্টারলিংয়ের দৃঢ়তায় প্রথম থেকেই নেদারল্যান্ডসের চেয়ে এগিয়ে থাকে আয়ারল্যান্ড। ২৭ তম ওভারের শেষ বলে পর্টারফিল্ডকে (৬৮) ফিরিয়ে দিয়ে ১৭৭ রানের উদ্বোধনী জুটি ভাঙ্গেন টম কুপার। পর্টারফিল্ড তার ৯৩ বলের ইনিংসটি সাজান ১০টি চার দিয়ে। এটি বিশ্বকাপে তার তৃতীয় অর্ধশতক। একদিনের ক্রিকেটে ষষ্ঠ। ২ রান পর অধিনায়ককে অনুসরণ করেন স্টারলিং (১০১)। এটি বিশ্বকাপে তার প্রথম শতক। একদিনের ক্রিকেটে দ্বিতীয়। স্টারলিং তার ৭২ বলের ইনিংসে ১৪টি চার ও ২টি ছক্কা হাঁকান। ২ রানের ব্যবধানে পর্টারফিল্ড ও স্টারলিং ফিরে গেলে হঠাৎ করেই চাপে পড়ে যায় আয়ারল্যান্ড। তবে উদ্বোধনী জুটি শক্ত ভীত গড়ে দেয়ায় খুব একটা বেগ পেতে হয়নি। তৃতীয় উইকেটে এড জয়েস ও নিল ও'ব্র্রায়েন ৫৪ রানের জুটি গড়ে ধাক্কা সামলান। দলীয় ২৩৩ রানে জয়েস (২৮) কুপারের দ্বিতীয় শিকারে পরিণত হলে ভাঙ্গে জুটি। চতুর্থ উইকেটে গ্যারি উইলসন ও নিল ৪৬ রানের জুটি গড়ে জয়কে পরিণত করেন সময়ের ব্যাপারে। ডয়েসকেটের বলে আতসে বুরম্যানের হাতে ধরা পড়ে উইলসন (২৭) বিদায় নিলে ভাঙ্গে এ জুটি। দলের রান তখন ২৭৯। তখনও অবিচল নিল। পঞ্চম উইকেটে জুটিতে নিল ও কেভিন ও'ব্রায়েন ২৮ রান যোগ করে দলকে ৬ উইকেটের সহজ জয় এনে দেন। হাতে ছিলো ১৪ বল। শেষ পর্যন্ত নিল ৫৭ ও কেভিন ১৫ রানে অপরাজিত ছিলেন। এটি বিশ্বকাপে নিলের তৃতীয় অর্ধশতক। একদিনের ক্রিকেটে অষ্টম। ৫৮ বলের ইনিংসে চার মারেন ৭টি। নেদারল্যান্ডসের পক্ষে কুপার ২ উইকেট নেন ৩১ রানে। এর আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি নেদারল্যান্ডসের। ৩ ওভারের মধ্যে হারায় এরিক সোয়াজিনিস্কি (১) ও কুপারকে (৫)। তবে দলের চার নম্বর ব্যাটসম্যান ডয়েসকেট মাঠে নামার পর পরিস্থিতি পাল্টে যেতে থাকে। তৃতীয় উইকেট জুটিতে আলেক্স কারভেজি ও ডয়েসকেট ৪০ রানের জুটি গড়েন। জন মুনির বলে কেভিনের হাতে ক্যাচ দিয়ে কারভেজি (১২) সাজঘরের পথ ধরলে ভাঙ্গে এ জুটি। চতুর্থ উইকেট জুটিতে ওয়েসলি বারেসি ও ডয়েসকেট গড়েন ৬০ রানের জুটি। দলীয় ১১৩ রানে পল স্টারলিংয়ের বলে বারেসি (৪৪) এলবিডব্লিউ হলে ভাঙ্গে এ জুটি। বারেসি তার ৪৯ বলের ইনিংসটি সাজান ৪টি চার ও ২টি ছয়ের সাহায্যে। পঞ্চম উইকেটে অধিনায়ক পিটার বোরেন ও ডয়েসকেট ১২১ রানে জুটি গড়ে দলকে ভালো অবস্থানে নিয়ে আসেন। শতকে পৌঁছার পরেই ডয়েসকেট স্টারলিংয়ের বলে মুনির হাতে ধরা পড়লে ভাঙ্গে এ জুটি। ডয়েসকেট (১০৬) সাজঘরে ফেরার সময় নেদারল্যান্ডসের রান ২৩৪। বিশ্বকাপে এটি ডয়েসকেটের দ্বিতীয় শতক। একদিনের ক্রিকেটে পঞ্চম। তিনি তার ১০৮ বলের ইনিংসটি সাজান ১৩টি চার ও ১টি ছক্কা দিয়ে। এর আগে ইংল্যান্ডের বিপক্ষে শতক পান তিনি। পঞ্চম ব্যাটসম্যান হিসেবে ডয়েসকেট সাজঘরে ফিরলেও রানের চাকা থেমে থাকেনি নেদারল্যান্ডসের। ষষ্ঠ উইকেটে জুটিতে বোরেন ও বুরম্যান ৫৩ রান যোগ দলকে বড় স্কোরের দিকে নিয়ে যান। মুনির বলে পর্টারফিল্ডের হাতে ধরা পড়ে বিদায় নেয়ার আগে বোরেন করেন ৮৪ রান। দলের রান তখন ২৮৭। তার ৮২ বলের ইনিংসে চার রয়েছে ১০টি। এটি বিশ্বকাপে তার প্রথম অর্ধশতক। একদিনের ক্রিকেটে তৃতীয়। ভালো অবস্থানে থেকেও শেষ চার বলে চার রান আউটের খড়গে পড়ে শেষ পর্যন্ত ৩০৬ রানে গুটিয়ে যায় নেদারল্যান্ডস। এর আগে দলকে তিনশ ছাড়ানো স্কোর এনে দেন বুরম্যান (২৬) ও মুদাসসর বুখারি (১১)। আয়ারল্যান্ডের পক্ষে ২টি করে উইকেট নেন স্টারলিং ও মুনি । এ জন্য স্টারলিং দেন ৫৯ রান। মুনি ৫১। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৭৫৩ ঘ.