হারুক বা জিতুক, ইংল্যান্ডের প্রতিটি ম্যাচেই অসাধারণ উত্তেজনা থাকছে। সেই ধারাবাহিকতা বজায় থাকলো ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও।
মাঝারি মানের স্কোর গড়েও বোলারদের দৃঢ়তায় বৃহস্পতিবার জয় তুলে নিয়েছে তারা। আমি একে এক কথায় অসাধারণ বলবো।
এ দিন জেমস ট্রেডওয়েল আর গ্রায়েম সোয়ান মিলে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইনআপ ধসিয়ে দিয়েছেন। সোয়ান শেষ ওভারে দুই উইকেট তুলে নিয়ে ঘুরিয়ে দেন ম্যাচের মোড়। রবি বোপারাও ভালো বল করেছেন।
তবে প্রথমে ব্যাট করতে নেমে ইংল্যান্ডের ব্যাটসম্যানরা ওয়েস্ট ইন্ডিজের সামনে যে টার্গেট বেঁধে দিয়েছিলেন, তাকে আহামরি কিছু বলা যাবে না। তাদের একজন ব্যাটসম্যানও ৫০ পেরুতে পারেননি।
ওয়েস্ট ইন্ডিজের পক্ষে আন্দ্রে রাসেল ৪টি ও ডেভিড বিশু ৩টি উইকেট তুলে নিয়ে ইংল্যান্ডের বড় স্কোর তোলার পথে বাধা হয়ে দাঁড়ান। কেমার রোচও খরাপ করেননি।
ইংল্যান্ডের ব্যাটসম্যানরা এদিন বেশিরভাগ ক্ষেত্রেই সেট হয়ে আউট হয়েছেন। কোনো ব্যাটসম্যানের মধ্যেই ইনিংসকে এগিয়ে নেওয়ার তাড়না দেখা যায়নি।
জবাব দিতে নেমে ক্রিস গেইল যেভাবে ঝড় তুলেছিলেন, তখন মনে হচ্ছিল ওয়েস্ট ইন্ডিজ অনায়াস জয় পাবে। গেইল ২১ বলে ৪৩ রানের দারুণ একটি ইনিংস খেলেছেন। ওয়েস্ট ইন্ডজ তখন মাত্র ৫ ওভারেই ৫০।
কিন্তু কিছুক্ষণ পর সেই ওয়েস্ট ইন্ডিজকে দেখা গেলো রান তুলতে কষ্ট করতে হচ্ছে। এক পার্যায়ে ইংলিশ বোলাররা বিপক্ষের ব্যাটসম্যানদের ওপর চেপে বসলেন। সেই চাপ কাটিয়ে সপ্তম উইকেট জুটিতে দলকে আবার খেলায় ফিরিয়ে আনেন রামনরেশ সারোয়ান ও আন্দ্রে রাসেল জুটি। বিশেষ করে সারোয়ান যেভাবে উইকেট আগলে রেখে দীর্ঘক্ষণ লড়াই করলেন তা এক কথায় অসাধারণ।
তবে তারাও শেষ রক্ষা করতে পারেননি। সারোয়ান ৩১ রান করে ফিরে যাওয়ার পর ওয়েস্ট ইন্ডিজের জয়ের আশা শেষ হয়ে যায়।
অবশ্য শেষ দিকে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানদের বেশি তাড়াহুড়ো করতে দেখা গেছে। যা তাদের পরাজয় তরান্বিত করেছে।
ওয়েস্ট ইন্ডিজের এ হারে বাংলাদেশের শেষ আটে খেলার আশা কিছুটা কঠিন হয়ে গেলো। পরের পর্বে খেলতে হলে পরের ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশকে জিততেই হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/জেকে/২৩২৯ ঘ
bdnews24