২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চাওয়া-পাওয়ার হিসেব মেলানোর ম্যাচ

আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডস, দল দু'টির বিশ্বকাপ শেষ হয়ে গেছে আগেই। কিন্তু শেষ হয়নি নিজেদের চাওয়া-পাওয়ার হিসেব। সেই হিসেব মেলাতেই মাঠে নামছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2011, 01:42 PM

Updated : 24 Aug 2022, 02:42 PM

ঢাকা, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডস, দল দু'টির বিশ্বকাপ শেষ হয়ে গেছে আগেই। কিন্তু শেষ হয়নি নিজেদের চাওয়া-পাওয়ার হিসেব। সেই হিসেব মেলাতেই মাঠে নামছে তারা। খেলা শুরু হবে কলকাতার ইডেন গার্ডেনে শুক্রবার বাংলাদেশ সময় সকাল ১০টায়। বিশ্বকাপে আয়ারল্যান্ড নিজেদের প্রথম খেলায় বাংলাদেশের কাছে ২৭ রানে হারে। পরের খেলায় ইংল্যান্ডের বিপক্ষে জেতে ৩ উইকেটে। তৃতীয় খেলায় ভারতের কাছে হারে ৫ উইকেটে। পরের খেলায় ওয়েস্ট ইন্ডিজের কাছে হারে ৪৪ রানে। পঞ্চম খেলায় দক্ষিণ আফ্রিকার কাছে হারে ১৩১ রানে। প্রতিপক্ষ নেদারল্যান্ডস নিজেদের প্রথম খেলায় ইংল্যান্ডের কাছে হারে ৬ উইকেটে। পরের খেলায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হারে ২১৫ রানে। তৃতীয় খেলায় দক্ষিণ আফ্রিকার কাছে হারে ২৩১ রানে। পরের খেলায় ভারতের কাছে হারে ৫ উইকেটে। পঞ্চম খেলায় বাংলাদেশের কাছে হারে ৬ উইকেটে। এর আগে মোট ৭ বার খেলেছে আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডস। এর মধ্যে আয়ারল্যান্ড জিতেছে ৫ বার। নেদারল্যান্ডস ১ বার। কোনো ফল হয়নি ১টি খেলায়। ৫ খেলায় ২ পয়েন্ট নিয়ে আয়ারল্যান্ড আছে 'বি' গ্র"পের ছয় নম্বরে। সমান খেলায় কোনো পয়েন্ট পায়নি নেদারল্যান্ডস। বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম খেলায় ২৯২ রান করে দারুণ কিছু একটা করে দেখানোর আভাস দিলেও শেষ পর্যন্ত তেমন কিছু করতে পারেনি নেদারল্যান্ডস। তবে আয়ারল্যান্ডের বিপক্ষে জিততে চায় নেদারল্যান্ডস। খালি হাতে নয়, অন্তত ২ পয়েন্ট নিয়ে বাড়ি ফিরতে চায় তারা। আর সে সামর্থ্য আছে নেদারল্যান্ডসের ব্যাটসম্যানদের। বিশেষ করে, টম কুপার ও রায়ান টেন ডয়েস্কেটের। বল হাতেও বেশ সফল ডয়েস্কট। নিয়েছেন ৬ উইকেট। তবে দলের পক্ষে সবচেয়ে সফল বোলার পিটার সিলার। নিয়েছেন ৭ উইকেট। তবে শক্তির বিচারে নেদারল্যান্ডসের চেয়ে বেশ এগিয়ে আয়ারল্যান্ড। ক্রিকেট দুনিয়ায় প্রতিষ্ঠিত দলগুলোকে হারানোর সামর্থ্য আছে তাদের। এবারো ইংল্যান্ডকে হারিয়ে তার প্রমাণ রেখেছে। ও'ব্রায়ান ভাইয়েরা, কেভিন ও নিল দারুণ খেলছেন। এড জয়েস, গ্যারি উইলসনের ব্যাট হাসছে প্রতি খেলায়। পিছিয়ে নেই বোলাররাও। ৮ উইকেট নিয়ে সবচেয়ে সফল জন মুনি। ৭টি করে উইকেট নিয়েছেন জর্জ ডকরেল ও ট্রেন্ট জনস্টন। 'জায়ান্ট কিলার'র তকমা লেগে যাওয়ায় চাপে থাকবে আয়ারল্যান্ডই। হারানোর কিছু নেই, এটাই নেদারল্যান্ডসের বড় শক্তি। আর বড় দলগুলোকে চাপে ফেলা আয়ারল্যান্ড ওই চাপ কতটা সামলাতে পারবে, তার ওপরই নির্ভর করছে খেলার ভাগ্য। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/১৯২৪ ঘ.