২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এখনো সেরাটা খেলিনি: তামিম

বাংলাদেশের উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল বলেছেন, গ্র"প পর্বে পাঁচ খেলার মধ্যে তিনটিতে জিতলেও তারা এখনো তাদের সেরা খেলা খেলেননি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2011, 01:12 PM

Updated : 24 Aug 2022, 02:42 PM

ঢাকা, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশের উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল বলেছেন, গ্র"প পর্বে পাঁচ খেলার মধ্যে তিনটিতে জিতলেও তারা এখনো তাদের সেরা খেলা খেলেননি। ওয়েস্ট ইন্ডিজ ও নেদারল্যান্ডসের বিপক্ষে শূন্য রানে বিদায় নিলেও নিজের ব্যাটিং নিয়ে চিন্তিত নন তামিম। অনুশীলনের ফাঁকে সাংবাদিকদের তিনি বলেন, "আমি এক খেলায় ৪০ ও আরেক খেলায় ৭০-এর মতো রান করেছি। নতুন কোনো ব্যাটসম্যানের এতে খুশি হওয়ার কথা। কিন্তু আমি আসলে নিজেকে এমন একটা পর্যায়ে নিয়ে গেছি যে ৪০ গড়ও আমার ক্ষেত্রে কম।" তামিম নিয়মিত রান পেতে চান বলে জানান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামার আগে বৃহস্পতিবার কঠোর অনুশীলন করে বাংলাদেশ দল। সকাল ১০ টায় অনুশীলন শুরু হয়। চলে দুপুর ১ টা পর্যন্ত। নিজের ব্যাটিং কৌশল বদলানোর কোনো প্রয়োজন নেই বলে মনে করেন তামিম। শূন্য রানে সাজঘরে ফিরে যাওয়ার ব্যাপারে তিনি বলেন, "ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আমি বোকার মতো 'আউট' হয়েছি। তবে নেদারল্যান্ডসের বিপক্ষে 'আউট'টি ছিল আমার দূর্ভাগ্য।" এবার নিয়ে চতুর্থ বারের মতো বিশ্বকাপ খেলছে বাংলাদেশ। কিন্তু প্রতিযোগিতায় বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের শতক নেই। এমনকি, জুটিতেও নেই। এ প্রসঙ্গে তামিম বলেন, "আমি শতক হাঁকাতে চাই। সবাই আমার কাছে শতক চাইছে।" একে তার স্বপ্ন উল্লেখ করে তিনি বলেন, "জানি না, শতক হাঁকাতে পারবো কি না।" দক্ষিণ আফ্রিকা দল নিয়ে তামিম বলেন, "ওরা ভালো দল। কিন্তু আমাদের সামর্থ্য অনুযায়ী, খেলতে পারলে আমরা জিতবো।" দক্ষিণ আফ্রিকাকে হারানোর জন্য দলের পাঁচ থেকে ছয় জনকে ভালো খেলতে হবে উল্লেখ করে তিনি বলেন, "বাংলাদেশের মতো দলের ক্ষেত্রে এক-দু'জন ভালো খেললে খেলায় জেতা সম্ভব হবে না।" ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ডকে হারালেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের। তবে ওই ম্যাচ নিয়ে ভাবতে চান না তামিম। বরং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কিভাবে সেরা খেলাটা খেলা যায়, সেদিকেই নজর দিতে চান তিনি বেশি করে। তারপরও তামিম বলেন, "ওয়েস্ট ইন্ডিজ জিতলে তো খুবই ভালো হয়। তবে ওই ম্যাচ নিয়ে ভেবে নিজেদের মনোবল নষ্ট করতে চাই না।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১৮৫০ ঘ.