ঢাকা, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - 'ব্যাটিং অর্ডারে' পরিবর্তন আনা হবে না। সেই সঙ্গে তিন বাঁ-হাতি স্পিনার ও দুই পেসার নিয়ে মাঠে নামার সম্ভাবনা বেশি বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচ জেমি সিডন্স।
রাজধানীর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার সাংবাদিকদের তিনি বলেন, দক্ষিণ আফ্রিকা খুবই ভালো দল। তাদের ব্যাটিং খুবই শক্তিশালী। বিশেষ করে, রানের মধ্যে আছেন তাদের প্রথম ছয় ব্যাটসম্যান।
তাদের ভালো পেসার আছে উল্লেখ করে তিনি বলেন, "নতুন স্পিনাররাও খুব ভালো করছেন। আর ফিল্ডিংয়ের তো তুলনা হয় না।"
জয়ের ব্যাপারে আশাবাদী সিডন্স বলে, "আমার দলও ভারসাম্যপূর্ণ। দক্ষিণ আফ্রিকাকে হারানোর সামর্থ্য আমাদের আছে। তাই জমজমাট লড়াই হবে।"
দল কোয়ার্টার ফাইনালে উঠতে পারবে বলে তিনি আশা প্রকাশ করেন।
দলের খেলোয়াড়দের খেলায় খুশি কোচ বলেন, ইমরুল কায়েস, শাহরিয়ার নাফীস, জুনায়েদ সিদ্দিকী, শফিউল ইসলাম ও রুবেল হোসেন ভালো খেলছেন।
উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবালের ওপর কোচের আস্থার অভার নেই। নেদারল্যান্ডসের বিপক্ষে খেলায় তামিম প্রথম ওভারেই বিদায় নেন। এ প্রসঙ্গে সিডন্স বলেন, "সব উদ্বোধনী ব্যাটসম্যানের ক্ষেত্রেই এমনটা হতে পারে। তার মানে এই নয় যে তিনি খারাপ খেলছেন। আশা করছি, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তামিম ভালো খেলবেন।"
অন্য উদ্বোধনী ব্যাটসম্যান ইমরুল কায়েসেরও প্রশংসা করেন কোচ। বলেন, "ইমরুল ধীরে ধীরে উন্নতি করছেন। আয়ারল্যান্ডের চেয়ে ইংল্যান্ডের বিপক্ষে ভালো খেলেছেন। আবার ইংল্যান্ডের চেয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ভালো খেলেছেন।"
অধিনায়ক সাকিব আল হাসানও ভালো খেলছেন বলে মনে করেন সিডন্স।
ওয়েস্ট ইন্ডিজের কাছে ইংল্যান্ড হেরে গেলে দক্ষিণ আফ্রিকার সঙ্গে খেলার আগেই নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের কোয়ার্টার ফাইনাল। ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ খেলা দেখবেন কিনা? জানতে চাইলে তিনি বলেন, "হয়তো দেখবো। তবে ওয়েস্ট ইন্ডিজ জিতলে আমাদের ওপর থেকে চাপ অনেক কমে যাবে।"
২৫০ রান করলে লড়াই হবে বলে তিনি মনে করেন। এর কারণ হিসেবে সিডন্স বলেন, বাংলাদেশের উইকেটে বড় স্কোর করা খুবই কঠিন।
২০০৭ সালের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে ৬৭ রানে হারায় বাংলাদেশ। ওই খেলায় দলের পক্ষে সবচেয়ে বেশি ৮৭ রান করেন মোহাম্মদ আশরাফুল। তাই ১৯ মার্চ আশরাফুলকে খেলানো হবে কিনা? জানতে চাইলে কোচ বলেন, "অতীতে কে কি করেছে, তা নিয়ে আমি ভাবছি না। বর্তমান 'ফর্ম'র বিচারেরই দল নির্বাচন করা হবে।"
নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথমবারের মতো খেলার সুযোগ পান নাফীস। ৫৬ বলে করেন ৩৭ রান। চার মারেন চারটি।
যদিও শুরুতে মনে হচ্ছিল নাফীস কিছুটা অস্বস্তিতে ভুগছেন। তবে কোচ বলেন, "নাফীস ভালো খেলেছেন। বিশেষ করে তার চারটি চার ছিল দেখার মতো। আর ইমরুলের সঙ্গে যে জুটিটি তিনি গড়ে তোলেন, জয়ের ক্ষেত্রে সেটি ছিল খুবই গুরুত্বপূর্ণ।"
বাংলাদেশ কোয়ার্টার ফাইনালে উঠতে না পারলে হতাশ না হওয়ার পরামর্শ দিয়েছেন সিডন্স। বলেন, এবার না পারলেও হয়তো পরের বার পারবে। তবে এজন্য তরুণ খেলোয়াড়দের ওপর নজর দিতে হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১৭২৪ ঘ.
bdnews24