ঢাকা, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পেশাদারিত্বের ক্ষেত্রে দক্ষিণ আফ্রিকা যে কোনো ছাড় দেবে না, তা আগেই জানা ছিল। মঙ্গলবার আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচে সে প্রমাণই তারা দিলো।
আয়ারল্যান্ডের বিপক্ষে ব্যাট হাতে তারা হয়তো রানের পাহাড় গড়তে পারেনি, কিন্তু বল হাতে ঠিকই বুঝিয়ে দিয়েছে- ছাড়া দেওয়ার মতো দল তারা নয়।
অবশ্য দক্ষিণ আফ্রিকার বোলারদের সামনে বিশ্বসেরা ব্যাটসম্যানদেরও একটু হিসাব করে খেলতে হয়। আয়ারল্যান্ড ব্যাটসম্যানরা তো সে তুলনায় অনেক পিছিয়ে। তাছাড়া অঘটন তো আর প্রতিদিন ঘটে না।
তবে আয়ারল্যান্ডের প্রশংসা করতেই হয়, বিশ্বকাপের চলতি আসরে প্রতিটি ম্যাচেই তারা লড়াই করেছে। সহজে হার মেনে নেয়নি।
দক্ষিণ আফ্রিকা প্রথমে ব্যাট করে বড় টার্গেট ছুড়ে দেবে বলে আশা করেছিলাম আমি। কিন্তু আয়ারল্যান্ডের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে শেষ পর্যন্ত ২৭২ রানে থেমে যায় তাদের ইনিংস। তবে একে আমি চ্যালেঞ্জিং স্কোরই বলবো। কারণ দক্ষিণ আফ্রিকার বোলিং লাইন যথেষ্ট ভালো।
শেষ পর্যন্ত হয়েছেও তাই। পেসাররা নিয়ন্ত্রিত বল করেছে, আর স্পিনাররা তার ফল পেয়েছে। আসলে দক্ষিণ আফ্রিকার পেস জুটি ডেল স্টেইন ও মর্নে মরকেল যে কোনো পিচেই কার্যকর বোলার। তাদের সামলানো সত্যিই কঠিন।
তবে জেপি ডুমিনির দুর্ভগ্যই বলা যায়। মাত্র এক রানের জন্য তিনি সেঞ্চুরিটা মিস করেছেন। তবে দক্ষিণ আফ্রিকার জন্য সুখের বিষয়, তিনি রানে ফিরেছেন।
সব বিভাগে প্রাধান্য দেখিয়েই জয় তুলে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। তবে আয়ারল্যান্ডকে এদিন উড়িয়ে দিয়েছে প্রোটিয়াদের বোলিং ঝড়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/জেকে/২২২৭ ঘ.
bdnews24