ঢাকা, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নেদারল্যান্ডসের বিপক্ষে জয় প্রত্যাশিতই ছিল। তাই উচ্ছ্বাসও যেন খানিকটা কম। চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে জয় নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গে রাজধানীতে ঘর ছেড়ে বেরিয়ে আসে সমর্থকরা। তবে তাদের আবেগ গত ম্যাচের মতো বাঁধ ভাঙেনি।
ইমরুল কায়েসের অর্ধ-শতকের উপর ভর করে ৫২ বল হাতে রেখেই সোমবার জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। এর আগে ৪৬ ওভার ২ বলে সবক'টি উইকেট হারিয়ে ১৬০ রান তোলে নেদারল্যান্ডস।
জয়ের আনন্দ ঘরে বসে উদযাপনের নয়, তাই রাজধানীর সড়কগুলোতে দেখা গেছে উৎসবের রঙ। সেই রঙকে প্রাণ দিয়েছে টাউন সার্ভিসের বাস থেকে ভেসে আসা 'বাংলাদেশ, বাংলাদেশ...' ধ্বনি।
ফার্মগেট এলাকায় বাংলাদেশ দলের জার্সি গায়ে আনন্দ মিছিলে যোগ দেন জামাল হোসেন। তিনি বললেন, "ক্রিকেটারদের কাছ থেকে আমার আশা এমনটাই। তারা জেতার ম্যাচ গুলো জিতবে। ফেভারিটদের বিপক্ষে লড়াই করবে, ব্যাস এটুকুই। তাহলেই আমরা আনন্দিত হব।"
পুরান ঢাকার এক দল যুবক জাতীয় পতাকা উড়িয়ে মোটরসাইকেলে করে আনন্দ উদযাপন করতে রাস্তায় নামেন। গুলিস্থান, মতিঝিল ও প্রেসক্লাব হয়ে ফার্মগেটে পৌঁছান তারা। তাদেরই একজন আব্দুস সাত্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বাংলাদেশ জিতেছে। ভালোই লাগছে। তবে এ জয় প্রত্যাশিতই ছিলো। দেখা যাক পরের ম্যাচে কি করে।"
রাজাবাজারের ওবায়দুল হক বাংলাদেশকে নেদারল্যান্ডসের তুলনায় শক্তিশালী দল হিসাবেই মনে করেন। তাই উচ্ছ্বাসটা তিনি পরের খেলার জন্যই জিইয়ে রেখেছেন।
লালবাগের আবুল বাশারের কাছে কোন দলের বিপক্ষে জয় এলো তা মুখ্য নয়, তার কথা জয়-জয়ই।
"কোন দলের বিপক্ষে জিতেছে তা বড় কথা নয়, বিশ্বাকাপে বাংলাদেশ তৃতীয় জয় পেয়েছে- তা খাটো করে দেখার অবকাশ নেই। তাই আনন্দের এ উপলক্ষকে উদযাপন না করে নিজেকে বঞ্চিত করতে চাইনি।"
হাতিরপুলের আবু হোরায়রার বিশ্বাস, এবার অনেক দূর যাবে বাংলাদেশ। তার মতে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের ৫৮ রানে অলআউট ছিল নিছকই অঘটন ছিলো। ইংল্যান্ডের বিপেক্ষে ম্যাচে তার প্রমাণ মিলেছে।
বেইলি রোডে বাংলাদেশ দলের জার্সি আর শরীরে জাতীয় পতাকা জড়িয়ে গাড়ি আর মটর সাইকেলে আনন্দ মিছিলে যোগ দেয় কিশোর ও যুবকরা।
এছাড়া মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামের পশ্চিম ও দক্ষিণ দিকের রাস্তায় যেন ঢল নামে ক্রিকেটপ্রেমীদের। ভুভুজেলার শব্দে পুরো এলাকায় যেন আনন্দের বান নেমেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এসইউএম/এএল/জেকে/১৯৩২ ঘ.
bdnews24