ভারত যেভাবে শুরু করেছিল, তাতে মনে হচ্ছিল দক্ষিণ আফ্রিকাকে পাহাড়সম টার্গেট ছুড়ে দেবে তারা। শনিবার শচীন টেন্ডুলকার আবার শতরান করেছেন। ভালো খেলেছেন বীরেন্দর শেবাগও। তারপও তিনশ'র নিচে থেমে গেলো তাদের ইনিংস।
এমন উইকেটে দক্ষিণ আফ্রিকার জন্য এই রান খুব বেশি বড় টার্গেট নয়। ৪৩৪ রান তাড়া করার অভিজ্ঞতাও তাদের রয়েছে। তাই আরও কিছু রান বেশি করলে জয় পেতেও পারতো ভারত।
এদিন ভারতের মিডল অর্ডার চরমভাবে ব্যর্থ হয়েছে। এ কারণেই খুব বেশিদূর যেতে পারেনি তাদের ইনিংস।
আরও ২০-৩০ রান করা সম্ভব হলে প্রতিপক্ষকে হয়তো কিছুটা চাপে রাখা যেতো।
অবশ্য ডেল স্টেইন ৫ উইকেট তুলে নিয়ে শেষদিকে ভারতের ব্যাটিং লাইনের ওপর ভালো রকমের ঝড় বইয়ে দিয়েছেন। এটাও ভারতের ৩০০ না পেরোনোর অন্যতম কারণ।
দক্ষিণ আফ্রিকার শুরুটাও ভালো হয়েছিল। হাশিম আমলা ও জ্যাক ক্যালিস ওয়ানডাউনে ভালো একটা জুটি গড়ে দক্ষিণ আফ্রিকার জয়ের বীজ বুনে দিয়েছিলেন। তবে দুজনেই হাফ সেঞ্চুরি করে সাজঘরে ফেরার পর খানিকটা চাপে পড়ে যায় দক্ষিণ আফ্রিকা।
শেষ পর্যন্ত টেল এন্ডাররা নিজেদের কাজটা ঠিকভাবে করতে পারায় জয় দক্ষিণ আফ্রিকার হাতছাড়া হয়নি।
আর শচীনের একটি অসাধারণ সেঞ্চুরির পরও হারের স্বাদ নিতে হয়েছে ভারতকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/জেকে/০০০৪ ঘ.
bdnews24