২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দ. আফ্রিকার দরকার ২৯৭

জেতার জন্য দক্ষিণ আফিকার প্রয়োজন ২৯৭ রান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2011, 01:48 PM

Updated : 24 Aug 2022, 02:40 PM

ঢাকা, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জেতার জন্য দক্ষিণ আফিকার প্রয়োজন ২৯৭ রান। নাগপুরে বিশ্বকাপের ২৯তম খেলায় টস জিতে ব্যাটিংয়ে নেমে শচীন টেন্ডুলকারের শতকের ওপর ভর করে ৪৮ ওভার ৪ বলে ভারত গুটিয়ে যায় ২৯৬ রানে। শুরুটা যেভাবে করেছিল ভারত, শেষটা করেছে ঠিক তার উল্টোভাবে। ৪০ ওভারে ২৬৮ রান তোলার পর দলের রান সাড়ে তিন শ'র কাছাকাছি পৌঁছে যাবে বলে মনে হচ্ছিল। এতক্ষণ দক্ষিণ আফ্রিকার বোলার ও ফিল্ডাররা ছিলেন অসহায়। কিন্তু পরের বলেই (৪০ ওভার ১ বল) গৌতম গম্ভির সাজঘরে ফিরে যাওয়ার পর পাল্টে যায় গল্পটা। দক্ষিণ আফ্রিকার বোলারদের সামনে অসহায় হয়ে পড়েন ভারতের ব্যাটসম্যানরা। শুরু হয় তাদের উইকেটে যাওয়া ও আসার পালা। শেষ পর্যন্ত তিন শ'ও করতে পারেননি। এমনকি, খেলতে পারেননি নির্ধারিত ৫০ ওভারও। ব্যাটিংয়ে নেমেই দক্ষিণ আফ্রিকার বোলারদের ওপর চড়াও হন ভারতের দুই উদ্বোধনী ব্যাটসম্যান বীরেন্দর শেবাগ ও শচীন টেন্ডুলকার। বল থামাতে কিংবা সীমানার ওপার থেকে বল কুড়িয়ে আনতেই ব্যস্ত ছিলেন ফিল্ডাররা। আর বোলাররা অসহায়ের মতো তা দেখছিলেন। মাত্র ১৭ ওভার ৪ বলে ১৪২ রানের শক্ত ভিত্তি গড়ে দেন শচীন ও শেবাগ। প্রথম ১০ ওভারেই তারা তোলেন ৮৭ রান। এর আগে এবারের বিশ্বকাপে প্রথম ১০ ওভারে এত রান কখনোই ওঠেনি। ৮২ রান ছিল এর আগের রেকর্ড। সেটিও করেছিল ভারত নেদারল্যান্ডসের বিপক্ষে। ফাফ প্লেসিসের বলে বোল্ড হওয়ার আগে ৭৩ রান করেন শেবাগ। তিনি তার ৬৬ বলের ইনিংসটি সাজান ১২টি চার দিয়ে। অফ-স্ট্যাম্পের সামান্য বাইরের বল জায়গা বানিয়ে কাট করার চেষ্টা করেন শেবাগ। কিন্তু শেবাগ যতটা আশা করেছিলেন, ততটা বাঁক নেয়নি বল। ব্যাটে লেগে বল তার উইকেট ভেঙে দেয়। শেবাগের সাজঘরে ফেরার পরও খেলার চিত্র পাল্টায়নি। ওভার প্রতি রান তোলার গতিও যেমন কমেনি, তেমনি কমেনি বলের পেছনে ফিল্ডারদেরও ছোটাছুটি। এরই মধ্যে বিশ্বকাপে শচীন তার ষষ্ঠ শতক আদায় করে নেন। ঠিক ১০০ রানে পৌঁছান তিনি ৭টি চার ও ৩টি ছক্কার সাহায্যে। এটি বিশ্বকাপে তার ষষ্ঠ শতক। আর একদিনের ক্রিকেটে ৪৮তম। শেষ পর্যন্ত মর্নে মরকেলের বলে ১১১ রান করে জেপি ডুমিনির হাতে ধরা পড়েন টেন্ডুলকার। তার ১০১ বলের ইনিংসে চার রয়েছে ৮টি ও ছক্কা তিনটি। মরকেলের বলে সপাটে ব্যাট চালান টেন্ডুলকার। কিন্তু ঠিকমতো খেলতে পারেননি। বলে উঠে যায় পয়েন্টে। কয়েক পা পিছিয়ে বলটি লুফে নিতে কোনো অসুবিধা হয়নি ডুমিনির। দলের সঙ্গে ১ রান যোগ হওয়ার পর ডেল স্টেইনের বলে জ্যাক ক্যালিসের হাতে ধরা পড়ে সাজঘরের পথ ধরেন গৌতম গম্ভির। ৭৫ বলে ৬৯ রান করেন তিনি। চার মারেন ৭টি। এরপরই পাল্টে যায় খেলার চিত্র। ঘুরে দাঁড়ান দক্ষিণ আফ্রিকার বোলাররা। ফিল্ডারদেরও আর ছুটতে হয়নি বলের পেছনে। মাত্র ২৮ রানে দক্ষিণ আফ্রিকা তুলে নেয় শেষ সাতটি উইকেট। দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পেরেছেন কেবল যবরাজ সিং (১২) ও ধোনি (অপরাজিত ১২)। দক্ষিণ আফ্রিকার বোলারদের মধ্যে ডেল স্টেইন ৫ উইকেট নেন ৫০ রানে। ৫২ রানে ২ উইকেট নেন রবিন পিটারসন। ৪ খেলায় ৭ পয়েন্ট নিয়ে বি গ্র"পের শীর্ষে আছে ভারত। ৩ খেলায় ৪ পয়েন্ট নিয়ে চার নম্বরে রয়েছে দক্ষিণ আফ্রিকা। নিজেদের প্রথম খেলায় ভারত বাংলাদেশের বিপক্ষে জেতে ৮৭ রানে। পরের খেলায় ইংল্যান্ডের সঙ্গে টাই করে। তৃতীয় খেলায় আয়ারল্যান্ডকে হারায় ৫ উইকেটে। এরপর নেদারল্যান্ডসের বিপক্ষে জেতে ৫ উইকেটে। দক্ষিণ আফ্রিকা নিজেদের প্রথম খেলায় ৭ উইকেটে জেতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। পরের খেলায় নেদারল্যান্ডসকে হারায় ২৩১ রানে। তৃতীয় খেলায় ইংল্যান্ডের কাছে হার মানে ৬ রানে। এর আগে মোট ৬৫ বার খেলেছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। এর মধ্যে দক্ষিণ আফ্রিকা জেতে ৩৯ বার। ভারত ২৪ বার। পরিত্যক্ত হয় ২টি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৯৪১ ঘ.