অবিশ্বাস্য, অসাধারণ- কোনো বিশেষণই যেন বাংলাদেশের এ জয়ের জন্য যথেষ্ট নয়। ইংল্যান্ডের মতো ক্রিকেট পরাশক্তিকে হারিয়ে বাংলাদেশ দল বুঝিয়ে দিয়েছে, ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে আগের ম্যাচে যা হয়েছে- তা নিছকই অঘটন।
এমন জয়ই আশা করেছিলম বাংলাদেশের কাছ থেকে। কঠিন পরিস্থিতিতে চাপের মুখে ভেঙে না পড়ে অন্তত একজনকে দৃঢ়তা দেখাতে হয়। শুরুতে ইমরুল কায়েস এবং পরে রিয়াদ ও শফিউল সেই দৃঢ়তা দেখিয়ে দলকে চরম বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন; দলকে পৌঁছে দিয়েছেন অভিষ্ঠ লক্ষ্যে।
ইমরুল ম্যাচটাকে সহজ করে দিয়েছিলেন। শফিউল শেষটা করে দিয়েছেন ভালোভাবে।
অবশ্য মিডল অর্ডারের দায়িত্বহীন ব্যাটিংয়ের এক পর্যায়ে ম্যাচের পাল্লা ইংল্যান্ডের দিকেই ঝুঁকে পড়েছিল। শেষ পর্যন্ত রিয়াদ ও শফিউল নবম উইকেট জুটিতে ৫৭ রানের জুটি গড়ে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন। ওই অবস্থায় অসাধারণ খেলেছেন তারা।
এর আগে বোলাররা তাদের দায়িত্ব ঠিকভাবে পালন করেছিলেন বলেই ২২৫ রানে বেঁধে ফেলা সম্ভব হয়েছিল ইংল্যান্ডকে। তাই বাংলাদেশ দলের ব্যাটসম্যানদের কাজটাও সহজ হয়ে গিয়েছিল।
আগের ম্যাচে বাংলাদেশ যে মাত্র ৫৮ রানে অলআউট হয়েছে, এদিনের খেলা দেখে তা মনেই হয়নি। আমার মনে হয়, বাংলাদেশ ভালোভাবে ফিরে এসেছে। আর তা সম্ভব হয়েছে বোলারদের কল্যাণে।
ইংল্যান্ডের দুর্দান্ত ব্যাটিং লাইনআপের বিপক্ষে অসাধারণ বল করেছেন বাংলাদেশের বোলাররা। স্পিনাররা উইকেট বেশি পেলেও ভালো করেছেন পেসাররাও।
শুধু বোলিং নয়, এদিন বাংলাদেশের ফিল্ডিংও ভালো হয়েছে।
ওয়েস্ট ইন্ডিজ বনাম আয়ারল্যান্ড
আয়াল্যান্ডের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ জিতবে, এটা ধরেই নেওয়া হয়েছিল। তবে আয়ারর্যান্ড একেবারেই ছেড়ে কথা বলেনি।
পল স্টারলিং ৮৪ রানের অসাধারণ একটি ইনিংস খেলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লড়াইয়ের আভাস দিয়েছিলেন ভালোভাবেই। তবে শেষ পর্যন্ত তিনি দলকে টেনে তুলতে পারেননি।
ওয়েস্ট ইন্ডিজের বোলাররা অসাধারণ বল করেছেন। বিশেষ করে সুলেমান বিন ও ড্যারেন সামি বল হাতে ছিলেন দারুণ সফল।
এর আগে ব্যাট হাতে সফলতা দেখিয়ে গেছেন ডেভন স্মিথ। তার শত রানের সঙ্গে কিয়েরন পোলার্ডের ৯৪ রানের ঝড়ো ইনিংসের কল্যাণেই আয়ারল্যান্ডের সামনে একটা ভালো টার্গেট ছুড়ে দেওয়া সম্ভব হয়েছে।
আয়রল্যান্ড যে একাবারে দুর্বল দল নয়, তার প্রমাণ তারা দিয়েছে দারুণ লড়াই করে। মাঠে নামার আগেই হেরে বসেনি তারা। প্রতিটি ম্যাচেই এমন লড়াই করে ইতোমধ্যে ক্রিকেট বিশ্বের নজর কেড়েছে আইরিশরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/জেকে/২৩৪০ ঘ.
bdnews24