ঢাকা, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দক্ষিণ আফ্রিকার ফিরে আসার ম্যাচে প্রতিপক্ষ ভারত।
দেশের মাটিতে ভারত বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর দলগুলোর একটি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নিয়মিত খেলায় দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা ভারতের পরিবেশের সঙ্গে বেশ ভালোভাবেই পরিচিত। তাই জমজমাট খেলার ইঙ্গিত মিলছে শনিবার।
নাগপুরে খেলা শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩ টায়।
বিশ্বকাপে ৪ খেলায় ৭ পয়েন্ট নিয়ে বি গ্র"পের শীর্ষে আছে ভারত। ৩ খেলায় ৪ পয়েন্ট নিয়ে চার নম্বরে রয়েছে দক্ষিণ আফ্রিকা।
নিজেদের প্রথম খেলায় ভারত বাংলাদেশের বিপক্ষে জেতে ৮৭ রানে। পরের খেলায় ইংল্যান্ডের সঙ্গে টাই করে। তৃতীয় খেলায় আয়ারল্যান্ডকে হারায় ৫ উইকেটে। এরপর নেদারল্যান্ডসের বিপক্ষে জেতে ৫ উইকেটে।
দক্ষিণ আফ্রিকা নিজেদের প্রথম খেলায় ৭ উইকেটে জেতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। পরের খেলায় নেদারল্যান্ডসকে হারায় ২৩১ রানে। তৃতীয় খেলায় ইংল্যান্ডের কাছে হার মানে ৬ রানে।
এর আগে মোট ৬৫ বার খেলেছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। এর মধ্যে দক্ষিণ আফ্রিকা জেতে ৩৯ বার। ভারত ২৪ বার। পরিত্যক্ত হয় ২টি।
বিশ্বকাপের ঠিক আগে দক্ষিণ আফ্রিকা সফরে ৩-২ ব্যবধানে একদিনের সিরিজ হারার পরও বেশ ফুরফুরে মেজাজে আছে ভারত। চার খেলার মধ্যে একটিতেও না হারায় দলটির আত্মবিশ্বাসও বেড়ে গেছে অনেকখানি।
ইংল্যান্ডের বিপক্ষে টাই করার পর বোলারদের সমালোচনা করা হলেও আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডসের বিপক্ষে বেশ ভালো বল করছেন তারা। দলকে দু'টিকে খুব বেশি রান করতে দেননি তারা।
জহির খান ও মুনাফ প্যাটেল শুরুতে উইকেট নিয়ে স্পিনারদের কাজটা সহজ করে দিচ্ছেন।
হরভজন সিং ও পিযুষ চাওলার বিপক্ষে খেলার অভিজ্ঞতা দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানদের রয়েছে। তবে নিয়মিত স্পিনারদের চেয়ে বরং যুবরাজ সিংই এখন দক্ষিণ আফ্রিকার জন্য ভয়ের কারণ হয়ে উঠতে পারেন।
প্রথম দুই খেলায় ভারতের ব্যাটিং নিয়ে অভিযোগ করার কিছু ছিলো না। তবে শেষ দুই খেলায় অল্প রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে দ্রুত উইকেট হারানোয় উপরের সারির ব্যাটসম্যানদের নিয়ে কিছুটা হলেও চিন্তায় আছেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।
তবে ছন্দেই আছেন দলের ব্যাটসম্যানরা। দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে উপরের সারির ব্যাটসম্যানরা সুবিধা করতে না পারলেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আবারো স্বরূপে ফিরতে চেষ্টার কসুর করবেন না তারা।
তবে উপমহাদেশে পুরোপুরি প্রস্তুত হয়ে এসেছে দক্ষিণ আফ্রিকা। বেশ ভেবে-চিন্তেই প্রতিপক্ষকে ঘায়েল করার পরিকল্পনা করেছে তারা। শুরুতে স্পিনার ব্যবহার করে চমক দেখিয়ে সাফল্যও পেয়েছে।
নতুন বলে বিশ্বের সেরা জুটির একটি ডেল স্টেইন ও মর্নে মরকেল দলে থাকলেও বোলিং আক্রমণে নেতৃত্ব দিচ্ছেন স্পিনাররা। রবিন পিটারসন, ফাফ প্লেসিস ও জোহান বোথা দলে থাকলেও গ্রায়েম স্মিথের মূল অস্ত্র হয়ে উঠেছেন ইমরান তাহির। এরই মধ্যে বিশ্বকাপে ১১ উইকেট নিয়েছেন তিনি।
তবে চোটের কারণে তাকে দশদিনের জন্য বিশ্রাম দেয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসক। তারপরও তাকে খেলানো হতে পারে। কেননা যে হাত দিয়ে বল করেন সেই হাতে আঘাত পাননি তিনি।
স্পিনটা ভালোই খেলেন ভারতের ব্যাটসম্যানরা। তাই ভারতের বিপক্ষে তাদের মাটিতে ব্যাটসম্যানদের চেপে ধরা কঠিনই হবে।
সুযোগ পেলে স্টেইন ও মরকেলও হয়ে উঠতে পারেন ভয়ঙ্কর।
দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরা বেশ ছন্দেই আছেন। গ্রায়েম স্মিথ ও হাশিম আমলা শুরুতেই ভারতের পরিকল্পনা ভন্ডুল করে দিতে পারেন।
জ্যাক ক্যালিস, এবি ডি ভিলিয়ার্স, জেপি ডুমিনি আইপিএলে খেলার কারণে ভারতের বোলারদের বেশ ভালো করেই চেনেন। এবার তা কাজে লাগতে পারে। তাই প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত মিলছে বিশ্বকাপ ক্রিকেটের ২৯তম খেলায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/১৭৫৩ ঘ.
bdnews24