২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জয়ের আশায় সরব গ্যালারি

ইংল্যান্ডের বিপক্ষে মরণপণ লড়াইয়ে নিজ দলের প্রতি সমর্থন জানাতে জহুর আহমেদ চৌধুরী বিভাগীয় স্টেডিয়ামে জড়ো হতে শুরু করেছেন হাজার হাজার দর্শক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2011, 08:07 AM

Updated : 24 Aug 2022, 02:40 PM

চট্টগ্রাম, মার্চ ১১ (বিডিনিউ টোয়েন্টিফোর ডটকম)- ইংল্যান্ডের বিপক্ষে মরণপণ লড়াইয়ে নিজ দলের প্রতি সমর্থন জানাতে জহুর আহমেদ চৌধুরী বিভাগীয় স্টেডিয়ামে জড়ো হতে শুরু করেছেন হাজার হাজার দর্শক। শুক্রবার সকাল ১১টায় স্টেডিয়ামের প্রবেশ পথ খুলে দেওয়া হয়। তবে আশেপাশের এলাকায় নিরাপত্তার কড়াকড়ি থাকায় ঘুরপথে প্রায় তিন থেকে চার কিলোমিটার হেঁটে আসতে হয় দর্শকদের। এ নিয়ে সাধারণ দর্শকরা ক্ষোভ প্রকাশ করেছেন। তবে সব ছাপিয়ে ক্রিকেট উৎসব উদযাপনই যেন বড়। নেচে গেয়ে স্টেডিয়ামের সীমানা প্রাচীরের বাইরে প্রদক্ষিণ করছেন একদল দর্শক। 'সাবাস বাংলাদেশ' গানটি গেয়ে মিছিল করছিলেন তারা। মিছিলের একজন সাইদুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আমরা চাই উপভোগ্য খেলা। সকাল ১০টা থেকেই স্টেডিয়াম সংলগ্ন সাগরিকা মোড় ও অলংকার মোড়ে জড়ো হতে থাকেন সাধারণ দর্শকরা। অলংকার মোড়, সাগরিকা রোড, ফইল্যাতলী বাজার এলাকায় জাতীয় পতাকা, লাল-সবুজ টুপি, জার্সি উদ্যাদি কিনতে দেখা যায় প্রচুর দর্শককে। নুরুল ইসলাম নামে এক শিক্ষার্থী বুকে এঁকে নিয়েছেন জাতীয় পতাকা। তিনি বলেন, 'নিজের শহরে খেলা, তাই সমর্থন জানাতে এসেছি। আশাকরি আজ টাইগাাররা জিতবে। তামিমের কাছে সেঞ্চুরি চাই।' আশার বাণীর পাশাপাশি আছে হতাশার সুরও। অলংকার মোড়ে 'প্লেজ স্কুল অ্যান্ড স্পোর্টস সেন্টার'এর সৌজন্যে একটি বিশাল ব্যাটে নিজেদের প্রত্যাশার কথা লিখছিলেন সমর্থকরা। সেখানে প্রত্যাশার চেয়ে হতাশার পাল্লাই ভারী। আছে নানা তির্যক মন্তব্য। নিরাপত্তার কারণে পূর্ব গেইটের দর্শকদের অলঙ্কার মোড়ের আলিফ হোটেলের গলি দিয়ে এবং পশ্চিম গেইটের দর্শকদের ফইল্যাতলী বাজার হয়ে প্রবেশের নিদের্শনা দিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। বৃহস্পতিবার সিএমপির এক সংবাদ সম্মেলনে প্রবেশপথ সংক্রান্ত এ নির্দেশনা দেওয়া হয়। কিন্তু পূর্ব গেইটের দর্শকদের আলিফ হোটেলের গলি দিয়ে ফৌজদারহাট শিল্প এলাকা সড়ক হয়ে উত্তর কাট্টলী কমিশনার কার্যালয়ের সামনে দিয়ে সেন বাড়ি সড়ক ধরে পূর্ব গেইটে এসে পৌঁছান। সপরিবারে খেলা দেখতে আসা মুস্তাকিম বিল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পথের কোনো সঠিক নির্দেশনা নেই। পুলিশ সদস্যরাও জানেন না কোন পথে যেতে হবে। দুই বার পথ ভুল করে এক ঘণ্টা হেঁটে গেটে এলাম। বিশ্বকাপে আরো ভালো ব্যবস্থাপনা থাকা দরকার ছিলো বলে মন্তব্য করেন তিনি। তবে পথের কষ্ট ভুলে নানা রঙের পোশাক আর লাল-সবুজ পতাকা জড়িয়ে মাঠে প্রবেশ করছেন দর্শকরা। কেউ কেউ নিয়ে এসেছেন ভুভুজেলা। গ্যালারির আসনগুলো রাঙ্গানো হয়েছে হলুদ আর আকাশি নীল রঙে। বাজছে বিশ্বকাপেরা থিম সং। গানের তালে তালে দর্শকরা উল্লাস প্রকাশ করছেন। ইতিমধ্যে মাঠে এসে পৌঁছেছে বাংলাদেশ ও ইংল্যান্ড ক্রিকেট দল। দুই দলই মাঠে হালকা ওয়ার্ম আপ শুরু করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/কিউএইচ/এমআই/১৪০০ ঘ.