ঢাকা, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আঙ্গুলে চোট পাওয়ায় দক্ষিণ আফ্রিকার লেগ-স্পিনার ইমরান তাহিরকে দশদিনের জন্য বিশ্রামে থাকার পরামর্শ দেয়া হয়েছে।
তবে শনিবার ভারতের বিপক্ষে মাঠে দেখা যেতে পারে তাকে। এরপর তাকে বিশ্রামে পাঠনো হতে পারে।
দলের ম্যানেজার মোহাম্মদ মুসাজি বলেন, ভারতের সঙ্গে খেলার আগে না পরে তাহিরকে বিশ্রামে পাঠানো হবে, সে ব্যাপারে সিদ্ধান্ত নেবেন নির্বাচকরা।
গত রোববার ইংল্যান্ডের বিপক্ষে খেলার সময় নিজের বোলিংয়ে স্টুয়ার্ট ব্রডের ক্যাচ ধরতে গিয়ে আঙ্গুলে চোট পান তিনি। বুধবার নাগপুরে তার আঙ্গুলে স্ক্যান করা হয়। প্রতিবেদন পাঠানো হয়েছে দক্ষিণ আফ্রিকায় বিশেষজ্ঞ চিকিৎসক মাইক সলোমনসের কাছে। প্রতিবেদন দেখে সলোমনস তাকে দশদিনের জন্য বিশ্রাম দেয়ার পরামর্শ দেন।
তবে যে হাত দিয়ে বল করেন, সে হাতের আঙ্গুলে চোট পাননি তিনি। তাই বৃহস্পতিবার তাকে নেটে বল করতে দেখা যায়।
বিশ্বকাপে দলের পক্ষে সবচেয়ে বেশি ১১টি উইকেট নেন পাকিস্তানে জন্ম নেয়া এই বোলার। ভারতের পর দক্ষিণ আফ্রিকা খেলবে আয়ারল্যান্ড ও বাংলাদেশের সঙ্গে। সম্ভবত এই দু'টি খেলার সময় বিশ্রামে থাকবেন তিনি।
বাংলাদেশের সঙ্গে দক্ষিণ আফ্রিকার খেলা ১৯ মার্চ ঢাকায়।
তাহিরের বদলে খেলতে পারেন জোহান বোথা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৬৪৮ ঘ.
bdnews24