চট্টগ্রাম, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জুটি গড়তে ব্যাটসম্যানদের ব্যর্থতাকেই চলতি বিশ্বকাপে বাংলাদেশ দলের দুই পরাজয়ের অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করেছেন বাঁহাতি ব্যাটসম্যান জুনায়েদ সিদ্দিকী।
শুক্রবার ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ সামনে রেখে বুধবার দুপুরে জহুর আহমেদ চৌধুরী বিভাগীয় স্টেডিয়ামে অনুশীলনের ফাঁকে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
মাঝে একদিন বিরতি দিয়ে বুধবার চট্টগ্রামে আবারো অনুশীলন করে বাংলাদেশ ও ইংল্যান্ড ক্রিকেট দল।
টাইগাররা অনুশীলন শুরু করে দুপুর দুইটা থেকে। প্রথমে ফুটবল নিয়ে কিছুক্ষণ গা গরম করার পর ফিল্ডিং আর ব্যাটিং প্র্যাকটিস চলে। বিকাল সাড়ে পাঁচটায় মাঠে নামে ইংল্যান্ড দল।
অনুশীলনের এক ফাঁকে বাংলাদেশ দলের পক্ষে জুনায়েদ সিদ্দিকী সাংবাদিকদের বলেন, "আগের ম্যাচগুলোতে আমরা বড় পার্টনারশিপ গড়তে পারিনি। আশা করি, শুক্রবারের ম্যাচেই বড় পার্টনারশিপ হবে।"
বেশ কিছুদিন ধরে বড় স্কোর করেত পারছেন না জানিয়ে তিনি বলেন, "আশা করি আমিও বড় ইনিংস খেলতে পারব।"
ইংল্যান্ড দলের পক্ষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পিটারসেনের পরিবর্তে দলে সুযোগ পাওয়া ইয়ান মরগান।
পিটারসেন ও স্টুয়ার্ট ব্রডের ইনজুরি তেমন কোনো সমস্যায় ফেলবে না উল্লেখ করে মরগান বলেন, "দলে সুযোগ পেয়েছি, তা কাজে লাগাতে চাই।"
তার মতে, শুক্রবারের ম্যাচে স্পিন আক্রমণই হবে বাংলাদেশের মূল শক্তি। তবে এ বিষয়ে ইংল্যান্ড যে আলাদা প্রস্ততি নিচ্ছে, সে কথাও জানিয়ে রেখেছেন এই ব্যাটসম্যান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/জেকে/২১১৫ ঘ.
bdnews24