ঢাকা, মার্চ ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে ব্যাটসম্যানদের ব্যর্থতায় ৪৫ ওভার ৪ বলে ১৭১ রানে গুটিয়ে গেছে ইংল্যান্ড।
ইংল্যান্ডের ব্যাটসম্যানদের শট বাছাইয়ে ভুলের পাশাপাশি বোলার ব্যবহারের ক্ষেত্রে মুন্সিয়ানার পরিচয় দিয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক গ্রায়েম স্মিথ।
শুরুটা করেন রবিন পিটারসনকে দিয়ে আর শেষ করেন ইমরান তাহিরকে দিয়ে। দুজনেই গড়েন একদিনের ক্রিকেট জীবনের সেরা বোলিং রেকর্ড।
প্রথম ওভারে বল তুলে দেন পিটারসনের হাতে। তৃতীয় বলে অ্যান্ড্রু স্ট্রাউস (০) ও পঞ্চম বলে কেভিন পিটারসেনকে (২) ফিরিয়ে দিয়ে শুরুতেই ইংল্যান্ডকে একটা বড় ধাক্কা দেন তিনি।
৫ম ওভারের ৪র্থ বলে ফিরতি ক্যাচ ধরে পিটারসন দলীয় ১৫ রানে ইয়ান বেলকে (৫) ফিরিয়ে দেন। প্রথম স্পেলে ৪ ওভারে ৪ রান দিয়ে নেন ৩ উইকেট।
৪র্থ উইকেটে জনাথন ট্রট ও রবি বোপারা ৯৯ রানের জুটি গড়ে লড়াইয়ে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন। এবার কাজ শুরু করেন তাহির। ট্রটকে (৫২) ফিরিয়ে দিয়ে নেন নিজের প্রথম উইকেট।
একদিনের ক্রিকেট জীবনে এটি ট্রটের নবম অর্ধশতক। বিশ্বকাপে তৃতীয়। তার ৯৪ বলের ধৈর্যশীল ইনিংসটি সাজান ৩টি চার দিয়ে।
অর্ধশতক পান পল কলিংউডের বদলে নামা বোপারাও। ৬০ রান করে মর্নে মরকেলের শিকারে পরিণত হন তিনি। ৯৮ বলের ইনিংসে ৩টি চার ও ১টি ছয় হাঁকান বোপারা।
এই দুজনের ৯৯ রানের জুটির পর আর কোনো জুটি গড়ে উঠেনি। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ২৬ বল বাকি থাকতেই গুটিয়ে যায় ১৭১ রানে।
আর কোনো জুটি পারেনি বিশের কোঠা পেরুতে। ৫ম উইকেট জুটিতে বোপারা ও ম্যাট প্রায়র করেন ২০ রান।
গ্রায়েম সোয়ান (১৬) ও প্রায়র (১০) ছাড়া আর কোনো ব্যাটসম্যান পারেন নি দু'অঙ্কের কোঠায় পৌঁছতে।
দলের ৭ ব্যাটসম্যানের ব্যাট থেকে আসে কেবল ১৩ রান।
দক্ষিণ আফ্রিকার পক্ষে ইমরান তাহির ৩৮ রানে নেন ৪ উইকেট। বিশ্বকাপে ৩ খেলায় ১১ উইকেট নিয়ে আছেন পাকিস্তানের শহিদ আফ্রিদির (১৪) ঠিক পেছনেই।
পিটারসন ২২ রান দিয়ে নেন ৩ উইকেট। ১৬ রান দিয়ে ২ উইকেট নেন মরকেল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৩৫২ ঘ.
bdnews24