চট্টগ্রাম, মার্চ ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকায় বাংলাদেশ দলের পরাজয়ের পর ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়দের বাসে ঢিল ছোড়ার মতো ঘটনা যেন চট্টগ্রামে না ঘটে সেলক্ষ্যে কঠোর নিরাপত্তা নিতে বলেছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. আবদুল করিম।
শনিবার বিকালে চট্টগ্রাম সার্কিট হাউজে অনুষ্ঠিত বিশ্বকাপ প্রস্তুতি কমিটির সভায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার তাগিদ দেন আবদুল করিম।
সভায় নিরাপত্তার প্রসঙ্গটি তুলে ধরেন চট্টগ্রামের পটিয়ার সাংসদ শামশুল হক চৌধুরী। ঢাকায় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের গাড়িতে ঢিল নিক্ষেপ ও টিকিট নিয়ে 'কেলেঙ্কারির অভিযোগ' করেন তিনি।
এ প্রসঙ্গে মো. আবদুল করিম বলেন, "ঢাকায় বাংলাদেশ দলের পরাজয়ের পর যে ঘটনা ঘটেছে সে ধরণের কোনো কিছু যেন এখানে না ঘটে তার জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিতে হবে।"
এ সময় চট্টগ্রামের পুলিশ কমিশনার মো. আবুল কাশেম নিরাপত্তাজনিত কোনো সমস্যা হবে না বলে আশ্বাস দেন।
বৈঠকে মুখ্য সচিব বিশ্বকাপ প্রস্তুতির অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (সিসিসি) ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষসহ (সিডিএ) সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।
মুখ্য সচিব বলেন, স্বল্প সময়ের মধ্যে আপনারা বিভিন্ন কাজ সম্পন্ন করে এনেছেন এ জন্য ধন্যবাদ। কাজের অগ্রগতি সন্তোষজনক।
সভায় সিসিসি, সিডিএ, জাতীয় ক্রীড়া পরিষদ, বাংলাদেশ ক্রিকেট বোর্ড, পর্যটন কর্পোরেশনসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এই কয়দিনে ছিনতাই বেড়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করে মুখ্য সচিব বলেন, "এ বিষয়ে বিশেষ নজর দিতে হবে। যাতে কোন দেশি বিদেশি পর্যটক এই ধরণের পরিস্থিতির সম্মুখীন না হন।"
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী বিভাগীয় স্টেডিয়ামে আগামী ১১ মার্চ ইংল্যান্ড এবং ১৪ মার্চ নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ ক্রিকেট দল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/পিডি/২১৩২ ঘ.
bdnews24