বাংলাদেশের ব্যাটসম্যানরা এতোটা দায়িত্বহীনতার পরিচয় দেবেন- তা ভাবতেই পারিনি।
ভেবেছিলাম, ওয়েস্ট ইন্ডিজকে একটা চ্যালেঞ্জিং স্কোর ছুড়ে দেবে তারা। কিন্তু তার বদলে বাংলাদেশ দলের ব্যাটসম্যানরা যা করলেন, তাতে ভালো কোনো ফল আশা করা যায় না।
বাজে দিনে ব্যাটসম্যানরা ব্যর্থ হতেই পারে, কিন্তু এমন ব্যর্থতা ছিল কল্পনারও অতীত। কী বলব আমি; ভাষায় প্রকাশ করতে পারছি না। একজন ক্রিকেটার হিসেবে বাংলাদেশের এমন হারে আমিও লজ্জিত।
এমন ব্যাটিং আরও চার-পাঁচ বছর আগে মেনে নেওয়া যেতো। কিন্তু এখন আমরাতো র্যাঙ্কিংয়ে ওয়েস্ট ইন্ডিজের চেয়ে এগিয়ে আছি। এখন এতোটা খারাপ পারফরম্যান্স কোনোভাবেই মানা যায় না।
একজন-দুজন খারাপ করতে পারে; তাই বলে পুরো দল!
ওয়েস্ট ইন্ডিজের বোলাররা খুব ভালো বল করেছে- তা কিন্তু নয়। বাংলাদেশের ব্যাটসম্যানরা একটু ভেবে চিন্তে খেললেই এতো সমস্যা হতো না। ৫০ ওভার ব্যাট করতে পারলে সম্মানজনক একটি স্কোর হয়তো করা যেতো।
আমার মনে হয়েছে, বাংলাদেশের প্রত্যেকেই তাড়াহুড়ো করেছেন। প্রতিপক্ষের সামনে বড় স্কোর ছুড়ে দিতে হবে- এমন একটা তড়না কাজ করছিল সবার মধ্যে। শেষ পর্যন্ত সেটাই তাদের কাল হয়েছে। নিয়মিত বিরতিতে উইকেটগুলো খুইয়েছে বাংলাদেশ।
এখন খুব বেশি হতাশ না হয়ে পরের ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে যাতে ভালো করা যায়, সে প্রস্তুতি নিতে হবে। মানসিকভাবে নিজেদের প্রস্তুত করতে হবে।
নিউজিল্যান্ড বনাম জিম্বাবুয়ে
ভেবেছিলাম জিম্বাবুয়ে কিছুটা প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারবে, কিন্তু সেটাও হয়নি। আসলে জিম্বাবুয়ের ব্যাটসম্যানরাও খুব একটা সুবিধা করতে পারেনি।
বাংলাদেশের মতো জিম্বাবুয়েও দায়িত্বহীনভাবে ব্যাট করেছে। তবে দলটি আসলে এতোটা দুর্বল নয়।
জিম্বাবুয়ে আগের ম্যাচে কানাডার বিপক্ষে দুর্দান্ত ব্যাট করেছিল। নিউজিল্যান্ডের বিপক্ষে না পারার কারণ হলো শট সিলেকশনে ভুল।
নিউজিল্যান্ডের বোলিংয়ে মূল ভরসা তাদের পেসাররা। একটু দেখেশুনে খেললে ১০ উইকেটে হারতে হতো না জিম্বাবুয়েকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/জেকে/১৭৪৮ ঘ.
bdnews24