২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যে কোনো দল জিততে পারে: সামি

ওয়েস্ট ইন্ডিজ-বাংলাদেশের খেলায় যে কোনো দল জিততে পারে বলে মন্তব্য করেছেন ড্যারেন সামি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2011, 02:05 PM

Updated : 24 Aug 2022, 02:37 PM

ঢাকা, মার্চ ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ওয়েস্ট ইন্ডিজ-বাংলাদেশের খেলায় যে কোনো দল জিততে পারে বলে মন্তব্য করেছেন ড্যারেন সামি। বৃহস্পতিবার বাংলাদেশের বিপক্ষে ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ড্যারেন সামি বলেন, "ক্রিকেট অনিশ্চিত খেলা। নির্দিষ্ট দিনে যে কোনো দলই জিততে পারে। তাই কেউ ফেভারিট নয়।" ভালো দল হিসেবে বাংলাদেশকে সমীহ করছেন তিনি। প্রশংসা করেছেন বাংলাদেশের বোলারদের। বিশেষ করে আব্দুর রাজ্জাকের। উইকেট নিয়ে একবারেই চিন্তিত নন সামি। বলেন, "এখন পর্যন্ত সব উইকেটই ব্যাটিং সহায়ক ছিলো। দলগুলি ৩০০ উপরে রান তাড়া করে জিতে যাচ্ছে।" উইকেট পেস সহায়ক নাকি স্পিন সেটা নিয়েও ভাবছেন না। ভাবছেন ভালো ক্রিকেট খেলা নিয়ে। গ্র"প পর্বে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে গেলেও পরের খেলায় নেদারল্যান্ডসকে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক বলেন, "আমরা পূর্ণ আত্মবিশ্বাস নিয়েই বাংলাদেশে এসেছি। ডোয়াইন ব্রাভোকে হারনো থেকেও আমরা প্রেরণা খুঁজে নিয়েছি। আমরা তার জন্য জিততে চাই।" দলের বোলারদের উপর অগাধ আস্থা তার। বিশ্বাস করেন কেমার রোচ, সুলেমান বেন, নিকিতা মিলার সময় মতো জ্বলে উঠবেন। ভরসা রাখছেন ক্রিস গেইল, কিরন পোলার্ড, ডেভন স্মিথের উপরেও। "ক্রিস (গেইল) দলকে কিভাবে এগিয়ে নেবে সেই পরিকল্পনা তার আছে। দায়িত্ব সম্পর্কে সে সচেতন। স্মিথও ভালো করছে।" প্রতিশোধের নয়, দেখছেন দ্বিতীয় পর্বে এগিয়ে যাওয়ার খেলা হিসেবে। বলেন "বি গ্র"প থেকে দ্বিতীয় পর্বে যাওয়ার দরজা সব দলের জন্যই খোলা। শুক্রবারের খেলায় জিতে একটু এগিয়ে থাকতে চাই।" স্বাগতিক দলের বিপক্ষে খেলাকে চাপ নয় উপভোগ্য হিসেবে মন্তব্য করেছেন তিনি। "ওয়েস্ট ইন্ডিজে খেলা হলে দর্শকরা আমাদেরই সমর্থন করতো। এখানেও তাই। মাঠে অনেক দর্শক হলে বুঝবো বাংলাদেশের জনগণ ক্রিকেট ভালোবাসে।" ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ জেতার সামর্থ্য আছে বলে দাবি সামির। বলেন, "আয়ারল্যান্ড-ইংল্যান্ড ম্যাচের দিকে তাকালেই বোঝা যায় বিশ্বকাপে বড়-ছোট দল বলে কোনো কথা নেই। বিশ্বকাপ জেতার সামর্থ্য সব দলেরই আছে।" বাংলাদেশের বিপক্ষে পরিকল্পনা কি হবে তা জানালেও খেলার জন্য যে দল প্রস্তুত তা জানিয়ে দিতে কার্পণ্য করেন নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএনএম