ঢাকা, মার্চ ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ খেলায় মাঠে ভুল না করতে সতীর্থদের প্রতি আহ্বান জানিয়েছেন সাকিব আল হাসান।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান এই আহ্বান জানান।
এ সময় তিনি বলেন, "জিততেই হবে এমন চাপ নিয়ে আমরা মাঠে নামবো না। তবে চেষ্টা থাকবে গত খেলার ভুলগুলো এড়ানোর। আর তা করতে পারলে আমরাই জিতবো।"
বি গ্র"প থেকে যে কেউ দ্বিতীয় পর্বে যেতে পারে মন্তব্য করে তিনি বলেন, "দরজা সবার জন্যই খোলা। তবে শুক্রবার জিততে পারলে আমরা একধাপ এগিয়ে যাব।"
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুক্রবার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিজেদের ৩য় খেলায় মাঠে নামবে বাংলাদেশ।
সকাল সাড়ে ১০টার দিকে অনুশীলনের জন্য মাঠে আসে বাংলাদেশ দল। জয়ের জন্য মরিয়া বাংলাদেশ দলের খেলোয়াড়রা এদিন অনুশীলনে ছিলেন দারুণ মনযোগী।
দলে চোট সমস্যা নেই এবং অনুশীলনও ভালো হয়েছে বলে জানান সাকিব।
আয়ারল্যান্ডের বিপক্ষে দলে ছিলে না মাহমুদুল্লাহ রিয়াদ। ওয়েস্ট ইন্ডিজ দলে বেশ কয়েকজন বাঁহাতি ব্যাটসম্যান থাকায় ১২ সদস্যের দলে তিনি আছেন বলে জানান তিনি।
তবে চূড়ান্ত একাদশে রিয়াদ কিংবা আশরাফুলের থাকার ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান সাকিব। এছাড়া বলেন নি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজেদের পরিকল্পনা সম্পর্কেও।
২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ৩-০ ব্যবধানে একদিনের সিরিজ জিতে এসেছে বাংলাদেশ। আইসিসি প্রকাশিত র্যাঙ্কিংয়ে ওয়েস্ট ইন্ডিজকে টপকে এখন অষ্টম স্থানে উঠে এসেছে টাইগাররা। তবে এসব নিয়ে আত্মতুষ্টিতে নেই বাংলাদেশ দল।
সাকিব বলেন, "ওই সিরিজে ওয়েস্ট ইন্ডিজের অনেক গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিলেন না। এখন তারা দলে ফিরেছেন। আমরা জানি ওয়েস্ট ইন্ডিজ এখন অনেক শক্তিশালী।"
এবারের বিশ্বকাপে গ্র"প পর্বের দীর্ঘ সূচী নিয়ে অনেকেই সমালোচনা করলেও বাংলাদেশ অধিনায়কের অবস্থান পক্ষেই। কারণ, মাঝের সময়ে ছোট খাটো চোট থাকলে তা ঠিক করে নেয়া যায়।
এছাড়া টস ও উইকেট নিয় এতো কথা বলার কোনো মানে দেখেন না সাকিব। বলেন, "টস বা উইকেট জয়-পরাজয়ের বড় ভূমিকা রাখবে না। জিততে হবে ভালো খেলেই।"
"ক্রিস গেইল বা কিরন পোলার্ড দাঁড়িয়ে গেলে বোলারদের কিছু করার থাকে না তাই তাদের দাঁড়াতেই দিতে চাই না। চাই পজিটিভ ক্রিকেট খেলতে। তাহলেই আসবে ভালো ফল।" আত্মবিশ্বাসী সাকিবের দৃঢ় উচ্চারণ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএনএম/১৮৩৪ ঘ.
bdnews24