২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আমরাই জিতবো: রোচ

র‌্যাঙ্কিং কোনো ব্যাপার নয়, যে দল ভালো খেলবে তারাই জিতবে বলে মনে করেন ওয়েস্ট ইন্ডিজ পেসার কেমার রোচ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2011, 11:54 AM

Updated : 24 Aug 2022, 02:37 PM

ঢাকা, মার্চ ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - র‌্যাঙ্কিং কোনো ব্যাপার নয়, যে দল ভালো খেলবে তারাই জিতবে বলে মনে করেন ওয়েস্ট ইন্ডিজ পেসার কেমার রোচ। বুধবার জিপি-বিসিবি একাডেমি মাঠে অনুশীলনের ফাঁকে রোচ বলেন, " আমার মনে হচ্ছে আমরাই জিতবো।" বাংলাদেশের বিপক্ষে শুক্রবারের গুরুত্বপূর্ণ খেলায় প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মন্তব্য করলেও এগিয়ে রাখছেন নিজের দল ওয়েস্ট ইন্ডিজকেই। বিশ্বকাপে প্রথম হ্যাট্রিক পাওয়া রোচ ভীষণ আত্মবিশ্বাসী জয়ের ব্যাপারে। "বাংলাদেশ ভালো দল। তবে তাদের বিপক্ষে জেতার জন্যই আমরা মাঠে নামবো। আর জেতার সামর্থ্য আমাদের আছে।" উইকেট কেমন হবে সেটা নিয়ে ভাবছেন না রোচ, "আমি এখানে আগে খেলিনি। আসলে উইকেট স্পিন সহায়ক না পেস সহায়ক সেটা কোনো ব্যাপার না, পিচ যেমনই হোক আমার কাজ হচ্ছে ভালো বল করা।" দ্বিতীয় পর্বে উঠার লড়াইয়ে শুক্রবারের খেলাটি বাড়তি গুরুত্ব দিচ্ছেন না তিনি। বলেছেন, "সব ম্যাচই গুরুত্বপূর্ণ। জিততে চাই সব ম্যাচই।" ২০০৯ সালের জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ৩-০ ব্যবধানে একদিনের সিরিজ জেতে বাংলাদেশ। ওই সিরিজ দলে ছিলেন রোচ। ওই হারকে দুঃখজনক হিসেবে মন্তব্য করে তিনি বলেন, "সে সময় গুরুত্বপূর্ণ খেলোয়াড়রা দলে ছিলেন না। এখন তারা দলে ফিরেছেন। তাই দলের শক্তিও অনেক বেড়েছে।" দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম খেলায় চোট পান ওয়েস্ট ইন্ডিজের গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান ডোয়াইন ব্রাভো। চোটের কারণে দেশে ফিরে যেতে হয় তাকে। দল তার অভাব অনুভব করছে বলে জানান রোচ। ব্র্যাভোর বদলে ওয়েস্ট ইন্ডিজ দলে ডাক পেয়েছেন গায়ানার লেগস্পিনার দেবেন্দ্র বিশু। তবে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামা হচ্ছে না তার। রোচ জানিয়েছেন, নেদারল্যান্ডসের বিপক্ষে জয়ী দলটিকেই শুক্রবার মাঠে নামানো হবে। সকাল ১০ থেকে ১টা পর্যন্ত অনুশীলন করার সময় বেশ ফুরফুরে মেজাজে ছিলেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা। ফুটবল দিয়ে অনুশীলন শুরু করেন তারা । ত্রিশ মিনিট গা-গরমের পর ঘড়ি ধরে পরের ত্রিশ মিনিট ক্যাচ অনুশীলন করেন। সোয়া এগারোটার দিকে নেটে ব্যাটিং করতে নামেন ডেভন স্মিথ, শিবনারায়ন চন্দরপলরা। ক্রিস গেইল মাঠের উইকেটেই অনুশীলন করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএনএম/টিএ/১৭৫০ ঘ.