ঢাকা, মার্চ ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - তিন ব্যাটসম্যানের অর্ধশতকের ওপর ভর করে আয়ারল্যান্ডকে জেতার জন্য ৩২৮ রানের লক্ষ্য বেঁধে দিয়েছে ইংল্যান্ড।
ব্যাঙ্গালোরের চিন্নাস্বামী স্টেডিয়ামে বিশ্বকাপ ক্রিকেটের ১৫তম খেলায় প্রথমে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ৩২৭ রান করে ইংল্যান্ড।
টস জিতে ব্যাট করতে নেমেই দ্রুত রান তুলতে থাকেন ইংল্যান্ডের দুই উদ্বোধনী ব্যাটসম্যান অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস ও কেভিন পিটারসেন। মাত্র ১৩ ওভার ৩ বলে ৯১ রানের শক্ত ভিত্তি গড়ে দেন তারা।
স্ট্রাউস ৩৪ রান করে বিদায় নিলেও খেলে যেতে থাকন কেভিন পিটারসেন। ১১১ রানের মাথায় সাজঘরে ফেরার আগে আদায় করে নেন বিশ্বকাপে তার চতর্থ অর্ধশতক (৫৯)। আর একদিনের ক্রিকেট জীবেনের ২২তম।
মাঠে নেমে পরের ব্যাটসম্যানরা হাত খুলে খেলতে থাকেন। নাকাল করতে থাকেন আয়ারল্যান্ডের বোলারদের।
তৃতীয় উইকেট জুটিতে জোনাথন ট্রট ও ইয়ান বেল ১৬৭ রান তুললে ইংল্যান্ডের রান ৩০০-এর কাছাকাছি পৌঁছে যায়। ২৭৮ রানের মাথায় জন মুনির বলে পল স্টার্লিংয়ের হাতে ধরা পড়ার আগে বেল করেন ৮১। তিনি তার ইনিংসটি সাজান ছয়টি চার ও একটি ছক্কা দিয়ে। বিশ্বকাপে বেলের এটি তৃতীয় অর্ধশতক। একদিনের ক্রিকেট জীবনের ১৮তম।
দলের সঙ্গে আর দশ রান যোগ হতেই বিদায় নেন ট্রট। ৯২ বলে ৯২ করে মুনির বলে বোল্ড হন তিনি। বিশ্বকাপে ট্রটের এটি দ্বিতীয় অর্ধশতক। একদিনের ক্রিকেট জীবনের অষ্টম। এছাড়া একদিনের খেলায় ১০০০ রানের মাইলফলকও টপকে যান তিনি এই খেলায়।
২৮৮ থেকে ৩২৭, এই ৩৯ রানের মধ্যে সাজঘরে ফিরে যান আরো চার ব্যাটসম্যান। তাদের মধ্যে দুই অংকের ঘরে পা রাখেন কেবল পল কলিংউড (১৬)।
শেষ পর্যন্ত গ্রায়েম সোয়ান অপরাজিত থাকেন ৯ রানে।
আয়ারল্যান্ডের বোলারদের মধ্যে মুনি ৪ উইকেট নেন ৬৩ রানে। ৫৮ রানে দুই উইকেট নেন ট্রেন্ট জনস্টোন।
বিশ্বকাপে এর আগে ইংল্যান্ড ৬ উইকেটে হারায় নেদারল্যান্ডসকে। পরের খেলায় টাই করে ভারতের সঙ্গে।
আয়ারল্যান্ডের এটি দ্বিতীয় খেলা। প্রথম খেলায় বাংলাদেশের কাছে হার মানে ২৭ রানে।
দল দু'টির মধ্যে এটি চতুর্থ খেলা। এর আগের তিন খেলাতেই ইংল্যান্ডের কাছে হেরেছে আয়ারল্যান্ড।
ইংল্যান্ড: অ্যান্ড্রু স্ট্রাউস (অধিনায়ক), জেমস অ্যান্ডারসন, ইয়ান বেল, টিম ব্রেসন্যান, স্টুয়ার্ট ব্রড, পল কলিংউড, কেভিন পিটারসেন, ম্যাট প্রায়র, গ্রায়েম সোয়ান, মাইক ইয়ার্ডি ও জনাথন ট্রট।
আয়ারল্যান্ড: উইলিয়াম পর্টারফিল্ড (অধিনায়ক), অ্যালেক্স কুস্যাক, নিল ও'ব্রায়ান, কেভিন ও'ব্রায়ান, জর্জ ডকরেল, ট্রেন্ট জনস্টন, জন মুনি, বয়েড র্যাঙ্কিন, পল স্টারলিং, গ্যারি উইলসন (উইকেটরক্ষক) ও এড জয়েস।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৮৪২ ঘ.
bdnews24