ঢাকা, মার্চ ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শক্তির বিচারে বিস্তর ফারাক ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের মধ্যে। তবে একদিনের ক্রিকেট বলে আয়ারল্যান্ড প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুললে অবাক হওয়ার কিছু থাকবে না। আর জয়ের জন্য চাই অলৌকিক কিছু ঘটনা।
বিশ্বকাপ ক্রিকেটে নিজেদের তৃতীয় খেলায় বুধবার আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে ইংল্যান্ড ব্যাঙ্গালোরে খেলা শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩টায়।
এর আগে ইংল্যান্ড ৬ উইকেটে হারায় নেদারল্যান্ডসকে। পরের খেলায় টাই করে ভারতের সঙ্গে।
আয়ারল্যান্ড নিজেদের প্রথম খেলায় বাংলাদেশের কাছে হার মানে ২৭ রানে।
ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলার কারণে আয়ারল্যান্ডের খেলোয়াড়রা ইংল্যান্ডের ক্রিকেট সম্পর্কে বেশ ওয়াকিবহাল এবং তা কাজে লাগতে পারে খেলায়।
এর আগে মোট তিনবার খেলেছে ইংল্যান্ড ও আয়ার্যান্ড। সব খেলাতেই জিতেছে ইংল্যান্ড। তবে শেষ খেলায় প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছিল আয়ারল্যান্ড। হার মানে মাত্র ৩ রানে।
প্রথম খেলায় বাংলাদেশের বিপক্ষে হারলেও শক্তি ও বুদ্ধিমত্তার প্রমাণ দিয়েছে উইলিয়াম পোর্টারফিল্ডের দল।
আয়ারল্যান্ড দলে রয়েছে একঝাঁক 'ক্ষুদে' অলরাউন্ডার। কেউ পারেন পেস বোলিং করতে, কেউ বা পারেন স্পিন। চার স্পিনারের পাশাপাশি চার মিডিয়াম পেসার, বোলিং শক্তি নেহায়েত কম নয়।
খেলায় আলাদাভাবে নজর কাড়তে পারেন এড জয়েস। গত বিশ্বকাপে খেলেছেন ইংল্যান্ডের হয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে। এবার খেলছেন আয়ারল্যান্ডের হয়ে ইংল্যান্ডের বিপক্ষে। ওই খেলায় ১ রান করেছিলেন তিনি। কিন্তু এবার ইংল্যান্ডকে পোড়াতে চান বড় ইনিংস খেলে।
ইংল্যান্ডের ব্যাটসম্যানরা রয়েছেন দারুণ ছন্দে। প্রথম খেলায় ২৯৩, পরের খেলায় ৩৩৯ রানের জয়ের লক্ষ্য তাড়া করেও হার মানেনি স্বাগতিক ভারতের বিপক্ষে।
ব্যাট হাতে সামনে থেকেই নেতৃত্ব দিচ্ছেন অ্যান্ড্রু স্ট্রাউস। নতুন ভূমিকায় নিজেকে মানিয়ে নিয়েছেন কেভিন পিটারসেন। জনাথন ট্রট, ইয়ান বেল মাঝ পথে ধরছেন ইনিংসের হাল।
ইংল্যান্ডের বোলারদের মধ্যে জেমস অ্যান্ডারসন হঠাৎ করেই যেন ছন্দ হারিয়ে ফেলেছেন। ভারতের বিপক্ষে তিনি রান দেন সবচেয়ে বেশি। বিশ্বকাপের ইতিহাসে তার দেশের কোনো বোলার কখনোই এতো বেশি রান দেননি।
টিম ব্রেসন্যান ভারতের বিপক্ষে ৫ উইকেট নিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন । ছন্দে থাকা স্টুয়ার্ট ব্রড ফিরলে অবশ্য অনেকটাই গুছিয়ে উঠবে ইংল্যান্ডের বোলিং। পেসাররা শুরুতে কয়েকটি উইকেট তুলে নিলে বাকি কাজ সারতে প্রস্তুত গ্রায়েম সোয়ান, মাইকেল ইয়ার্ডি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/১৭২৯ ঘ.
bdnews24