ঢাকা, ফেব্রুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিশ্বকাপের দ্বাদশ খেলায় কানাডাকে ১৭৫ রানে হারিয়েছে জিম্বাবুয়ে। এবারের বিশ্বকাপে এটি জিম্বাবুয়ের প্রথম জয়।
নাগপুরে সোমবার টস জিতে ব্যাট করতে নেমে দুই অর্ধ-শতকের সুবাদে ৯ উইকেটে ২৯৮ রান করে জিম্বাবুয়ে। জবাবে ৪২ ওভার ১ বল খেলে ১২৩ রানেই গুটিয়ে যায় কানাডা।
২৯৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ৭ রানেই ৩ উইকেট হারিয়ে বসে কানাডা। রে প্রাইসের বল উদ্বোধনী ব্যাটসম্যান জন ডেভিসনের (০) উইকেট উপড়ে দেয়। অপর উদ্বোধনী ব্যাটসম্যান নিতিশ কুমার (১) ও অধিনায়ক আশীষ বাগাইকেও (০) ফেরান প্রাইস।
এ অবস্থায় দলের হাল ধরে খেলতে থাকেন রবিন্দু গুনাসেকারা ও জিমি হানসারা। দু'জনে মিলে ৮৯ বলে ৪৩ রানের জুটি গড়ে তোলেন।
দলীয় ৫০ রানে প্রসপার উতসেয়াকে উড়িয়ে মারতে গেলে হানসারার জায়গায় ফেরার আগে তার উইকেট ভেঙ্গে দেন উইকেটরক্ষক তাতেন্দা তাইবু। ৪১ বল খেলে ২০ রান করেন তিনি।
দলীয় সংগ্রহে আর কোনো রান যোগ হওয়ার আগেই রবিন্দু গুনাসেকারার (২৪) উইকেট উপড়ে নেন গ্রেগরি ল্যাম্ব।
এক প্রান্ত আঁকড়ে ধরে খেলে যেতে থাকেন জুবিন সুরকারি। তবে অন্য প্রান্তে চলতে থাকে ব্যাটসম্যানদের আসা-যাওয়া। শেষ পর্যন্ত সুরকারি ৪৮ বল খেলে ২৬ রান করেন।
এছাড়া রিজওয়ান চিমা ১৪ ও হারবীর বিদ্যান অপরাজিত ১৩ রান করেন।
জিম্বাবুয়ের পক্ষে রে প্রাইস ও গ্রায়েম ক্রিমার ৩টি করে উইকেট নেন। এজন্য প্রাইস দেন ১৬ রান। ক্রিমার দেন ৩১। এছাড়া প্রসপার উতসেয়া ২৪ ও গ্রেগরি ল্যাম্ব ২৯ রান দিয়ে ২টি করে উইকেট নিয়েছেন।
এর আগে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি জিম্বাবুয়েরও। মাত্র ৭ রানের মধ্যেই দুই উদ্বোধনী ব্যাটসম্যান ব্রেন্ডন টেইলর (০) ও চার্লস কভেন্ট্রিকে (৪) হারায় তারা।
তৃতীয় উইকেট জুটিতে ক্রেগ এরভিন ও তাতেন্দা তাইবু ইনিংস মেরামতের দায়িত্ব নেন। দু'জনে মিলে ১৬৭ বলে ১৮১ রানের জুটি গড়ে জিম্বাবুয়েকে শক্ত ভিত এনে দেন।
দলীয় ১৮৮ রানে বালাজি রাওয়ের বলে উইকেটরক্ষক আশীষ বাগাইয়ের হাতে ধরা পড়েন এরভিন। ৮১ বলে খেলা তার ৮৫ রানের ইনিংসে ৬টি চার ও ২টি ছক্কা ছিলো। বিশ্বকাপে এটি তার প্রথম অর্ধ-শতক।
দলের সঙ্গে আর ৫ রান যোগ হতেই তাইবুও সাজঘরের পথ ধরেন। মাত্র দুই রানের জন্য শতক বঞ্চিত হন তাইবু। বিশ্বকাপে এটি তার দ্বিতীয় অর্ধ-শতক। ৯টি চারের সাহায্যে ৯৯ বলে ৯৮ রান করেন তিনি।
এছাড়া শন উইলিয়ামস ৩০, গ্রায়েম ক্রিমার ২৬ ও প্রসপার উতসেয়া ২২ রান করেন।
কানাডার পক্ষে ৫৭ রান দিয়ে ৪ উইকেট নেন বালাজি রাও। এছাড়া খুররম চৌহান ৪৪ ও হারবীর বিদ্যান ৪৭ রান দিয়ে ২টি করে উইকেট নেন।
এর আগে একবার মুখোমুখি হয়েছিলো দল দু'টি। জিতেছে জিম্বাবুয়ে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৭১০ ঘ.
bdnews24