ঢাকা, ফেব্র"য়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - একে একে ব্যাটিংয়ের প্রায় সব রেকর্ড নিজের করে নিয়েছেন ভারতের শচীন টেন্ডুলকার। বাকি আছে কেবল দুই/একটি।
ইংল্যান্ডের বিপক্ষে শতক হাঁকানোয় একদিনের আন্তর্জাতিক ও টেস্ট ক্রিকেট মিলে শতরানের শতকে পৌঁছানোর পথে আরো একধাপ এগিয়ে গেলেন তিনি। ব্যাঙ্গালোরে ইংল্যান্ডের বিপক্ষে ১১৫ বলে ১০ চার ও ৫ ছয়ের সাহায্যে ১২০ রান করেন শচীন।
টেস্টে ৫১টি শতক হাঁকিয়েছেন তিনি। এবার আদায় করে নিলেন একদিনের খেলায় ৪৭ তম শতরান। সব মিলে ৯৮টি শতক হাঁকালেন তিনি।
এই শতকের সুবাদে শচীন ছাড়িয়ে গেলেন সৌরভ গাঙ্গুলী, মার্ক ওয়াহ ও রিকি পন্টিংকে। বিশ্বকাপে এ তিনজনেরই রয়েছে ৪টি করে শতক। নিজের ৬ষ্ঠ বিশ্বকাপে পেলেন তিনি পঞ্চম শতক।
একদিনের খেলায় শচীনের পিছনে ২৯টি শতক নিয়ে আছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক পন্টিং।
বিশ্বকাপে ৩৮ খেলায় শচীন ৫৮.৯০ গড়ে করেছেন ১,৯৪৪ রান। বিশ্বকাপে এত রান আর কোনো ব্যাটসম্যান করতে পারেননি। তার পেছনে আছেন পন্টিং ১,৫৭৭ রান নিয়ে।
এক বিশ্বকাপে সর্বাধিক রান করার রেকর্ডও শচীনের। ২০০৩ সালে ১১ খেলায় করেন ৬৭৩ রান। অস্ট্রেলিয়ার ম্যাথু হেইডেন আছেন তার পেছনে। ২০০৭ সালে ১১ খেলায় তিনি করেন ৬৫৯।
তবে রান তোলার গড়ের দিক দিয়ে শচীন পেছনে পড়েছেন দক্ষিণ আফ্রিকার ল্যান্স ক্লুজনারের। ১২৪ গড়ে ৩৭২ রান করেন ক্লুজনার। এক হাজারেরও বেশি রান করেছেন, এমন ব্যাটসম্যানদের মধ্যে কেবল স্যার ভিভিয়ান রিচার্ডসের গড় (৬৩.৩১ গড়ে ১০১৩ রান) তার চেয়ে বেশি।
একদিনের খেলায় ৪৭ শতক, ৯৩ অর্ধশতকসহ ৪৫.১১ গড়ে শচীনের রান ১৭,৭৭৭। সর্বোচ্চ হার না মানা ২০০। ৪৪৬ খেলায় ব্যাট করার সুযোগ পেয়েছেন ৪৩৫ বার।
একদিনের খেলায় শচীন প্রথম মাঠে নামেন ১৮ ডিসেম্বর ১৯৮৯ সালে, পাকিস্তানের বিপক্ষে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/১৯২২ ঘ.
bdnews24