ঢাকা, ফেব্র"য়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভারত ও ইংল্যান্ডের মধ্যে জমজমাট খেলা শেষ পর্যন্ত টাই হয়েছে। এবারের বিশ্বকাপ ক্রিকেটে এটি প্রথম টাই। আর বিশ্বকাপের ইতিহাসে চতুর্থ।
ব্যাঙ্গালোরের এম চিন্নাস্বামী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে শচীন টেন্ডুলকারের শতকের সুবাদে ৪৯ ওভার ৫ বলে ৩৩৮ রান করে ভারত। রান তাড়া করতে নেমে অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউসে শতকের ওপর ভর করে ইংল্যান্ডের পালাও থেমে যায় ৩৩৮ রানে।
ইংল্যান্ডের দুই উদ্বোধনী ব্যাটসম্যান স্ট্রাউস ও কেভিন পিটারসেন ৯ ওভার ৩ বলে ৬৬ রানের একটি মজবুত ভিত্তি গড়ে দেন। মুনাফ প্যাটেলের বলে ফিরতি ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে যান পিটারসেন। ২২ বলে ৫ চারের সাহায্যে ৩১ রান করেন তিনি।
দলীয় ১১১ রানের মাথায় পিযুষ চাওলার বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়ার আগে জনাথন ট্রট করেন ১৬।
তৃতীয় উইকেট জুটিতে স্ট্রাউস ও ইয়ান বেল ১৫৬ বলে ১৭০ রান তুললে জমে ওঠে খেলা। জহির খানের পরপর দুই বলে সাজঘরে ফিরে যান বেল ও স্ট্রাউস। ২৮১ রানের মাথায় মিড-অফে বিরাট কোহলির হাতে ধরা পড়ার আগে ৭১ বলে ৬৯ রান করেন বেল। তিনি তার ইনিংসটি সাজান ৪টি চার ও একটি ছক্কা দিয়ে। বিশ্বকাপে এটি তার দ্বিতীয় অর্ধ-শতক।
ওই ২৮১ রানের মাথায় এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন স্ট্রাউস। ১৪৫ বলে ১৫৮ রান করেন তিনি ১৮টি চার ও একটি ছক্কার সাহায্যে। এটি বিশ্বকাপ ও তার একদিনের ক্রিকেট-জীবনের সেরা ইনিংস।
এরপর রান তোলার হার কমে যায় ইংল্যান্ডের। মাইক ইয়ার্ডি ১০ বলে ১৩, টিম ব্রেসন্যান ৯ বলে ১৪ এবং গ্রায়েম সোয়ান ৯ বলে অপরাজিত ১৫ ও আজমল ২ বলে অপরাজিত ৬ রান করেন।
শেষ ওভারে ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি বল তুলে দেন মুনাফের হাতে। তখন জয়ের জন্য ইংল্যান্ডের দরকার ছিল ১৪ রান। আর শেষ বলে প্রয়োজন ছিল ২ রানের। কিন্তু সোয়ান ১ রানের বেশি নিতে পারেননি।
ভারতের বোলারদের মধ্যে জহির খান ৩ উইকেট নেন ৬৪ রানে। এছাড়া দু'টি করে উইকেট নেন মুনাফ ও চাওলা। এ জন্য মুনাফ দেন ৭০ রান। চাওলা ৭১।
এর আগে ব্যাট করতে নেমে শুরুতেই হাত খুলে খেলতে থাকেন ভারতের উদ্বোধনী ব্যাটসম্যান বীরেন্দর শেবাগ। তবে বেশি দূর এগোতে পারেননি তিনি। দলীয় ৪৬ রানের মাথায় ৩৫ রান করে ব্রেসন্যানের বলে উইকেটরক্ষক ম্যাট প্রায়রের হাতে ধরা পড়েন তিনি। তার ২৬ বলের ইনিংসে চার রয়েছে ৬টি।
দলীয় ২৩৬ রানের মাথায় জেমস অ্যান্ডারসনের বলে ইয়ার্ডির হাতে ধরা পড়ার আগে টেন্ডুলকার করেন ১২০। তিনি তার ইনিংসটি সাজান ১০টি চার ও ৫ ছক্কা দিয়ে। বিশ্বকাপে এটি টেন্ডুলকারের পঞ্চম শতক। আর একদিনের ক্রিকেট-জীবনে ৪৭তম।
৯৮ রান থেকে টেন্ডুলকার তার শতকে পৌঁছান ব্রেসন্যানের বল সীমানার ওপারে পাঠিয়ে। শতক (১০০) হাঁকানোর পথে তিনি খেলেন ১০৪ বল।
এর আগে ১৮০ রানের মাথায় সোয়ানের বল বোল্ড হন গম্ভির। তবে তার আগে তিনি অর্ধশতক (৫১) আদায় করেন। ৬১ বল খেলে দড়ির ওপারে বল পাঠান পাঁচবার।
পরে ৩০৫ রানের মাথায় ইয়ার্ডিকে উড়িয়ে মারতে গেলে সীমানার কাছে বেলের হাতে ধরা পড়েন যুবরাজ সিং। ৫০ বল খেলে ৫৮ রান করেন তিনি।
এরপরই শুরু হয় ব্যাটসম্যানদের উইকেটে যাওয়া ও আসার পালা। শেষ ২৪ বলে সাত ব্যাটসম্যান করেন ৩৩ রান।
ইংল্যান্ডের পক্ষে ব্রেসন্যান ৫ উইকেট নেন ৪৮ রানে। বিশ্বকাপ ও একদিনের খেলায় এটাই তার সেরা বোলিং।
এই খেলায় ৯ ওভার ৫ বলে ৯১ রান দেন অ্যান্ডারসন। বিশ্বকাপের ইতিহাসে এক খেলায় ইংল্যান্ডের আর কোনো বোলার এত রান দেননি।
খেলা হওয়ার কথা ছিলো কলকাতার ইডেন গার্ডেনে। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ইডেন গার্ডেনের প্রস্তুতিতে সন্তুষ্ট না হওয়ায় খেলা ব্যাঙ্গালোরে সরিয়ে নেয়া হয়।
ইংল্যান্ড ও ভারত শেষবার মুখোমুখি হয়েছিল ২০০৮ সালের ২৬ নভেম্বর কটকে।
এর আগে দল দু'টি একদিনের খেলায় মুখোমুখি হয় ৭০ বার। এর মধ্যে ভারত জেতে ৩৮টিতে। ৩০টিতে ইংল্যান্ড। পরিত্যক্ত হয় দু'টি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/২৩৫৫ ঘ.
bdnews24