ঢাকা, ফেব্র"য়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দু'বছরেরও বেশি সময় পর একদিনের খেলায় রোববার মুখোমুখি হচ্ছে ভারত ও ইংল্যান্ড।
ব্যাঙ্গালোরে বিশ্বকাপ ক্রিকেটের একাদশ খেলায় বাংলাদেশ সময় বিকেল ৩টায় মাঠে নামবে দল দু'টি।
খেলা হওয়ার কথা ছিলো কলকাতায়। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ইডেন গার্ডেনের প্রস্তুতিতে সন্তুষ্ট না হওয়ায় খেলা সরিয়ে নেয়া হয় এম চিন্নাস্বামী স্টেডিয়ামে।
বিশ্বকাপে নিজেদের প্রথম খেলায় ভারত ৮৭ রানে জেতে বাংলাদেশের বিপক্ষে। ইংল্যান্ড নিজেদের প্রথম খেলায় নেদারল্যান্ডসকে হারায় ৬ উইকেটে।
গত বিশ্বকাপে প্রথম পর্ব থেকে বিদায় নিলেও ভারত এবার দারুণ আত্মবিশ্বাসী। স্কোর বোর্ডে বড় রান জমা করার সামর্থ্য বীরেন্দর শেবাগ, শচীন টেন্ডুলকার, গৌতম গম্ভির, বিরাট কোহলির আছে।
রানের মধ্যে আছেনও তাদের সবাই। এরই মধ্যে বাংলাদেশের বিপক্ষে শতক হাঁকিয়েছেন শেবাগ ও কোহলি।
এছাড়া ছেড়ে কথা বলবেন না যুবরাজ সিং, মহেন্দ্র সিং ধোনি কিংবা ইউসুফ পাঠানও। তারা গুড়িয়ে দিতে পারেন বিশ্বের যে কোন বোলিং আক্রমণ।
বোলিং আক্রমণে জহির খান ও মুনাফ প্যাটেল রয়েছেন দারুণ ছন্দে। প্রথম খেলায় ভালো না করলেও প্রতিপক্ষকে ভাবতে হবে শ্রীশান্তকে নিয়েও। নতুন বলে উইকেট নিয়ে শুরুতেই ইংল্যান্ডকে চাপে ফেলে দিতে পারেন তারা।
হরভজন সিং ও পীযুষ চাওলা অনিয়িমত স্পিনারদের নিয়ে ভেঙে দিতে পারেন যে কোনো দলের ব্যাটিং লাইনআপ।
বিশ্বকাপের ঠিক আগে একদিনের সিরিজে অস্ট্রেলিয়ার কাছে ৬-১-এ হারার পর ইংল্যান্ড এখনো নিজেদের সেরাটা খুঁজে ফিরছে।
নেদারল্যান্ডসের বিপক্ষে জিতলেও বেশ বিপদেই পড়েছিল ইংল্যান্ড।
অভিজ্ঞতার জোরে সে যাত্রায় রক্ষা পেলেও জেতার জন্য পরের খেলায় যে উন্নতি করতে হবে তা স্বীকার করেছেন খোদ অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউসও।
স্ট্রাউস, কেভিন পিটারসেন, জোনাথন ট্রট, পল কলিংউড, রবি বোপারা ও ম্যাট প্রায়র নিজেদের মেলে ধরতে পারলে স্কোর বোর্ডে বড় রান জমা করা মোটেও কঠিন হবে না ইংল্যান্ডের জন্য।
জেমস অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রড, টিম ব্রেসন্যান নতুন বলের পাশাপাশি পুরনো বলেও উইকেট নিতে সক্ষম।
গ্রায়েম সোয়ানের নেতৃত্বাধীন ইংল্যান্ডের স্পিন আক্রমণকে অবশ্য বড় পরীক্ষার সামনে পড়তে হবে ব্যাঙ্গালোরে। কেননা স্পিনে বিশ্বসেরা 'ব্যাটিং-লাইনআপ'র বিপক্ষে বল করা সহজ হবে না।
তবে প্রস্তুত হয়েই মাঠে নামছে ইংল্যান্ড।
এ পর্যন্ত ভারত ও ইংল্যান্ড একদিনের খেলায় মুখোমুখি হয়েছে ৭০ বার। এর মধ্যে ৩৮ বার জিতেছে ভারত। ইংল্যান্ড জিতেছে ৩০ বার। পরিত্যক্ত হয় ২টি খেলা।
দল দু'টি সর্বশেষ মুখোমুখি হয়েছিল ২০০৮ সালের ২৬ নভেম্বর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/১৭১৯ ঘ.
bdnews24