২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আয়ারল্যান্ডের জয়ের লক্ষ্য ২০৬

আয়ারল্যান্ডকে জেতার জন্য ২০৬ রানের লক্ষ্য বেঁধে দিয়েছে বাংলাদেশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2011, 12:57 PM

Updated : 24 Aug 2022, 02:35 PM

ঢাকা, ফেব্রুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আয়ারল্যান্ডকে জেতার জন্য ২০৬ রানের লক্ষ্য বেঁধে দিয়েছে বাংলাদেশ। শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিশ্বকাপ ক্রিকেটের নবম খেলায় শুক্রবার টস জিতে প্রথমে ব্যাট করে ৪৯ ওভার ২ বলে ২০৫ রান করে বাংলাদেশ। ব্যাট করতে নেমেই ঝড়ের গতিতে রান তুলতে থাকেন দুই উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল ও ইমরুল কায়েস। মাত্র ৬ ওভার ৫ বলে ৫৩ রানের চমৎকার একটা ভিত্তি রচনা করে দেন তারা। কিন্তু ইমরুল কায়েসের (১২ বলে ১২ রান) বিদায়ের পর দলীয় ৮৬ রানের মধ্যে আরো তিন ব্যাটসম্যান জুনায়েদ সিদ্দিকী (৩), তামিম ইকবাল (৪৪) ও অধিনায়ক সাকিব আল হাসান (১৬) সাজঘরে ফিরে গেলে খাদে পড়ে যায় বাংলাদেশ। সেই সঙ্গে কমে যায় রান তোলার গতি। এ অবস্থায় দলের হাল ধরেন উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহীম ও রকিবুল হাসান। পঞ্চম উইকেট জুটিতে তারা ৬১ রান তুলে দলকে খাদ থেকে টেনে তোলার যখন ইঙ্গিত দিচ্ছিলেন তখনই উইকেট বিলিয়ে দেন মুশফিক। দলীয় ১৪৭ রানের মাথায় জর্জ ডকরেলের বলে স্পিনের বিপরীতে সুইপ করেন মুশফিক। কিন্তু ঠিকমতো খেলতে পারেননি। ব্যাটের উপড়ের দিকে লেগে বল উঠে যায় আকাশে। জমা পড়ে অ্যান্ড্রু হোয়াইটের হাতে। ৬৬ বলে ৩৬ রান করেন তিনি। চার মারেন দু'টি। আবারো ১৫১ থেকে ১৭০, এই ১৯ রানের মধ্যে সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল (১), রকিবুল হাসান (৩৮) ও শফিউল ইসলাম (২) বিদায় নিলে বাংলাদেশের রান ২০০ পেরুবে কি না, তা নিয়ে সংশয় দেখা দেয়। কিন্তু আব্দুর রাজ্জাক ১১ ও শেষ ব্যাটসম্যান হিসেবে নাঈম ইসলাম ট্রেন্ট জনস্টনের বলে জর্জ ডকরেলের হাতে ধরা পড়ার আগে ২৯ রান করলে বাংলাদেশের রান ২০০ ছাড়িয়ে যায়। শেষ পর্যন্ত ২ রানে অপরাজিত থাকেন রুবেল হোসেন। আয়ারল্যান্ডের বোলারদের মধ্যে আন্দ্রে বোথা ৩ উইকেট নেন ৩২ রানে। এছাড়া ২টি করে উইকেট নেন ডকরেল ও জনস্টন। এ জন্য ডকরেল দেন ২৩ রান। জনস্টন দেন ৪০। এর আগে বাংলাদেশ ও আয়ারল্যান্ড একদিনের আন্তর্জাতিক খেলায় মুখোমুখি হয়েছে ছয়বার। এর মধ্যে বাংলাদেশ জিতেছে চারবার। আয়ারল্যান্ড দু'বার। এর মধ্যে একবার আবার ২০০৭ সালের বিশ্বকাপে। বাংলাদেশ: সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল (সহ-অধিনায়ক), মোহাম্মদ আশরাফুল, ইমরুল কায়েস, জুনায়েদ সিদ্দিক, রকিবুল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), নাঈম ইসলাম, রুবেল হোসেন, শফিউল ইসলাম ও আব্দুর রাজ্জাক। আয়ারল্যান্ড: উইলিয়াম পর্টারফিল্ড (অধিনায়ক), আন্দ্রে বোথা, নিল ও'ব্রায়ান, কেভিন ও'ব্রায়ান, জর্জ ডকরেল, ট্রেন্ট জনস্টন, জন মুনি, বয়েড র‌্যাঙ্কিন, পল স্টারলিং, অ্যান্ড্রু হোয়াইট ও এড জয়েস। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৮০২ ঘ.