২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপ: উচ্ছেদ হলেও আছেন হকাররা

বিশ্বকাপ উপলক্ষে ঢাকার বিভিন্ন রাস্তা থেকে উচ্ছেদ করা হয়েছে হকারদের। তবে ভ্রাম্যমাণ হিসাবে বিশ্বকাপ সামগ্রী নিয়ে ফিরেছেন তাদের অনেকেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2011, 05:42 AM

Updated : 24 Aug 2022, 02:35 PM

সুলাইমান নিলয় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, ফেব্র"য়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বকাপ উপলক্ষে ঢাকার বিভিন্ন রাস্তা থেকে উচ্ছেদ করা হয়েছে হকারদের। তবে ভ্রাম্যমাণ হিসাবে বিশ্বকাপ সামগ্রী নিয়ে ফিরেছেন তাদের অনেকেই। বাংলাদেশের বিভিন্ন সাইজের পতাকা, ভুভুজেলা, পাইপার, বিভিন্ন প্রকারের বাঁশি, হাত ও মাথার ব্যান্ড, লাল সবুজের ব্যাজ নানা পণ্য সামগ্রী বিক্রি করছেন তারা। আর প্রথমবারের মতো দেশে অনুষ্ঠিত এই বিশ্বকাপে বাংলাদেশ দলের সমর্থকরা তাদের ক্রিকেট প্রেমের অংশ হিসাবে নিজেদেরকে সাজাচ্ছেন এসব পণ্য দিয়ে। এসব হকারদের অনেকের কাছে পাওয়া যাচ্ছে ক্রিকেট খেলুড়ে অন্য দেশের পতাকাও। এমনকি লালবৃত্তের মাঝে মানচিত্র সম্বলিত দেশের প্রথম পতাকাটিও এদের কাছে পাওয়া যাচ্ছে। বিশ্বকাপের ডামাডোল শুরু হওয়ার আগে গুলিস্তানে শার্ট বিক্রি করতেন হকার আনোয়ার হোসেন। তবে বিশ্বকাপ শুরুর ১৫ দিন আগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে উচ্ছেদ করে। এরপর তিনি ফিরেছেন বিশ্বকাপ সামগ্রী পাইপার জোড়া নিয়ে। আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রতি জোড়া পাইপারের দাম ৪০ টাকা। বিশ্বকাপের উদ্বোধনী দিনে তিনি ৫০০ জোড়া পাইপার বিক্রি করেছেন। অপর এক সহযোগীর সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে গড়ে উঠা এই ব্যবসা তাদের সাধারণ সময়ের ব্যবসার তুলনায় লাভজনক বলেও জানান আনোয়ার। শনিবার বাংলাদেশের খেলা শুরুর আগে আনোয়ার হোসেনের কাছ থেকে পাইপার কিনেন পুরান ঢাকার বাসিন্দা সালেহ জামিল। সালেহ জামিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুইটি পাইপার দুই হাতে নিয়ে তালির পরিবর্তে বাজানো হয়। আনোয়ার হোসেন জানান, নতুন এ ব্যবসার জন্য তার কোন পুঁজির প্রয়োজন হয়নি। বিনা পুঁজিতে পাইকারি ব্যবসায়ীদের কাছ থেকে পাইপার এনে বিক্রির পর লাভ রেখে বাকী অংশ শোধ করছেন। বিশ্বকাপ উপলক্ষে গুলিস্তানে মৌসুমী বাঁশি ও ভুভুজেলা বিক্রেতা আব্দুস সাত্তার। একই এলাকায় বিশ্বকাপ উপলক্ষে উচ্ছেদ অভিযান শুরু আগে ফুটপাতে তার কসমেটিকসের দোকান ছিলো। সাত্তার জানান, বাঁশি প্রতিটির দাম ৩০-১৫০ টাকা। আর ভুভুজেলার দাম প্রতিটি ২৫০ টাকা। বঙ্গবন্ধু অ্যাভিনিউতে ১৮ বছর ধরে পতাকা বিক্রি করছেন সিদ্দিক মিয়া। বিশ্বকাপ উপলক্ষে এখানকার সব হকার উচ্ছেদ হলেও ব্যতিক্রম তিনি। বছরের অন্যান্য সময় পতাকার সঙ্গে বিভিন্ন মৌসুমী পোশাকও বিক্রি করতেন তিনি। এখন পতাকা, ক্যাপ, হাত ও মাথার ব্যান্ড ইত্যাদি বিক্রি করছেন। এতেই স্বাভাবিক সময়ের তুলনায় প্রায় পাঁচ থেকে সাত গুণ বেশি বিক্রি হচ্ছে বলে জানান তিনি। একই স্থানে পতাকা বিক্রি করেন আরেক হকার মোহাম্মদ শামীম।বিশ্বকাপে অংশগ্রহণকারী সব দেশের পতাকাই তার কাছে পাওয়া যায়। বাংলাদেশের পতাকার দাম ৩০ থেকে ২৫০ টাকা। অন্যান্য দেশের পতাকা প্রতিটির খুচরা মূল্য ২৫০ টাকা। তবে বিশ্বকাপে অংশগ্রহণকারী সব দেশের পতাকার একটি সেট নিলে ২০০ টাকা দাম রাখা হয়। রাজধানীর নিউমার্কেট এলাকার বিভিন্ন বিশ্বকাপ সামগ্রীর ভ্রাম্যমাণ বিক্রেতা মো. শরিফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পতাকা প্রতিটি দাম ৩০ থেকে ৬০০ টাকা। ক্যাপ ১৫০ টাকা, হাত ও মাথার ব্যান্ড ১০ থেকে ১৫ টাকা এবং ভারতের পতাকা ৫০ থেকে ১২০ টাকা। শরিফুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিগত ফুটবল বিশ্বকাপেও তিনি পতাকা বিক্রি করেছিলেন। সে তুলনায় পতাকার সার্বিক বিক্রি এখন অনেক কম। এরপরও খুশি শরিফুল। তিনি বলেন, "ফুটবল বিশ্বকাপে বাংলাদেশ খেলে না, তাই বাংলাদেশের পতাকাও বিক্রি হয় না। কিন্তু দেশের পতাকা বিক্রির মধ্যে অন্যরকম আবেগ কাজ করে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/কিউএইচ/এমআই/১১৪০ ঘ.