ঢাকা, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শক্তির বিচারে অস্ট্রেলিয়া কিছুটা এগিয়ে থাকলেও নিউজিল্যান্ডের সঙ্গে খেলাটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে।
নিউজিল্যান্ডের শক্তি যাই থাকুক না কেন, প্রতিপক্ষ হিসেবে অস্ট্রেলিয়াকে পেলেই যেন তারা বাঘ হয়ে ওঠে; এটা তাদের ঐতিহ্য। ঠিক যেমন হয় ভারত ও পাকিস্তানের বেলায়।
বাংলাদেশের সঙ্গে হেরেছিলো বলে নিউজিল্যান্ডকে খাটো করে দেখা ঠিক হবে না। প্রথম খেলায় কেনিয়াকে গুঁড়িয়ে দিয়ে তারা প্রমাণ করেছে, বিশ্বকাপের জন্য যথেষ্টই প্রস্তুত হয়ে এসেছে তারা।
ব্যাটিংয়ে রস টেলর ও ব্রেন্ডন ম্যাককালাম এবং বোলিংয়ে ড্যানিয়েল ভেট্টোরি ভালো করলে দিনটা নিউজিল্যান্ডেরও হতে পারে।
অবশ্য অস্ট্রেলিয়ার বোলিংয়ে শক্তির জায়গাটা হচ্ছে পেস আক্রমণ। মিশেল জনসন, ব্রেট লি ও শন টেইট যদি যদি স্বরূপে থাকেন, তাহলে যে কোনো ব্যাটসম্যানের জন্য কাজটা কঠিন হয়ে যায়।
নিউজিল্যান্ডের জন্য সুখকর বিষয় হচ্ছে, এ উপমহাদেশের উইকেটে পেসাররা খুব একটা সুবিধা পাচ্ছেন না। তাই ম্যাচটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এমআই/০৯৪০ ঘ.
bdnews24