২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নেদারল্যান্ডসের বিপক্ষে জিতেছে ইংল্যান্ড

বিশ্বকাপের পঞ্চম খেলায় নেদারল্যান্ডসকে ৬ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2011, 01:24 PM

Updated : 24 Aug 2022, 02:34 PM

ঢাকা, ফেব্র"য়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিশ্বকাপের পঞ্চম খেলায় নেদারল্যান্ডসকে ৬ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। নাগপুরে মঙ্গলবার টস জিতে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ২৯২ রান করে নেদারল্যান্ডস। রান তাড়া করতে গিয়ে ৪ উইকেট হারিয়ে ৪৮ ওভার ৪ বলে জয়ের লক্ষ্য ২৯৩ রান টপকে ২৯৬-এ পৌঁছে যায় ইংল্যান্ড। মাঠে নেমেই ঝড় তোলেন ইংল্যান্ডের দুই উদ্বোধনী ব্যাটসম্যান অ্যান্ড্রু স্ট্রাউস ও কেভিন পিটারসেন। দুজনে মিলে ১০৬ বলে ১০৫ রানের শক্ত ভিত্তি গড়ে তোলেন। পিটারসেন ৩৯ রান করে পিটার সিলারের বলে পিটার বোরেনের হাতে ধরা পড়েন। তার ৬১ বলের ইনিংসে ৫টি চার রয়েছে। তবে খেলে যেতে থাকেন অপর উদ্বোধনী ব্যাটসম্যান স্ট্রাউস। মাত্র ১২ রানের জন্য শতক বঞ্চিত হন তিনি। মুদাসসর বুখারির বল উঠিয়ে মারতে গিয়ে টম কুপারের হাতে ধরা পড়েন তিনি। ৮৩ বলে ৯টি চার দিয়ে সাজান ৮৮ রানের ইনিংসটি। তখন দলের রান ছিল ১৬৬। এরপর জনাথন ট্রট ও ইয়ান বেল জুটি বেঁধে দলের সঙ্গে যোগ করেন ৫৮ রান। ২২৪ রানের মাথায় ফিরে যান ট্রট। রায়ান ডয়েশ্চের বল ঠিকমতো বুঝতে পারেননি তিনি। বল তার ব্যাটকে ফাঁকি দিয়ে চলে যায় উইকেটরক্ষক ওয়েসলি বারেসির হাতে। ট্রটের জায়গায় ফেরার আগে তার স্ট্যাম্প ভেঙ্গে দেন তিনি। ৬৫ বলে ৬২ রান করার পথে ট্রট চারটি চার মারেন। এছাড়া ইয়ান বেল করেন ৩৩। শেষ পর্যন্ত পল কলিংউড ও রবি বোপারা, দু'জনই ৩০ রানে অপরাজিত ছিলেন। নেদারল্যান্ডসের বোলারদের মধ্যে ডয়েশ্চে ২ উইকেট নেন ৪৭ রানে। এর আগে প্রথমে ব্যাট করে ৫৮ রানের মধ্যে দুই উদ্বোধনী ব্যাটসম্যান আলেক্সি কারভেজি (১৬) ও ওয়েসলি বারেসিকে (২৯) হারায় নেদারল্যান্ডস। এ অবস্থায় দলের হাল ধরেন টম কুপার ও ডয়েশ্চে। তৃতীয় উইকেট জুটিতে দলের সঙ্গে ৭৮ রান যোগ করেন তারা। ২৭ ওভারের শেষ বলে জীবন পান কুপার। তখন তার রান ছিল ৪৬। টিম ব্রেসন্যানের বল উঠিয়ে মারেন তিনি। বল চলে যায় ফাইন লেগে। কিন্তু কেভিন পিটারসেন তা ধরতে পারেননি। তবে পরের ওভারে পল কলিংউডের প্রথম বলেই শর্ট মিডউইকেটে ক্যাচ তুলে দেন কুপার। তা জমা পড়ে অ্যান্ডাসনের হাতে। ৭৩ বলে ৪৭ রান করার পথে তিনটি চার মারেন কুপার। এরপর টম গ্র"থকে নিয়ে ৫৪ রানের জুটি গড়েন ডয়েশ্চে। গ্র"থ ২৮ রান করে বিদায় নেন। অবশ্য এর আগে সাজঘরে ফেরেন জুইডেরেন্ট (১)। দলীয় ২৭৪ রানের মাথায় স্টুয়ার্ট ব্রডকে উঠিয়ে মারতে গিয়ে স্কোয়ার লেগে রবি বোপারার হাতে ধরা পড়ার আগে ১১৯ রান করেন ডয়েশ্চে। তার ১১০ বলের ইনিংসে ৯টি চার ও ৩টি ছক্কা রয়েছে। আর বিশ্বকাপে নিজের প্রথম শতকে (১০০) পৌঁছান ৯৮ বলে। একদিনের ক্রিকেটে এটি তার চতুর্থ শতক। যদিও ৪৭ রানে তিনি একবার জীবন পান। শেষ পর্যন্ত অধিনায়ক পিটার বোরেন ৩৫ রানে অপরাজিত ছিলেন। ইংল্যান্ডের বোলারদের মধ্যে দু'টি করে উইকেট নেন গ্রায়েম সোয়ান ও স্টুয়ার্ট ব্রড। এজন্য সোয়ান দেন ৩৫ রান। ব্রড দেন ৬৫। ১৯৯৬ ও ২০০৩ সালের বিশ্বকাপে দু'বার ইংল্যান্ডের সঙ্গে খেলে নেদারল্যান্ডস। দু'বারই ইংল্যান্ডের কাছে হার মানে দলটি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/২৩২২ ঘ.