আলাদিন
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এডিটর এমেরিটাস
লন্ডন, ফেব্রুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বকাপ ক্রিকেটে ব্যাট আর বলের লড়াইয়ে নামার আগে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ইংল্যান্ড জাতীয় দলের 'অলরাউন্ডার' পল কলিংউড।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এই তারকা খেলোয়াড় বলেছেন, এক বছর আগে বাংলাদেশ সফরে গিয়ে এসিড সন্ত্রাসের শিকার মানুষের মুখ থেকে তাদের যে দুঃসহ স্মৃতির কথা তিনি শুনেছিলেন, আজও সেই অভিজ্ঞতা তাকে তাড়া করে ফেরে।
পল ও তার দলের সদস্যরা গত ১৭ ফেব্রুয়ারি আবারো এসিড সারভাইভরস ফাউন্ডেশন (এএসএফ) পরিদর্শনে যান। বর্তমানে এসিড সারভাইভরস ট্রাস্ট ইন্টারন্যাশনালের (এএসটিআই) শুভেচ্ছা দূত হিসাবে কাজ করছেন এই ক্রিকেটার। আন্তর্জাতিক এই সংস্থাটি বাংলাদেশে এএসএফকে সহযোগিতা দিয়ে থাকে। পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশেও তারা একই ধরনের সেবা পরিচালনার ব্যাপারে সহায়তা দিয়ে আসছে।
২০১০ সালে ইউকে ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ডিএফআইডি), ব্রিটিশ হাইকমিশনার ও ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের যৌথ উদ্যোগে এএসএফ পরিদর্শনে গিয়েছিল ইংল্যান্ড দল। সে সময় দুর্জয় নামে এসিড সন্ত্রাসের শিকার এক শিশুর দুঃসহ যন্ত্রণা ছুঁয়ে যায় কলিংউডকে।
পারিবারিক শত্র"তার জের ধরে মাত্র ৩৯ দিন বয়সী দুর্জয়ের গলায় এসিড ঢেলে দেওয়া হয়েছিল। এতে তার অন্ননালী ও গলা পুড়ে যায়। তবে এখন অনেক ভালো আছে সাত বছর বয়সী দুর্জয়। এএসএফ-এ পর্যায়ক্রমিক অস্ত্রোপচারে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে সে।
বিশ্বকাপ উপলক্ষে বাংলাদেশে এসে গত ১৭ ফেব্র"য়ারি সহখেলোয়াড়দের নিয়ে দুর্জয়কে দেখতে গিয়েছিলেন পল। এ সময় ব্রিটিশ হাইকমিশনার স্টিফেন ইভান্সও তাদের সঙ্গে ছিলেন। সুস্থ হয়ে উঠতে থাকা দুর্জয়ের সঙ্গে সেই সাক্ষাৎ হয়তো পলকে নতুন লাড়াইয়ের অনুপ্রেরণা যুগিয়েছিল। ঠিক একদিন বাদেই ঢাকার ফতুল্লা স্টেডিয়ামে পাকিস্তানের সঙ্গে প্রস্তুতি ম্যাচে ৬৫ রান করার পাশাপাশি ৩ উইকেট নেন তিনি।
বাংলাদেশে মূলত নারী ও শিশুরাই এসিড সন্ত্রাসের শিকার। ডিএফআইডি ও অন্যান্য দাতা সংস্থার সহযোগিতায় এসব শিশু-নারীকে চিকিৎসা দেওয়ার পাশাপাশি এসিড সন্ত্রাসের বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে কাজ করছে এএসএফ, যা বেশ প্রশংসিত হয়েছে।
মানবতার পক্ষে তাদের এই প্রচেষ্টার ফলও পাওয়া গেছে হাতে হাতে। ২০০২ সালে যেখানে পাঁচশোর বেশি মানুষ এসিড সন্ত্রাসের শিকার হয়েছিল, সেখানে গত বছর তা ১০০-তে নেমে এসেছে।
তবে সবকিছুর পরও এসিড দগ্ধদের চিকিৎসায় জটিল অস্ত্রপচার এবং চিকিৎসার পাশাপাশি তাদের সামাজিক পুনর্বাসন এবং এসিড নিক্ষেপের মতো অপরাধ প্রবণতা বন্ধের প্রক্রিয়াকে এগিয়ে নিতে এএসএফের এই কার্যক্রম অব্যাহত রাখা জরুরি।
এসিড সন্ত্রাসের শিকার মানুষের মুখোমুখি হওয়ার পর পলের ওপর যে ভয়াবহ প্রতিক্রিয়া হয়েছে, তা উঠে এসেছে তার কথায়।
"এটা দেখা খুবই কষ্টকর। এই ভয়াবহ সহিংসতা মানুষের কতোটা ক্ষতি করছে, আক্রান্তের পরিবার কীভাবে বিপর্যস্ত হচ্ছে, তা নিজের চোখে দেখার পর যে কারো মনের ওপর ভয়াবহ প্রভাব পড়বে। এটা এতোটাই ভয়ঙ্কর যে, আপনার চোখে পানি চলে আসবে। এ ধরনের অপরাধ কেন চলতে দেওয়া হবে, তা নিয়ে আপনার মনে প্রশ্ন উঠবে। আপনি সত্যি সত্যি এ বিষয়ে কিছু করতে চাইবেন। আক্রান্তদের সহায়তা দিতে হবে; কিন্তু সবাইকে এ বিষয়ে সচেতনতা করাটাও জরুরি।"
সম্প্রতি তৃতীয় সন্তানের বাবা হয়েছেন পল কলিংউড। আর নবজাতকদের ওপর এসিড সন্ত্রাসের ঘটনায় তিনি কী পরিমাণ কষ্ট পেয়েছেন, তার প্রমাণ পাওয়া গেল তার কথায়।
"ছোটো শিশুদের ওপর এসিড হামলার পরিণতি দেখাটা খুবই ভয়াবহ, বিশেষ করে তাকে, যার গলায় এসিড ঢেলে দেওয়া হয়েছে। আমার তিনটা ফুটফুটে মেয়ে আছে, তাদের কখনো কোনো ক্ষতি হতে পারে- এটা আমি চিন্তাও করতে পারি না। এমন একটি মানসিক অবস্থা নিয়ে আপনি যখন এসিডদগ্ধ শিশুদের দেখবেন, আপনার মন বেদনায় ভরে যাবে। তাদের পরিবারের সদস্যদের জন্যও আপনার কষ্ট লাগবে, যাদের মনের অবস্থা আপনি হয়তো কল্পনাও করতে পারেন না।"
"আক্রান্তদের শারীরিক অবস্থার দেখে আপনি শিউরে উঠবেন- কীভাবে একজন মানুষ আরেকজন মানুষের ওপর এমন বীভৎস হামলা চালাতে পারে," যোগ করেন পল।
এসিড সন্ত্রাস বন্ধে বাংলাদেশি এনজিওটির ভূমিকা নিয়েও কথা বলেন কলিংউড, "এসিড সন্ত্রাসের শিকার হওয়া মানুষকে তুলনামূলক উন্নত জীবনের সুযোগ দেয় এএসএফ। সেবা দেওয়ার জন্য এরা বড় অংকের কোনো টাকা নেয় না। সামান্য টাকার বিনিময়েই ছোটো ছোটো শিশুদের সারিয়ে তোলে তারা। দুর্জয়ের মতো অনেক শিশুর জন্য সুন্দর ভবিষ্যত গড়তে এবং এ অপরাধ পুরোপুরি বন্ধে তাদের এ কর্যক্রম সহায়ক হবে।"
২০১০ সালে প্রথমবারের মতো যখন এমসএফের কার্যক্রম দেখেন, তখনই এর সঙ্গে জড়িত হওয়ার অনুপ্রেরণা পান পল।
"চারপাশে অনেক প্রতিষ্ঠানই এ ধরনের সেবা দিচ্ছে, কিন্তু ব্যস্ততার কারণে এসব কাজে অংশ নেওয়ার সুযোগ সবসময় আমাদের হয় না। কিন্তু যেভাবেই হোক আপনাকে কিছু করতে হবে। আপনাকে জেগে উঠতে হবে। আমার জন্যও এ কাজে সম্পৃক্ত হওয়া খুব সহজ ছিলো না। তবে এএসএফের কার্যক্রম খুবই সন্তোষজনক। এ সংস্থার বিষয়ে আমি আমার স্ত্রীকে বলেছি। গত সপ্তাহে এএসএফ পরিদর্শনের কথাও আমি তাকে জানিয়েছি।"
কলিংউড বলেন, "এএসটিআইর দূত হিসেবে আমি এসিড-সন্ত্রাসের বিষয়টি নিয়ে বিশ্বব্যাপী সচেতনতা সৃষ্টির চেষ্টা করছি। তাই গত সপ্তাহে পুরো ইংল্যান্ড দলকে নিয়ে এসিডদগ্ধ শিশুদের সঙ্গে সময় কাটাতে পারাটা ছিল দারুণ এক অভিজ্ঞতা। আমার সঙ্গীরা এএসএফের শিশুদের সঙ্গে খেলেছে, এমনকি পাঞ্জাও লড়েছে।"
বিশ্বকাপের এবারের আসরে ভারতের নাগপুরে প্রথম ম্যাচ খেলতে নামছে ইংল্যান্ড দল। সেই ম্যাচ নিয়ে পলের পরিকল্পনার মধ্যেও জড়িয়ে গেছে এসিড আক্রান্ত শিশুরা।
"কোনো খেলায় আমি বড় স্কোর করলে, ফিফটি বা সেঞ্চুরি- ওই স্কোর আমি উৎসর্গ করব এএসএফ আর দুর্জয়কে।"
১১ মার্চ চট্টগ্রামে ইংল্যান্ড খেলবে বাংলাদেশ দলের সঙ্গে। আর ওইদিন নিরপেক্ষভাবে খেলাটি দেখতে চাইলে ঢাকায় বনানীর এক কোণে এমসএফ কার্যালয়ই বোধহয় এই গ্রহের সবচেয়ে উপযুক্ত জায়গা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএ/এএল/টিএ/জেকে/০০১৬ ঘ.
bdnews24