গাজীপুর ঢাকা, ফেব্র"য়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বকাপে বাংলাদেশের খেলার সময় গাজীপুরে লোড শেডিং দেওয়ায় শনিবার রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রায় আধঘণ্টা অবরোধ করে রাখে বিক্ষুব্ধ জনতা।
এ সময় বিপুল সংখ্যক যানবাহন মহাসড়কের দুই দিকে আটকা পড়লে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশের মধ্যস্থতায় বিদ্যুৎ সরবরাহ শুরু হলে এলাকাবাসী অবরোধ তুলে নেয়।
রাত ৮টার দিকে গাজীপুরের ভোগড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে।
জয়দেবপুর থানাধীন ভোগড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সুজায়েত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "লোড শেডিংয়ের কারণে খেলা দেখতে না পেরে পাঁচশোরও বেশি লোক মহাসড়ক অবরোধ করে। পরে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আবার বিদ্যুৎ সরবরাহ শুরু করা হলে এলাকাবাসীও অবরোধ তুলে নেয়।"
রাত সাড়ে ৮টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয় বলে জানান তিনি।
গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী ব্যবস্থাপক মো. খালেদুল ইসলাম জানান, তার জেলায় মোট ১৫৭ মেগাওয়াট চাহিদার বিপরীতে ৮০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। ফলে দৈনিক গড়ে ৮-৯ ঘণ্টা লোড শেডিং করতে হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/২২৫৩ ঘ.
bdnews24