২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রিকেট সরঞ্জামের কদর আকাশ ছোঁয়া

বিশ্বকাপ ক্রিকেটকে কেন্দ্র করে রাজধানী ছাড়াও দেশের সর্বত্র ক্রিকেট সরঞ্জামের বিক্রি বেড়ে গেছে। স্ট্যাম্প, ব্যাট, বল, প্যাড ইত্যাদির কদর এখন আকাশ ছোঁয়া। বিস্তারিত জানাচ্ছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক সুলাইমান নিলয়

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2011, 12:01 PM

Updated : 24 Aug 2022, 02:32 PM

সুলাইমান নিলয় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ঢাকা, ফেব্র"য়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বকাপ উপলক্ষে ক্রিকেট জ্বরে আক্রান্ত এখন দেশ। এই প্রথম দেশের মাটিতে বিশ্বকাপ ক্রিকেট খেলা অনুষ্ঠিত হচ্ছে। বিশ্বকাপ ক্রিকেটের সুযোগে খেলাধুলার সরঞ্জাম ব্যবসায়ীদের রমরমা অবস্থা। ক্রিকেট সরঞ্জামের কদর এখন আকাশ ছোঁয়া। দেশের সর্বত্র বেড়ে গেছে স্ট্যাম্প, ব্যাট, বল, প্যাড ইত্যাদির চাহিদা। ক্রিকেট উন্মাদনায় মেতে উঠা শিশু, কিশোর ও তরুণরাই মুলত এর ক্রেতা। রাজধানীর গুলিস্তান এলাকায় খেলাধুলার সরঞ্জামের দোকানগুলোতে এখন পাইকারি ও খুচরা ক্রেতাদের উপচে পড়া ভিড়। ব্যবসায়ীরা জানিয়েছেন, বিশ্বকাপকে সামনে রেখে রাজধানী ঢাকা ছাড়াও দেশের সর্বত্র ক্রিকেট সরঞ্জামের বিক্রি বেড়ে গেছে। রাজধানীর অন্যতম বড় স্পোর্টস মার্কেটটি অবস্থিত মাওলানা ভাসানী স্টেডিয়ামের বিপরীতে বঙ্গবন্ধু এভিনিউতে। শুক্রবার এই মার্কেটে কথা হয় রাজধানীর সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থী সিএম আক্কাসের সঙ্গে। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তার গ্রামের বাড়ি শরীয়তপুরের জাজিরায়। সেখানে রূপবাবুর হাট জুনিয়র একাদশ নামে তাদের একটি ক্রিকেট দল রয়েছে। এই দলের জন্য জার্সি কিনতে এই মার্কেটে এসেছেন তিনি। বিশ্বকাপের সামান্তরালে সেখানে আয়োজন করা হয়েছে স্থানীয় একটি টুর্নামেন্ট। সিএম আক্কাস বলেন, "গত সপ্তাহে একটি জার্সি কিনেছি ২৫০ টাকায়। সেই জার্সিটি গ্রামে পাঠানোর পর সবার পছন্দ হওয়ায় একই রকম জার্সি এখন আরো ১৩টি নিতে চাইছি। কিন্তু এরই মধ্যে বিশ্বকাপের ডামাডোলে দাম বেড়ে প্রতিটি জার্সি ৩৫০ টাকা হয়ে গেছে। মাগুরা জেলা শহরের কলেজ রোডে অবস্থিত খেলাধুলার সামগ্রীর দোকান 'অ্যাডিডাস স্পোর্টস'-এর মালিক রিয়াজুদ্দিন আজাদ ক্রিকেট সরঞ্জাম পাইকারিভাবে কেনার জন্য এসেছেন এই মার্কেটে। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিশ্বকাপকে সামনে রেখে জার্সি, ব্যাট, বল, ক্যাপ, প্যাড, হেলমেট ইত্যাদি বিক্রি চলছে দেদারসে। এইসব সরঞ্জামের দাম বেড়ে দ্বিগুন হয়ে গেছে। মার্কেটের পাইকারি দোকান 'বাংলাদেশ স্পোর্টস'-এর মালিক আলমগীর হোসেন বলেন, "গত দশ বারো দিন আগে থেকে ক্রিকেট সরঞ্জাম বিক্রি বেড়ে গেছে। বিশ্বকাপে বাংলাদেশ যতদিন ভালো খেলবে ততদিনই এই বিক্রি চলতে থাকবে।" এই মার্কেটের 'বাংলাদেশ স্পোর্ট' নামের দোকানের ব্যবস্থাপক মো. আলী জিন্নাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিশ্বকাপ উপলক্ষে তাদের বিক্রি প্রায় দশ গুন বেড়ে গেছে। তিনি জানান, তাদের দোকানে জার্সি প্রতিটি ২০০-৬০০ টাকা, ক্যাপ ১০০ টাকা, ব্যাট ২০০-২০ হাজার টাকা, প্যাড ৩৫০-২০০০ টাকা, গ্লাভ্স ২৫০-১৫০০ টাকা, বল ১৫০-৩০০ টাকায় বিক্রি হচ্ছে। রাজধানীর মতিঝিলের আইডিয়াল স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্র সালমান হাসান মোস্তফা তার বাবা ফিরোজ রহমান মন্টুর সাথে মাওলানা ভাসানী স্টেডিয়াম মার্কেটে এসেছিলেন ক্রিকেটের সরঞ্জাম কিনতে। সে কিনেছে ব্যাট, বল ও হাতের ব্যান্ড। মোস্তফা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মাঠের অভাবে খেলতে হয় বাসায়। তাই এতোদিন কোন কিছুই কেনা হয়নি। এখন কিনতে পেরে ভালো লাগছে। উল্লেখ্য, ঢাকায় বিশ্বকাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে বৃহস্পতিবার। টুর্নামেন্টের প্রথম খেলা অনুষ্ঠিত হবে শনিবার। আগামী ২ এপ্রিল বিশ্বকাপের আসর শেষ হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/ কেএমএস/১৭৫৪ ঘ.