২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লাল-সবুজ হবে গ্যালারি

প্রিয় বাংলাদেশ দলকে উৎসাহ দিতে লাল-সবুজ পতাকা নিয়ে গ্যালারি মাতানোর প্রস্তুতি এখন তরুণ-যুবাদের। যারা মাঠে যাবে না, তারাও পিছিয়ে নেই বিশ্বকাপ ক্রিকেটের এ আয়োজনে। জানাচ্ছেন শহীদুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2011, 07:56 AM

Updated : 24 Aug 2022, 02:32 PM

শহীদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, ফেব্রুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বকাপ ক্রিকেটকে ঘিরে রাজধানীকে সাজানো হয়েছে বর্ণিল সাজে। সেজেছে স্টেডিয়ামও। আর স্টেডিয়ামে প্রিয় দলকে উৎসাহ যোগাতে বিশ্বকাপ উপলক্ষে তৈরি বিভিন্ন সামগ্রী কিনছেন ক্রিকেটপ্রেমীরা। ঢাকা মহানগরীর বিভিন্ন বিপণী বিতাণ ঘুরে দেখা গেছে, বিশ্বকাপকে সামনে রেখে জাতীয় দলের জার্সি থেকে শুরু করে বাংলাদেশের জাতীয় পতাকাখচিত বিভিন্ন পোশাক ও অন্যান্য সামগ্রী কিনছেন ক্রিকেটপ্রেমীরা। বঙ্গবন্ধু এভিনিউ-এ পতাকা বিক্রেতা আব্দুল কাদের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তার কাছে ২০ ফুট লম্বা জাতীয় পতাকা রয়েছে। কেউ চাইলে আরো বড় পতাকা তৈরি করে দেন তিনি। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের আশেপাশের এলাকার দোকানগুলো সেজেছে বিশ্বকাপের সাজে। বৃহস্পতিবার সেখানেই হবে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান। সেখানকার প্রায় প্রতিটি দোকানেই শোভা পাচ্ছে জাতীয় দলের জার্সি, ক্যাপ, বাংলাদেশের পতাকাখচিত টি-শার্ট, ফতুয়া, আর্মব্যান্ড, প্লাস্টিক ও কাগজের স্টিকার, মাথায় বাঁধার জন্য বিশেষভাবে তৈরি জাতীয় পতাকা। বিশ্বকাপ উপলক্ষে খেলাধুলার অন্যান্য সামগ্রীও বেশি বিক্রি হচ্ছে দোকানগুলোতে। যারা বিশ্বকাপের টিকিট কিনতে পারেনি তারাও এসব পোশাক কিনছেন। বঙ্গবাজার এলাকায় খেলাধুলার সামগ্রী বিক্রেতা আবুল কালাম জানান, ২-৩ দিন ধরে বিক্রি ভালোই হচ্ছে। সামনের কয়েক দিন বিক্রি আরো বাড়েবে বলে তার ধারণা। ব্যাংক কর্মকর্তা মুসতাক আহমেদ বলেন, "দুই ছেলের জন্য জার্সি কিনেছি। ওরা অনেক চেষ্টা করেও টিকিট কিনতে পারেনি।" এদিকে শাহবাগারের আজিজ সুপার মার্কেটের টি-শার্টের দোকানগুলোতেও পাওয়া যাচ্ছে বাংলাদেশের পতাকা সম্বলিত বিভিন্ন ধরনের পোশাক। ফার্মগেট ও মিরপুর-১ নম্বর সেক্টরের দোকানেও এসব পোশাক বিক্রি হচ্ছে। অভিজাত শপিং মল বসুন্ধরা সিটিতেও জাতীয় দলের জার্সি থেকে শুরু করে ছেলে-মেয়েদের লাল-সবুজ রঙের পোশাক পাওয়া যাচ্ছে। এখানে নামি প্রতিষ্ঠানের দোকানগুলো থেকে পোশাক কিনছেন ক্রীড়ামোদীরা। এছাড়া বঙ্গবাজার, ফার্মগেট ও মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামের আশেপাশের এলাকায় ভ্রাম্যমাণ বিক্রেতারা বিশ্বকাপকে উপলক্ষ করে বিভিন্ন জিনিসপত্র বিক্রি করছেন। সাইন্স ল্যাবরেটরি ও এলিফ্যান্ট রোডের কয়েকটি দোকানে ঢোলও বিক্রি হচ্ছে। মিরপুর-১ নম্বর সেক্টরের ফুটপাতের কয়েকটি দোকানে পাওয়া যাচ্ছে ফুটবল বিশ্বকাপের আদলে তৈরি বিশাল আকৃতির 'ভুভুজেলা' বাঁশি। একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থী ফারুক মিরপুর থেকে 'ভুভুজেলা' বাঁশি কিনে বলেন, "জাতীয় দলের জার্সি গায়ে দিয়ে স্টেডিয়ামে যাবো। প্রথম ম্যাচেই জয় চাই আমরা। এজন্য খেলোয়াড়দের উৎসাহ যোগাতে হবে।" বঙ্গবাজার থেকে একসঙ্গে পাঁচটি বাংলাদেশ দলের জার্সি কিনে ফয়সাল মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বন্ধুরা মিলে খেলা দেখতে যাবো। বাংলাদেশের খেলার দিনগুলোতে লাল-সবুজ রঙে রঙিন করে তুলবো পুরো স্টেডিয়াম।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/কিউএইচ/এমআই/১৩৪৫ ঘ.