ঢাকা, ফেব্র"য়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্রিকেট বিশ্বকাপের খেলা চলার সময় রাজধানীর কয়েকটি সড়কে গাড়ি চলাচল বন্ধ থাকবে।
সেক্ষেত্রে বিকল্প পথে গাড়ি চলাচল করর পরামর্শ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ।
সোমবার এক নির্দেশনায় এ কথা জানানো হয়েছে।
এতে জানানো হয়, ১৯ ফেব্র"য়ারি থেকে শুরু করে খেলার দিনগুলোয় মিরপুর সনি সিনেমা হল থেকে মিরপুর-১০ গোলচত্বর, মিরপুর প্রশিকা মোড় থেকে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম পর্যন্ত রাস্তা বন্ধ থাকবে।
এসব পথের গাড়ি সনি সিনেমা হল থেকে চিড়িয়াখানা রোড, কমার্স কলেজ, প্রশিকা মোড় হয়ে মিরপুর-১১ ও মিরপুর ১২ নম্বরে চলবে।
এছাড়া মিরপুর-১ থেকে মিরপুর-১৪ এর গাড়ি চিড়িয়াখানা রোড, কমার্স কলেজের সামনে দিয়ে অরিজিনাল-১০ হয়ে বেনারসী পল্লী-২ গেট অতিক্রম করে হোপ স্কুলের সামনে দিয়ে চলাচল করতে হবে।
অন্যদিকে, খেলা চলার সময় রোকেয়া সরণিতেও গাড়ি চলাচল সীমিত থাকবে বলে নির্দেশনায় জানানো হয়।
এ কারণে খেঁজুর বাগান, আগারগাঁও হয়ে মিরপুর-১২ নম্বরে চলাচলকারী গাড়ি মানিকমিয়া এভিনিউ, আসাদ গেট, কলেজগেট, শ্যামলী, কল্যাণপুর ও মিরপুর-১ হয়ে মিরপুর-১২ নম্বরে যাতায়াত করতে পারবে।
খেলা চলার সময় খেলোয়াড় বহনকারী টিমবাস, আইসিসি অফিসিয়াল কার ও ভিভিআইপি কার স্টেডিয়াম বাউন্ডারির ভিতরে পার্ক করা যাবে।
সাধারণ দর্শকদের ডাইভারশন পয়েন্টে নেমে পায়ে হেটে স্টেডিয়ামে আসতে হবে।
খেলা দেখতে আসা সব ভিআইপিদের উড়োজাহাজ ক্রসিং-বেগম রোকেয়া সরণি ও মিরপুর-১০ গোলচত্বর হয়ে স্টেডিয়ামে আসার অনুরোধ করেছে ঢাকা মহানগর পুলিশ।
একই নির্দেশনায় আরো জানানো হয়, ১৭ ফেব্র"য়ারি উদ্বোধনী অনুষ্ঠানের দিনে দুপুর ১২টা থেকে অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের চারদিকের রাস্তা বন্ধ থাকবে। এগুলো হলো- দৈনিক বাংলা মোড় থেকে পুরানা পল্টন, সেখান থেকে জিরো পয়েন্ট হয়ে গোলাপ শাহ মাজার হয়ে রাজউক ক্রসিং, সেখান থেকে শিল্প ব্যাংক ভবন হয়ে জিরো পয়েন্ট পর্যন্ত।
এসব রাস্তায় নির্দিষ্ট স্টিকারযুক্ত গাড়ি ছাড়া অন্যকোনো গাড়ি প্রবেশ করতে দেওয়া হবে না।
স্টেডিয়ামে দর্শকদের ক্যামেরা, ইলেকট্রনিক্স যন্ত্র, ব্যানার, ক্যান বা পানীয় বোতল, বাইরের খাবার না আনার পরামর্শও দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এএল/জিএনএ/২০১৮ ঘ.
bdnews24