২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপ উদ্বোধন: ক্রীড়া মন্ত্রণালয়ে সৌজন্য টিকিট ৭ হাজার

বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী অনুষ্ঠানের প্রায় সাত হাজার টিকিট সৌজন্য হিসেবে বিতরণের জন্য পেয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2011, 01:43 PM

Updated : 24 Aug 2022, 02:31 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী অনুষ্ঠানের প্রায় সাত হাজার টিকিট সৌজন্য হিসেবে বিতরণের জন্য পেয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। সোমবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার। আগামী ১৭ ফেব্র"য়ারি ঢাকায় বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী অনুষ্ঠান হবে। মন্ত্রী জানান, এসব সৌজন্য টিকিটের সবক'টি উদ্বোধনী অনুষ্ঠানের। এছাড়া ম্যাচগুলোর কতটি টিকিটি বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিনামূল্যে বিতরণ করেছে তা বিশ্বকাপের পরে জানা যাবে। টিকিট বিক্রি করে বিসিবি কত টাকা পেয়েছে তাও খেলা শেষে জানা যাবে। মহিলা আসনের (২১) সাংসদ মমতাজ বেগমের লিখিত প্রশ্নের জবাবে প্রতি মন্ত্রী বলেন, "বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী অনুষ্ঠানের জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়কে ছয় হাজার সাতশ' দুটি সৌজন্য টিকিট বিতরণের জন্য দেওয়া হয়েছে।" তিনি জানান, বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষ্যে পাঁচটি স্টেডিয়াম আন্তর্জান্তিক মানে উন্নীত করার জন্যে তিনশ চার কোটি ৩২ লাখ ৯০ হাজার টাকার পাঁচটি প্রকল্প বাস্তবায়ন করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। নিরাপত্তা বিষয়ক সাজ সরঞ্জাম নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ৮৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়াও ঢাকা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনে কয়েকটি প্রকল্প চলমান রয়েছে। সাংসদ ফরিদা আখতারের এক প্রশ্নের জবাবে আহাদ আলী সরকার জানান, দেশের বিভাগীয় শহরগুলোতে একটি করে আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা সরকারের রয়েছে। বিকালে ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/১৮১২ ঘ.