ঢাকা, ফেব্র"য়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাকিস্তানের গতি তারকা শোয়েব আখতার দেশকে বিশ্বকাপ জেতাতে তার 'শেষ' বিশ্বকাপে সেরাটা ঢেলে দেয়ার প্রতিশ্র"তি দিয়েছেন।
"পাকিস্তানের মানুষ পাকিস্তানের সত্যিকার ক্রিকেট থেকে বঞ্চিত। দেশের মানুষের জন্য যে কোনো মূল্যে আমাদের বিশ্বকাপ জিততে হবে," রোববার সাংবাদিকদের এ কথা বলন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস।
শিরোপা পুনরুদ্ধারে মরিয়া শোয়েব বলেছেন, "সব ম্যাচেই আমাদের জিততে হবে। প্রতিটা ম্যাচ হতে পারে শেষ ম্যাচ।"
দলের অধিনায়ক শহিদ আফ্রিদির মতো শোয়েবও পাকিস্তানকে শক্তিশালী দল হিসেবে দাবি করেছেন। দলের ব্যাটসম্যানরা রানের মধ্যে আছে, বোলাররাও উইকেট নেয়ার দিক থেকে পিছিয়ে নেই। সব মিলিয়ে পাকিস্তানকে ভয়ঙ্কর দল হিসেবে দেখছেন তিনি।
উপমহাদেশের পিচ ও কন্ডিশন স্পিন বোলারদের জন্য সহায়ক হলেও পেসাররা সুবিধা পাবেন বলেই দাবি শোয়েবের। তিনি বলেন, পিচে সুইং থাকবে। এমনকি পুরনো বলে রিভার্স সুইং করাও যাবে।
'কুয়াশা হতে পারে বিশ্বকাপের অন্যতম ভাগ্য নির্ধারক' মানছেন শোয়েবও তবে এ ব্যাপারে কথা বলার আগে বেশ সতর্ক তিনি।
কুয়াশা বিশ্বকাপে অনেক ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দিতে পারে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইমরান খানও।
কোনো প্রতিপক্ষকে বাড়তি গুরুত্ব দিতে নারাজ শোয়েব। আবার খাটো করেও দেখতে চান না কাউকে। তবে, স্বল্প শক্তির দলগুলো নিজেদের দিনে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে বলে মন্তব্য করেছেন তিনি।
পাকিস্তানের বিশ্বকাপ দলের সহ অধিনায়ক ও টেস্ট দলের অধিনায়ক মিসবাহ উল হকের মুখে অধিনায়ক আফ্রিদির কথারই প্রতিধ্বনিত হয়েছে। পাকিস্তানের হয়ে বিশ্বকাপ জিততে মরিয়া তিনিও।
১৯৯২ সালে বিশ্বকাপ জয়ের পর ১৯৯৯ সালে ফাইনালে খেলাই এ পর্যন্ত পাকিস্তানের সর্বোচ্চ সাফল্য।
বিশ্বকাপে পাকিস্তানের জয় দেখছেন ব্যাট হাতে দারুণ সময় কাটানো মিসবাহ। "যেমন প্রয়োজন তেমন শট খেলতে আমরা প্রস্তুত। আমাদের কোনো দুর্বলতা নেই।"
স্বাগতিক বাংলাদেশ (১৫ ফেব্র"য়ারি) ও ইংল্যান্ডের (১৮ ফেব্র"য়ারি) বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলতে শুক্রবার বাংলাদেশে আসে পাকিস্তান দল।
বিডিনিউজ টোয়েন্টিফোট ডটকম/এএনএম/এসএনএল/১৭৫২ ঘ.
bdnews24