২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জয়ের জন্য লড়তে হলো নিউজিল্যান্ডকে

বড় স্কোর গড়েও জয়ের জন্য লড়াই করতে হল নিউজিল্যান্ডকে। আয়ারল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দলটির জয় এসেছে ৩২ রানে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2011, 11:05 AM

Updated : 24 Aug 2022, 02:30 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) বড় স্কোর গড়েও জয়ের জন্য লড়াই করতে হল নিউজিল্যান্ডকে। আয়ারল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দলটির জয় এসেছে ৩২ রানে। ভিদারভা ক্রিকেট এসোসিয়শেন স্টেডিয়ামে টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাট করতে পাঠায় আয়ারল্যান্ড। মার্টিন গুপটিলের শতকের সুবাদে ৬ উইকেটে ৩১১ রান করে নিউজিল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে ৪৮.২ ওভারে ২৭৯ রান করে আয়ারল্যান্ড। গুপটিল ১৩৪ বলে ১২ চার ও ৩ ছয়ের সাহায্যে ১৩০ রানের ইনিংস খেলার পথে জেসি রাইডার ও জেমস ফ্রাঙ্কলিনের সঙ্গে গড়ে তুলেন বড় দু'টি জুটি। শুরুটা অবশ্য কিউইদের ভালো হয়নি। তবে, দলীয় ১৮ রানে ব্রেন্ডন ম্যাককালাম (১) সাজঘরে ফিরলেও আইরিশ বোলারদের চেপে বসার সুযোগ দেয়নি কিউইরা। দ্বিতীয় উইকেটে ৭৯ রানের জুটি গড়ে গুপটিল ও জেসি রাইডার দলকে চাপমুক্ত করে শক্ত ভিত এনে দেন। রাইডার ৪৮ রানে সাজঘরে ফিরে গেলে ভাঙ্গে এ জুটি। টেলর ফিরে গেলে ৪র্থ উইকেট জুটিতে ১০৪ রান তোলেন গুপটিল ও ফ্রাঙ্কলিন। মূলত এ জুটির সুবাদেই বড় সংগ্রহ গড়ে তোলে নিউজিল্যান্ড। ২৪৮ রানের মাথায় কেভিন ও'ব্রায়েনের বলে ফ্রাঙ্কলিন (৪৯) আউট হলে ভাঙ্গে এ জুটি। শক্ত ভিতের উপর দাড়িয়ে ১ চার ও ৩ ছয়ের সাহায্যে স্কট স্টাইরিস ২৯ রান করলে কিউইরা পায় ৩'শ পেরুনো স্কোর। আয়ারল্যান্ডের পক্ষে জনস্টন নেন ২ উইকেট। জবাবে ব্যাট করতে নেমে ১২.৫ ওভারে ৯৩ রান তোলেন পোর্টারফিল্ড ও স্টারলিং। স্টারলিংকে (৩৯) ফিরিয়ে দিয়ে দলকে ম্যাচে ফেরান নিউজিল্যান্ড অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরি। ৭৪ বলে ৮ চার ও ১ ছয়ের সাহায্যে ৭২ রান করে দলীয় ১৩০ রানে বেনেটের শিকারে পরিণত হন পোর্টারফিল্ড। আয়ারল্যান্ডকে এরপরও ম্যাচে রাখেন জয়েস (৪১) ও নিল ও'ব্রায়েন (৩২)। এ দুজন সাজঘরে ফিরে গেলে ম্যাচ থেকে ছিটকে পড়ে আয়ারল্যান্ড। দ্বিতীয় স্পেলে ফিরে এসে ভয়ঙ্কর মূর্তি ধরেন ভেট্টোরি, তুলে নেন আরো ৩ উইকেট। ম্যাচ জেতা তখন সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায়। শেষের দিকের ব্যাটসম্যানদের ব্যর্থতায় ৪৮.২ ওভারে ২৭৯ রানে থেমে যায় আয়ারল্যান্ডের ইনিংস। নিউজিল্যান্ডের পক্ষে ভেট্টোরি ৪২ রানে ৪ ও মিলস ৫০ রানে নেন ৩ উইকেট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসএনএল/২২৫৫ ঘ.