ঢাকা, ফেব্রুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রথমবার দেশের মাটিতে বিশ্বকাপ আয়োজনে বাংলাদেশ পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আ হ ম মুস্তফা কামাল।
শনিবার বিমানবন্দর সড়কের জিয়া কলোনী এলাকায় বাংলাদেশ জাতীয় দলের জন্য শুভেচ্ছা বার্তা বহনকারী পৃথিবীর বৃহত্তম ব্যাট উন্মোচন করে এ কথা বলেন তিনি।
এ সময় তিনি বিডিনিউজটোয়েন্টিফোরডটকমকে বলেন, "এ প্রচেষ্টা জাতীয় দলকে অনুপ্রাণিত করবে। আশা করি একদিন এ ব্যাট গিনিজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নেবে।"
এ সময় জাতীয় দলের স্পন্সর বেক্সিমকো গ্র"পের পরিচালক শায়ান এফ রহমান, বিসিবি'র প্রধান নির্বাহী মনজুর আহমেদ, সেনাবাহিনীর পক্ষে স্টেশন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল তানভীর হাসান মজুমদার ও সেনা ক্রীড়া নিয়ন্ত্রণ সংস্থার সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল সাব্বির আহমেদ উপস্থিত ছিলেন।
বোর্ড সভাপতি বলেন, "বিশ্বকাপের জন্য আমরা সম্পূর্ণ প্রস্তুত। কোনো কাজই বাকি নেই।"
বিশ্বকাপকে শুধুই একটি আসর হিসেবে না দেখে বাংলাদেশের ক্রিকেটের উত্তরণের সোপান হিসেবে দেখতে চান তিনি। "বাংলাদেশের ক্রিকেট এর মধ্যে দিয়ে আরও উচ্চতর স্তরে পৌঁছবে। ক্রিকেটের পথ চলা আরো সুগম হবে।"
বোর্ড সভাপতি টিকিট পাওয়া নিয়ে জটিলতার দায় চাপিয়ে দিয়েছেন সংবাদমাধ্যমের ওপর। "একেক সময় একেক রকম তথ্য দেয়ায় এ সমস্যা হয়েছে। বোর্ডের কথা শুনলে সমস্যা হতো না।"
তিনি নিশ্চয়তা দিয়ে বলেছেন, "টিকিট প্রত্যেকেই পাবেন। ব্যাংকের সময়সীমা শেষ হয়ে গেলেও শের ই বাংলা স্টেডিয়াম থেকে টিকিট পাওয়া যাবে।"
তিনি জানান, ৯০ শতাংশ টিকিট আজকের মধ্যে বিতরণ হয়ে যাওয়ার কথা। যারা না পাবেন তারা যে কোন সময় বোর্ড থেকে সংগ্রহ করতে পারবেন।"
বেক্সিমকোর তত্ত্বাবধানে বানানো এই ব্যাটটির দৈর্ঘ্য ১১১ ফুট ও প্রস্থ ১২.৬ ফুট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসএনএল/১৬৪৬ ঘ.
bdnews24