২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হাসি, হরিজের বিশ্বকাপ শেষ

চোটের কারণে শেষ হয়ে গেছে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার মাঝসারির ব্যাটসম্যান মাইকেল হাসি ও নাথান হরিজের বিশ্বকাপ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2011, 08:44 AM

Updated : 24 Aug 2022, 02:29 PM

ঢাকা, ফেব্র"য়ারি ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চোটের কারণে শেষ হয়ে গেছে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার মাঝসারির ব্যাটসম্যান মাইকেল হাসি ও নাথান হরিজের বিশ্বকাপ। এ দুজনের বদলে অস্ট্রেলিয়ার ১৫ সদস্যের দলে জায়গা পেয়েছেন ক্যালাম ফার্গুসন ও জেসন ক্রেজা। বিশ্বকাপ ধরে রাখার মিশনে বুধবার ভারত যাচ্ছে রিকি পন্টিংয়ের দল। ২১ ফেব্র"য়ারি আহমেদাবাদে নিজেদের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে অস্ট্রেলিয়া। যোগ্য বিকল্প হলেও চোটের কারণে বদলি হিসেবে শন মার্শ ও জাভিয়ার ডোহার্টির কথা ভাবা হয়নি। 'মি. ক্রিকেট' হাসির বিকল্প হিসেবে গত ক'বছর ধরেই ভালো খেলা ফার্গুসনের অর্ন্তভূক্তিতে চমক না থাকলেও হরিজের বদলে রবিবারই একদিনের ম্যাচে অভিষিক্ত অফস্পিনার ক্রেজার অর্ন্তভূক্তি বেশ বড় একটা চমক। আইসিসি'র একদিনের ম্যাচের র‌্যাঙ্কিংয়ে শীর্ষ দশ ব্যাটসম্যানের তালিকায় একমাত্র অস্ট্রেলীয় 'ফিনিশার' হাসি'র অনুপস্থিতি দলটির জন্য বিশাল আঘাত। ইংল্যান্ডের বিপক্ষে একদিনের সিরিজে গুরুতর হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়া হাসিকে নিয়ে কোনো ঝুঁকি নিতে নারাজ অস্ট্রেলিয়ার নির্বাচকরা। ২১ জানুয়ারি চোট পাওয়া হরিজের বিশ্বকাপ নিয়ে সে সময়ই সংশয় তৈরি হয়। অনুশীলনে নেটে সোমবার বল করলেও ৬০ থেকে ৭০ শতাংশ ফিট হরিজকে নিয়েও ঝুঁকি নেননি নির্বাচকরা। অস্ট্রেলিয়ার নির্বাচকমণ্ডলীর চেয়ারম্যান অ্যান্ড্রু হিলডিচ বলেছেন, "বিশ্বকাপে সম্ভাব্য সেরা দল পাঠানোর ব্যাপারে প্যানেল দৃঢ় প্রতিজ্ঞ। সে কারণে প্রথম ম্যাচ থেকে পুরো ফিট ১৫ জনকে দলে চাই আমরা। আইসিসির টেকনিক্যাল কমিটির কাছে হাসির বদলে ফার্গুসনের অর্ন্তভূক্তির ব্যাপারে আবেদন করা হয়েছে।" রবিবার ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ শুরুর আগেই রিকি পন্টিং ও ব্রাড হ্যাডিন চোটমুক্ত হয়ে উঠবেন বলে তিনি আশাবাদী। দল: রিকি পন্টিং (অধিনায়ক), মাইকেল ক্লার্ক, ডুগ বোলিঞ্জার, ব্রাড হ্যাডিন, জন হেস্টিংস, জেসন ক্রেজা, মিশেল জনসন, ব্রেট লি, টিম পেইন, স্টিভেন স্মিথ, শন টেইট, শেন ওয়াটসন, ক্যামেরন হোয়াইট, ক্যালাম ফার্গুসন ও ডেভিড হাসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৪৩৩ ঘ.