ঢাকা, ফেব্র"য়ারি ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশের প্রথম বিশ্বকাপের নায়ক মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন, "নিজেদের মাটিতে বিশ্বকাপে বাংলাদেশের প্রতিটি মুহূর্ত হোক উপভোগ্য।"
বিডিনিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, "দেশের মাটিতে প্রথম বিশ্বকাপে দর্শক প্রত্যাশা অনেক উঁচু। সবাই ভালো ফল আশা করছেন।"
অন্য অনেকের মতো নান্নুও মনে করেন অনেক দূর যাবে টাইগাররা। তিনি বলেন, "আশা করছি অনেক দূর যাবে ওরা। তবে তার চেয়েও বেশি চাই প্রতিটি ম্যাচ ভালো খেলুক বাংলাদেশ। উপভোগ্য হোক প্রতিটি মিনিট, প্রতিটি বল।"
বিশ্বকাপে উত্তরসূরিরা নিজেদের উজাড় করে দেবে বলে দৃঢ়ভাবে বিশ্বাস করেন তিনি। তবে বাড়তি একটু দাবি রয়েছে ব্যাটসম্যানদের কাছে। তিনি বলেন, "একদিনের খেলায় রানই গুরুত্বপূর্ণ। ব্যাটসম্যানদের দায়িত্ব নিয়ে খেলতে হবে। স্কোর বোর্ডে যথেষ্ট রান জমা করতে না পারলে বোলাররা বিশেষ করে স্পিনাররা লড়াইয়ের পুঁজি পাবেন না।"
স্পিনাররাই বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি বলে মনে করছেন নান্নু। তবে ছোট পুঁজি নিয়েও তাদের লড়াই করার ক্ষেত্র তৈরি করে দিতে নতুন বলের বোলারদেরও শুরুতে উইকেট এনে দিতে হবে।
ব্যাটিং পাওয়ার প্লে নিয়ে বাংলাদেশের দুশ্চিন্তার অন্ত নেই। 'নিজেরা ব্যাট করুক কিংবা প্রতিপক্ষ ব্যাট করুক' দু'বারই চাপে থাকে টাইগাররা। পাওয়ার প্লে'র জন্য বিশেষ পরিকল্পনা নিচ্ছে বাংলাদেশ।
তবে পাওয়ার প্লে নিয়ে এতো ভাবনার কিছু দেখেন না নান্নু। তিনি বলেন, "পাওয়ার প্লে একটা জুয়ার মতো। শুধু ৫ ওভার নয় পুরো ৫০ ওভার নিয়েই ভাবা উচিৎ।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসএনএল/১৮১৭ ঘ.
bdnews24