ঢাকা, ফেব্র"য়ারি ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আবারো অস্ট্রেলিয়ার কাছে হার মেনেছে ইংল্যান্ড। বৃহস্পতিবার ষষ্ঠ একদিনের খেলায় স্বাগতিকরা ২ উইকেটে হারিয়েছে সফরকারীদের।
সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ৩৩৩ রান করে ইংল্যান্ড। রান তাড়া করতে গিয়ে ৮ উইকেটে জয়ের লক্ষ্য ৩৩৪ রানে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। তখনো হাতে ছিল ৪ বল।
এর ফলে সাত ম্যাচের একদিনের সিরিজে অস্ট্রেলিয়া ৫-১ ব্যবধানে এগিয়ে গেল।
বড় রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ইংল্যান্ডের বোলারদের ওপর চড়াও হন অস্ট্রেলিয়ার দুই উদ্বোধনী ব্যাটসম্যান শেন ওয়াটসন ও ব্রড হ্যাডিন। বিশেষ করে, ওয়াটসন। ৩৪ বলে ৫১ রান করে মাইকেল ইয়ার্ডির বলে অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউসের হাতে ধরা পড়েন ওয়াটসন। তার আগেই অবশ্য সাজঘরে ফেরেন হ্যাডিন (২০)।
তবে অস্ট্রেলিয়ার রান তোলার গতি কমেনি। অধিনায়ক মাইকেল ক্লার্ক দলের পক্ষে সবচেয়ে বেশি ৮২ রান করে দুর্ভাগ্যজনক রান-আউটের শিকার হন। এছাড়া মিচেল জনসন ৫৭, কালাম ফার্গুসন ৪৬ ও ডেভিড হাসি ৩৮ রান করেন।
ইংল্যান্ডের পক্ষে স্টিভেন ফিন ২ উইকেট নেন ৫১ রানে। এছাড়া জেমস অ্যান্ডারসন, মাইকেল ইয়ার্ডি ও কেভিন পিটারসেন ১টি করে উইকেট নেন।
এর আগে প্রথমে ব্যাট করে ইংল্যান্ড ৪১ রানে হারায় উদ্বোধনী ব্যাটসম্যান ম্যাট প্রায়রকে (১৮)। তবে অপর উদ্বোধনী ব্যাটসম্যান স্ট্রাউস ও জনাথন ট্রট ৮০ রান যোগ করেন দলের সঙ্গে।
৬৩ রান করে স্ট্রাউস সাজঘরের ফিরে গেলেও একদিনের ক্রিকেট-জীবনে তৃতীয় শতক ঠিকই আদায় করে নেন ট্রট। ১২৬ বলে ১৩৭ রান করেন তিনি। একদিনের ক্রিকেটে এটিই তার সর্বোচ্চ রানের ইনিংস।
এছাড়া ইয়ান বেল করেন ৪৫।
অস্ট্রেলিয়ার শন টেইট ২ উইকেট নেন ৫৯ রানে। এছাড়া ব্রেট লি, মিচেল জনসন, শেন ওয়াটসন ও স্টিভেন স্মিথ ১টি করে উইকেট নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/এসএনএল/১৮৫৮ ঘ.
bdnews24