২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অভিষেক হচ্ছে কউয়ানের, খেলছেন পন্টিং, হাসি

ভারতের বিপক্ষে বক্সিং ডে টেস্টে অলরাউন্ডার ড্যানিয়েল ক্রিস্টিয়ানকে ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। তবে গত গ্রীষ্মের অ্যাসেজ সিরিজের পর প্রথমবারের মতো টেস্ট খেলতে যাচ্ছেন বেন হিলফেনহস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2011, 05:07 AM

Updated : 24 Aug 2022, 05:27 PM

ঢাকা, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভারতের বিপক্ষে বক্সিং ডে টেস্টে অলরাউন্ডার ড্যানিয়েল ক্রিস্টিয়ানকে ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। তবে গত গ্রীষ্মের অ্যাসেজ সিরিজের পর প্রথমবারের মতো টেস্ট খেলতে যাচ্ছেন বেন হিলফেনহস। প্রথম টেস্ট শুরুর দু’দিন আগে অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্ক এগারো জনের দল ঘোষণা করতে গিয়ে জানান, তিন নম্বরে ব্যাট করবেন শন মার্শ। চোট থেকে ফিরে বৃহস্পতিবার রাতে বিগ ব্যাশ লিগে ভালো খেলার পুরস্কার হিসেবে বিবেচনা করা হচ্ছে একে। খেলায় অভিষেক ঘটতে যাচ্ছে উদ্বোধনী ব্যাটসম্যান এড কউয়ানের। চাপে থাকলেও দলের ‘সিনিয়র’ দুই সদস্য রিকি পন্টিং ও মাইকেল হাসি নিজ নিজ জায়গা ধরে রেখেছেন। দলে রাখা হয়েছে চার ‘স্পেশালিস্ট’ বোলারকে। শচীন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড়, বীরেন্দর শেবাগ ও ভিভিএস লক্ষ্মনের মতো ব্যাটসম্যানদের নিয়ে গড়া ভারতের শক্তিশালী ‘ব্যাটিং লাইন-আপ’র বিপক্ষে মাত্র চারজন বোলার নিয়ে মাঠে নামাকে অনেকে জুয়া খেলা বলে মনে করছেন। এ কথা মাথায় আছে ক্লার্কেরও। তাই তিনি পঞ্চম বোলার হিসেবে হাসি, পন্টিং, ডেভিড ওয়ার্নার ও নিজেকে ব্যবহার করার পরিকল্পনা নিয়েছেন। দল প্রসঙ্গে তিনি বলেন, “আমার মনে হয় টেস্ট ম্যাচ জয়ের মতো সঠিক একাদশ আমরা গঠন করতে করতে পেরেছি।” দল: ডেভিড ওয়ার্নার, এড কউয়ান, শন মার্শ, রিকি পন্টিং, মাইকেল ক্লার্ক (অধিনায়ক), মাইকেল হাসি, ব্র্যাড হ্যাডিন, পিটার সিডল, জেমস প্যাটিনসন, নাথান লায়ন ও বেন হিলফেনহস। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১০৫৮ ঘ.