২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিসবাহর ভাবনায় এখন শুধুই ইংল্যান্ড

বাংলাদেশ সফর শেষ হতে না হতেই পরের সিরিজ নিয়ে ভাবতে শুরু করে দিয়েছেন পাকিস্তানের অধিনায়ক মিসবাহ-উল হক। জানুয়ারি-ফেব্র“য়ারিতে সংযুক্ত আরব আমিরাতে ইংল্যান্ডের মুখোমুখি হবে পাকিস্তান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2011, 02:37 PM

Updated : 24 Aug 2022, 05:27 PM

ঢাকা, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ সফর শেষ হতে না হতেই পরের সিরিজ নিয়ে ভাবতে শুরু করে দিয়েছেন পাকিস্তানের অধিনায়ক মিসবাহ-উল হক। জানুয়ারি-ফেব্র“য়ারিতে সংযুক্ত আরব আমিরাতে ইংল্যান্ডের মুখোমুখি হবে পাকিস্তান। বাংলাদেশে সবগুলো ম্যাচ জিতে পাকিস্তান দল শুক্রবার দেশে ফিরেছে। দারুণ সাফল্যের সঙ্গে এ বছর শেষ করা পাকিস্তানের সামনে আগামী বছরের শুরুতেই কঠিন পরীক্ষা। আইসিসির টেস্ট র‌্যাংকিয়ে শীর্ষে থাকা ইংল্যান্ডের সঙ্গে পাঁচ নম্বর দল পাকিস্তানের প্রথম টেস্ট শুরু হবে ১৭ জানুয়ারি থেকে। ২০০৯ সালের মার্চের পর টেস্ট র‌্যাংকিংয়ে এটাই পাকিস্তানের সেরা অবস্থান । শুক্রবার লাহোরে ফিরে মিসবাহ বলেন, “ইংল্যান্ডের বিপক্ষে সিরিজটা আমাদের জন্য যেমন গুরুত্বপূর্ণ তেমনি কঠিনও বটে। ইংল্যান্ড বিশ্বের সেরা দল। তবে বর্তমান ছন্দ ধরে রাখতে পারলে আমরা যে কোনো দলকে হারানোর সামর্থ্য রাখি।” ২০১০ সালের ইংল্যান্ড সফরে স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িয়ে পাকিস্তান দলের নেতৃত্ব হারান সালমান বাট। এরপর ১৩টি টেস্টে নেতৃত্ব দিয়েছেন মিসবাহ। এর মধ্যে ছয়টিতে জিতেছে পাকিস্তান, হেরেছে মাত্র একটি আর বাকি ছয়টি ড্র। তবে মিসবাহ মনে করেন তাদের আরো উন্নতি করতে হবে। এ প্রসঙ্গে তিনি বলেন, “আমরা বেশ ভালো খেললেও এখনো এমন কিছু ভুল রয়েছে যেগুলো থেকে উত্তরণ প্রয়োজন। ক্রিকেটাররাসহ দলের সবাই আরো উন্নতি করতে বদ্ধপরিকর। কারণ ইংল্যান্ডের বিপক্ষে সিরিজটা খুবই কঠিন হবে।” “বাংলাদেশ সফরে আমাদের লক্ষ্য ছিলো নৈপুণ্যের ধারাবাহিকতা ধরে রাখা, ভুল শোধরানো এবং র‌্যাঙ্কিংয়ে উন্নতি। এই লক্ষ্যগুলোর প্রায় সবই পূরণ হয়েছে,” যোগ করেন তিনি। বাংলাদেশ সফরের আগে সংযুক্ত আরব আমিরাতে শ্রীলঙ্কাকে তিন ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ও পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ৪-১ ব্যবধানে হারিয়েছিলো পাকিস্তান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২০৩১ঘ.