ঢাকা, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মেলবোর্ন ক্রিকেট মাঠে (এমসিজি) বৃহস্পতিবার শেন ওয়ার্নের ব্রোঞ্জের মূর্তি উন্মোচন করা হয়েছে। অস্ট্রেলিয়ার ক্রীড়াঙ্গনে অসামান্য অবদান রাখা আরো ১০ জনের সঙ্গে এখন শোভা পাচ্ছে সর্বকালের সেরা লেগস্পিনারের মূর্তিও।
টেস্টে ৭০৮টি উইকেটের মালিক ওয়ার্ন তার ৭০০তম উইকেটটি নিয়েছিলেন ঘরের মাঠ এমসিজিতেই।
এ বছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শেষে সব ধরণের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন ওয়ার্ন। তবে বেশি দিন ক্রিকেট ছেড়ে থাকতে পারেননি ৪২ বছর বয়সী স্পিন-কিংবদন্তী। অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতা বিগ ব্যাশ লিগ দিয়ে গত সপ্তাহে আবার প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছেন তিনি।
মূর্তি উন্মোচন অনুষ্ঠানে মজা করে ওয়ার্ন বলেন, “এটা ৩০০ কিলো ওজনের একটি মূর্তি। আমার খেলোয়াড়ি-জীবনের চেহারার মতোই এটি সুন্দর।”
“আমার জন্য এটা দারুণ সম্মানজনক ঘটনা। এত উঁচুতে নিজেকে দেখতে পাওয়া বেশ বিব্রতকর। তবে সব মিলিয়ে আমি ভীষণ গর্বিত,” যোগ করেন তিনি।
প্রায় পাঁচ বছর আগে টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেও অস্ট্রেলিয়ায় এখনো দারুণ জনপ্রিয় ওয়ার্ন। তিনি অংশ নেয়ায় এবারের বিগ ব্যাশ লিগের প্রতি অস্ট্রেলিয়ার ক্রিকেটপ্রেমীদের আগ্রহ অনেকখানি বেড়ে গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২০২২ঘ.
bdnews24