২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হারলেও দলের অর্জনে সন্তুষ্ট মুশফিক

এক সময় ড্রয়ের পথে এগোতে থাকলেও যথারীতি আরেকটি হারের দুঃখ বাংলাদেশের সঙ্গী। তবে দ্বিতীয় ও শেষ টেস্টে হার মানলেও বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিমের বিশ্বাস, এই ম্যাচে তাদের প্রাপ্তির তালিকা নেহাত কম নয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2011, 02:05 PM

Updated : 24 Aug 2022, 05:26 PM

ঢাকা, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এক সময় ড্রয়ের পথে এগোতে থাকলেও যথারীতি আরেকটি হারের দুঃখ বাংলাদেশের সঙ্গী। তবে দ্বিতীয় ও শেষ টেস্টে হার মানলেও বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিমের বিশ্বাস, এই ম্যাচে তাদের প্রাপ্তির তালিকা নেহাত কম নয়। বুধবার ম্যাচ শেষে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মুশফিক বলেন, “এই টেস্টের পাঁচটা দিন আমরা মোটামুটি ভালো খেলেছি। প্রতিদিনই আমাদের কিছু না কিছু অর্জন রয়েছে।” “আমাদের দলে বেশ কিছু ব্যক্তিগত নৈপুণ্যের ঝলক ছিলো এই সিরিজে। ব্যাট-বল হাতে দারুণ একটা সিরিজ কেটেছে সাকিব আল হাসানের। অভিষেক টেস্টে ভালো ব্যাটিং করেছেন নাজিমউদ্দিন। নাসির হোসেনও ব্যাট হাতে ছিলেন উজ্জ্বল। এই ম্যাচের প্রথম ইনিংসে শাহরিয়ার নাফীস ভালো খেলেছেন,” যোগ করেন তিনি। মুশফিক বলেন, “দ্বিতীয় টেস্টে কয়েকজন অনেকক্ষণ ধরে ব্যাট করেছেন। আসলে উন্নতি করতে হলে আমাদের আরো বেশি টেস্ট খেলতে হবে। হুট করে টেস্ট খেলা যায় না।” বাংলাদেশের অধিনায়ক প্রশংসা করেছেন বোলারদেরও। তিনি বলেন, “বোলাররা খুব ভালো করেছেন। তাদের মাধ্যমে অনেকগুলো সুযোগ তৈরি হয়েছিলো। কিন্তু আমাদের ফিল্ডিং খুবই বাজে হয়েছে। সুযোগগুলো কাজে লাগাতে পারলে এই ম্যাচের চিত্র অন্যরকমও হতে পারতো।” “আমরা বেশ কিছু ভুল করেছি। এমন সময় ভুলগুলো করেছি যেখান থেকে আর ঘুরে দাঁড়ানোর কোনো পথ ছিলো না। এ ধরনের ভুলের পুনরাবৃত্তি বন্ধ করতে হবে,” যোগ করেন তিনি। দ্বিতীয় টেস্টের ফলাফল প্রসঙ্গে মুশফিক বলেন, “শেষটা আরো ভালো হতে পারতো। গতকাল (মঙ্গলবার) ৫ উইকেট পড়ে যাওয়ার পর মনেই হয়নি এতোক্ষণ ধরে খেলতে পারবো। তবে আজকে (বুধবার) প্রথম সেশনে আমরা ভালো ব্যাটিং করেছি। দ্বিতীয় সেশনের পুরোটা খেলতে পারলে শেষটা অন্যরকমও হতে পারতো।” নিজের আউট নিয়েও কথা বললেন মুশফিক। তিনি বলেন, “নাসির আউট হয়ে যাওয়ার পর আমার সঙ্গে শুধু বোলাররা ছিলেন। তার ৪ ওভার পরই ওরা নতুন বল নিতে পারতো। আমি তাই চেয়েছিলাম একটু দ্রুত খেলে ২০/৩০ রান যোগ করতে। পরিকল্পনাটা ঠিকই ছিলো, কিন্তু তা কাজে লাগাতে পারিনি। আমি থাকলে হয়তো আরো ২০/২৫ মিনিট বেশি খেলতে পারতাম। এটা ভেবে খারাপ তো লাগছেই।” আগামী এপ্রিলে পাকিস্তান সফরের আগে প্রস্তুতি হিসেবে কয়েকটি চার দিনের ম্যাচ খেলার সংকল্পের কথাও জানান মুশফিক। মিসবাহ-উল-হক জানান, আলোক-স্বল্পতার কারণে ১৫ ওভার আগেই খেলা শেষ করতে চেয়েছিলেন তারা। লক্ষ্য পূরণ হওয়ায় পাকিস্তানের অধিনায়ক খুশি। তবে স্বস্তিকর জয় পেলেও এই টেস্টে বাংলাদেশ ভালোই লড়াই করেছে বলে মনে করেন মিসবাহ। তিনি বলেন, “বাংলাদেশ উন্নতি করছে। এই ম্যাচে তারা আমাদের চাপের মধ্যে ফেলে দিয়েছিলেন। ওদের ব্যাটসম্যানরা যেমন ভালো খেলেছেন তেমনি বোলাররা আমাদের রান করা বেশ কঠিন করে তুলেছিলেন।” “তবে ওদের আরো ধারাবাহিক হতে হবে। জুটি গড়ে তোলা শিখতে হবে। উইকেটে পড়ে থাকাটাও রপ্ত করতে হবে,” যোগ করেন তিনি। মিসবাহ আরো বলেন, “নাসির ও মুশফিক যখন ব্যাট করছিলেন তখন আমাদের কোনো পরিকল্পনাই কাজে আসছিলো না। সে সময় আমরা নতুন বলের অপেক্ষায় ছিলাম। তবে বোলাররা দুই/তিন ওভার মেডেন পেয়ে যাওয়ায় বাংলাদেশের ব্যাটসম্যানরা চাপের মধ্যে পড়ে যান। তাই পরে আর নতুন বল নেয়ার প্রয়োজন হয়নি।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৯৫৬ঘ.